সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি রোববার সকাল ছয়টা থেকে দক্ষিণাঞ্চলের ২১ জেলায় যে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে, তা সম্পূর্ণভাবে অযৌক্তিক। লাখ লাখ মানুষের চলাচল বন্ধ করে দিয়ে, ব্যবসা-বাণিজ্যের বিপুল ক্ষতিসাধন করে বিচার কার্যক্রমে চাপ সৃষ্টির এমন জবরদস্তিমূলক পন্থা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
ধর্মঘট আহ্বানকারীদের দাবির কথাটা বিবেচনায় নেওয়া যাক। ২০১১ সালের ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত হন চলচ্চিত্রকার তারেক মাসুদ ও টিভি সাংবাদিক মিশুক মুনীর। তাঁদের বহনকারী মাইক্রোবাসকে ‘চুয়াডাঙ্গা ডিলাক্স’ নামের একটা বাস চাপা দিলে তাঁদের মৃত্যু হয়। এই বাস কোম্পানির বিরুদ্ধে একটা ক্ষতিপূরণের মামলা বিচারাধীন। সিলেটে সড়ক দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণের আরেকটি মামলা রয়েছে গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই মামলা দুটি প্রত্যাহার করতে হবে—এই দাবিতে দক্ষিণাঞ্চলের ২১টি জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
বিচারাধীন মামলা আইনানুগভাবে লড়ে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করার পরিবর্তে খোদ মামলাই প্রত্যাহার করার উদ্ভট দাবিতে সব যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার মধ্য দিয়ে নিজেদের আইনকানুনের ঊর্ধ্বে রাখার ঔদ্ধত্যের প্রকাশ ঘটে। পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলোর নেতারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানির দায়দায়িত্ব নিতে অস্বীকৃতি জানিয়ে জনগণকে জিম্মি করে আইন প্রয়োগ-ব্যবস্থার বাইরে থাকার যে প্রবণতা দেখান, তা এসব সংগঠনের নৈতিক অবস্থানকেই দুর্বল করে দেয়। যানবাহনের চালকেরা বেপরোয়াভাবে যান চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে মানুষের প্রাণহানি ঘটাবেন, তারপর তাঁদের বিচারের মুখোমুখি হওয়া থেকে রক্ষা করতে সংগঠনের নামে হরতাল-ধর্মঘট ইত্যাদির ডাক দেওয়া হবে—এমন চর্চা অবশ্যই বন্ধ করা উচিত।
সবারই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত, বিচার–প্রক্রিয়া এড়ানোর লক্ষ্যে সংঘবদ্ধভাবে জনদুর্ভোগপূর্ণ কর্মসূচি থেকে বিরত থাকা উচিত। উল্লিখিত দুটি ক্ষতিপূরণের মামলার বিচার–প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা রেখে, দক্ষিণাঞ্চলের লাখ লাখ মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে দক্ষিণাঞ্চলের এই ধর্মঘট এখনই প্রত্যাহার করা হোক।