পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া যায়নি বলে কানাডার আদালত যে রায় দিয়েছেন, তা বাংলাদেশের জনগণ ও সরকারের জন্য স্বস্তিদায়ক। এই প্রকল্প নিয়ে পাঁচ বছর ধরে যে বিতর্ক চলে আসছিল এই রায়ের মধ্য দিয়ে তা একটি পরিণতি পেল। কানাডার আদালত অভিযুক্ত তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের নির্দোষ ঘোষণা করে খালাস দিয়েছেন। ফলে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের যে অভিযোগ এনেছিল, তা কার্যত অকার্যকর হয়ে গেছে। বিশ্বব্যাংকের অভিযোগ অনুযায়ী, কানাডীয় কোম্পানি এসএনসি-লাভালিনকে কাজ পাইয়ে দিতে দুর্নীতির চেষ্টা হয়েছে, যার সঙ্গে বাংলাদেশের সরকারি, বেসরকারি কর্মকর্তা ও এসএনসি-লাভালিনের কর্মকর্তারা জড়িত। কিন্তু আদালতের রায়ে জানানো হয়েছে, এই অভিযোগের পক্ষে উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি।
উল্লেখ্য, পদ্মা সেতু প্রকল্পে ১২০ কোটি মার্কিন ডলার ঋণ দেওয়ার কথা ছিল বিশ্বব্যাংকের। কিন্তু দুর্নীতির চেষ্টার অভিযোগ এনে ২০১২ সালে এ প্রকল্প থেকে সরে দাঁড়ায় বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের নেতিবাচক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রকল্প থেকে এডিবি ও জাইকাও সরে দাঁড়ায়। অবশ্য এর অাগেই বাংলাদেশ সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করার সিদ্ধান্ত নেয় এবং প্রকল্পের কাজও শুরু করে। বর্তমানে পদ্মা সেতুর কাজ ৪০ শতাংশের মতো শেষ হয়েছে।
কিন্তু ইতিমধ্যে পাঁচটি বছর পার হয়ে গেছে। যে প্রকল্প ২০১৫-১৬ সালে শেষ হওয়ার কথা, সেটি শেষ হতে এখন আরও দুই বছর লাগবে। খরচও বাড়বে উল্লেখযোগ্য পরিমাণে। মামলায় অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে নিশ্চয়ই বাংলাদেশকে এর দায় নিতে হতো। এখন তাঁদের বিরুদ্ধে যখন আদালতে অভিযোগ প্রমাণ করা যায়নি, তখন বিশ্বব্যাংক সেই দায় এড়াতে পারে না।
এই রায়ে আরও পরিষ্কার হলো যে বিশ্বব্যাংক যেভাবে দুর্নীতির অভিযোগ তদন্ত ও অভিযোগ উত্থাপন করে, সেখানে পদ্ধতিগত কোনো ঘাটতি রয়েছে। অভিযোগ প্রমাণ হওয়ার আগে পদ্মা সেতু প্রকল্প থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়াকে কোনোভাবেই যৌক্তিক বিবেচনা করা যায় না। তারা পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়ালেও অন্যান্য প্রকল্পে যথারীতি সহায়তা করেছে। বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসাও করে গেছেন সংস্থাটির পদাধিকারীরা।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় থেকে পাঠানো বিবৃতিতে সংস্থার সহায়তাপুষ্ট প্রকল্পে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ খুব গুরুত্বের সঙ্গে নিয়ে এর তথ্য-উপাত্ত সংশ্লিষ্টদের দেওয়া হয় বলে জানানো হয়েছে। সেই তথ্য-উপাত্ত যে যথেষ্ট ছিল না, কানাডীয় আদালতের রায়ের পর সেটা প্রমাণিত হলো।
এখন বিশ্বব্যাংক কী বলবে?