এখনই প্রতিকারের ব্যবস্থা নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণের পর হত্যার মতো পীড়াদায়ক ঘটনাগুলো জাতি হিসেবে আমাদের কুরে কুরে খাচ্ছে। এসব অপরাধ যে হারে বাড়ছে, তা সভ্য সমাজে বিরল। মঙ্গলবার রাজধানীতে তিন শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত এক সপ্তাহে রাজধানীতে অন্তত পাঁচ শিশুসহ ছয়জন ধর্ষণ ও ধর্ষণচেষ্টার শিকার হয়েছে।
সম্প্রতি মহিলা পরিষদের সংবাদ সম্মেলনে প্রকাশিত আরও উদ্বেগজনক তথ্যে নাগরিক সমাজ আতঙ্ক বোধ না করে পারে না। তাদের হিসাব অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে ২ হাজার ৪৪৭ জন নারী নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ৫৭৫টি, গণধর্ষণের শিকার হয়েছেন ১১৪ জন ও ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৫১ জনকে। যৌতুকের কারণে হত্যা করা হয়েছে ১১৬ জনকে। নারী নির্যাতনের হার আতঙ্কজনকভাবে বেড়ে যাওয়ায় সরকার ও পুলিশ প্রশাসনের নড়েচড়ে বসা উচিত, কিন্তু সে রকম লক্ষণ খুব স্পষ্ট নয়।
বাংলাদেশ সংবিধানে রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভের কথা বলা হলেও নারীর প্রতি বৈষম্য আজও প্রকট। নারীর প্রতি সহিংসতা রোধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, বাল্যবিবাহ নিরোধ আইন, যৌতুক নিরোধ আইনসহ অনেক আইন রয়েছে। কিন্তু এসব আইনের সুষ্ঠু প্রয়োগ, বিচার ও শাস্তি না হওয়ায় নারী ও শিশু নির্যাতনের মাত্রা বেড়েছে।
শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাস, প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করাসহ বেশ কিছু সূচকে এগিয়ে থাকলেও লৈঙ্গিক মাপকাঠিতে ১৭৪টি দেশের মধ্যে বাংলাদেশের ৪৪তম অবস্থান হতাশাজনক।
নারী ধর্ষণ-নির্যাতন রোধের দায়িত্বটি সরকারের অগ্রাধিকার তালিকায় এক নম্বরে রাখতে হবে। প্রশাসন ও পুলিশকে বিশেষ নির্দেশ দিলে হয়তো পরিস্থিতির আরও অবনতি রোধ করা সহজ হবে। এ উদ্দেশ্যে কেন্দ্রীয়ভাবে একটি সেল খুলে নিয়মিত তদারকির ব্যবস্থা চালু করা হোক। দেশকে এ কলঙ্কের বোঝা থেকে মুক্ত করতেই হবে।