রাজধানীর বাজারে আরেক দফায় চালের দাম বেড়ে যাওয়ার খবর উদ্বেগজনক। প্রথম আলোর খবর অনুযায়ী, ঢাকার খুচরা বাজারে এখন কম দামি মোটা চাল প্রতি কেজি ৪০ থেকে ৪২ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের চাল ৪৭ থেকে ৫০ টাকা কেজি। সরু মিনিকেট চালের কেজি চলছে ৫৫ থেকে ৫৭ টাকা। এ ছাড়া নাজিরশাইল ৫৪ থেকে ৫৬ টাকা ও সেরা মানের নাজিরশাইল ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বোরো মৌসুমের ধান ওঠা শেষে সাধারণত চালের দাম কমে যায়। এবার বাড়তির দিকে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত বছরের এ সময়ের তুলনায় মোটা চালের দাম ২২ শতাংশ বেশি। আর সরু চাল ১৫ ও মাঝারি চাল ১০ শতাংশ বেশি দামে বিক্রি হচ্ছে। ঈদুল আজহার পরে চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে তিন টাকা।
খাদ্য অধিদপ্তর বলেছে, বাজারে চালের কোনো ঘাটতি নেই। সরকারের গুদামেও যথেষ্ট মজুত আছে। অন্যদিকে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, এবারের বোরোর ফলন ভালো হয়েছে। বন্যার আগেই বোরো কাটা হয়ে গেছে। বন্যার কারণে আমনের ফলন যদি কিছুটা কমও হয়, ডিসেম্বরের আগে বাজারে তার প্রভাব পড়ার কথা নয়।
তারপরও বাজারে চালের দাম বেড়ে যাওয়ার কারণ কী? বিভিন্ন সূত্র বলছে, তিনটি কারণে চালের দাম বেড়েছে। করোনার কারণে গ্রামীণ অর্থনীতি চাঙা হয়েছে। অনেকে অন্য কোথাও বিনিয়োগ না করতে পেরে ধান কিনে রাখছেন। তাঁরা খুদে বা প্রান্তিক কৃষক নন। ধনী ও প্রভাবশালী কৃষক, যাঁদের অনেকে ক্ষমতাসীন দলের সঙ্গে যুক্ত।
দেশে মজুতবিরোধী আইন আছে। এ আইন প্রয়োগ করতে হলে কার কাছে কী পরিমাণ চাল মজুত আছে, সেটিও জানা দরকার। চাল আমদানি নিয়ে কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের অবস্থান পরস্পরবিরোধী। কৃষি মন্ত্রণালয়ের মতে, চাল আমদানি হলে বাজার পড়ে যাবে এবং কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। অন্যদিকে গত ৭ জুলাই খাদ্য মন্ত্রণালয় চাল আমদানির কথা জানিয়ে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে। সাধারণত আমদানির খবরে চালের দাম কমে যায়। এবার উল্টো বেড়ে চলেছে। এটি ভালো লক্ষণ নয়। এ ব্যাপারে খাদ্য পরিবিধান ও মূল্যায়ন কমিটির সক্রিয় ভূমিকা প্রত্যাশিত।
সরকারকে মনে রাখতে হবে, নিত্যপ্রয়োজনীয় কোনো পণ্যের দাম একবার বেড়ে গেলে সেটি নামানো কঠিন। তাই চালের দাম বেড়ে যাওয়ার প্রবণতা এখনই রুখতে হবে। খাদ্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আনতে হবে। চালের ওপর সরকারের আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে হবে। সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা আছে, এমন ব্যবসায়ীরা বলেছেন, আমদানি শুল্ক বেশি কমালে কৃষক ক্ষতিগ্রস্ত হবেন। তাই সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। তার আগে চালের মজুত কত, চাহিদা কত, সে বিষয়ে নির্ভুল তথ্য জানা দরকার।
কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ দেখতে হবে। সব কৃষকই যেমন গরিব নন, তেমনি সব ক্রেতাও ধনী নন। ক্রেতাদের একটা বড় অংশ দিন আনা দিন খাওয়া মানুষ। এক বছরের ব্যবধানে ২২ শতাংশ চালের দাম বেড়ে যাওয়া আমাদের ২০১৭ সালের কথাই মনে করিয়ে দেয়। সে রকম পরিস্থিতি যাতে তৈরি না হয়, সে জন্য এখনই চালের বাজার নিয়ন্ত্রণ করুন।