এখনই হরতাল-অবরোধ তুলে নিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক কর্মসূচি হিসেবে হরতাল–অবরোধের কার্যকারিতা সম্পূর্ণভাবে নিঃশেষিত হয়েছে। এই কর্মসূচি রূপান্তরিত হয়েছে এমন জবরদস্তিমূলক তৎপরতায়, যাতে জনসাধারণ সন্ত্রাস-নাশকতার কাছে জিম্মি হয়ে পড়ে। বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট প্রায় দেড় মাস ধরে বিরতিহীনভাবে চলমান অবরোধের মধ্যেই সর্বশেষ তিনটি সপ্তাহের সব কার্যদিবসে হরতাল ডেকে হরতালের অন্তঃসারশূন্যতা দৃশ্যমানভাবে প্রমাণ করেছে। এখন তাদের নিজেদের স্বার্থেই উচিত এই বাতিল ও গণধিক্কৃত ‘রাজনৈতিক কর্মসূচি’ আস্তাকুঁড়ে নিক্ষেপ করা।
বিএনপির কোনো না কোনো নেতা অজ্ঞাত স্থান থেকে অবরোধ–হরতালের ডাক দিয়ে চলেছেন, কিন্তু সেই ডাকে কেউ সাড়া দিচ্ছে না। রাস্তাঘাটে যানবাহন চলছে, ব্যস্ত সড়কে যানজট লেগে যাচ্ছে, দোকানপাট, অফিস-আদালত সবই চলছে। মোদ্দা কথা জনগণ হরতাল প্রত্যাখ্যান করছে।
বিএনপি ও তার মিত্র দলগুলো যদি অবরোধ–হরতালের সময় নাশকতা করে জনমনে আতঙ্ক সৃষ্টি ও তাকে পুঁজি করতে চায়, তাহলে বলতে হবে যে আত্মঘাতী অশুভ চিন্তা তাদের পেয়ে বসেছে। পেট্রলবোমার আগুনে নিরীহ সাধারণ মানুষের পুড়ে অঙ্গার হওয়াসহ নানান সহিংসতা ও নাশকতার দায় তাদের নিতেই হবে। কারণ, তারা অবরোধ-হরতাল ডাকছে বলেই এই ঘটনাগুলো ঘটার পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
উপরন্তু এসব কর্মসূচির মধ্য দিয়ে বিরোধী জোটের এই অশুভ মনোবৃত্তির প্রকাশ ঘটছে যে, হরতাল–অবরোধ স্বতঃস্ফূর্তভাবে কার্যকর হোক বা না হোক, নিরাপত্তাহীন পরিবেশ সৃষ্টির মধ্য দিয়ে নিরীহ সাধারণ মানুষের প্রাণহানি, ধ্বংসযজ্ঞ ও জনদুর্ভোগ সৃষ্টি করাই তাদের উদ্দেশ্য। নইলে অবরোধের মধ্যেই কেন মাধ্যমিক ও সমমানের পরীক্ষাগুলোর পৌনে ১৫ লাখ পরীক্ষার্থীকে চরম হতাশার মধ্যে নিক্ষেপ করা হবে? কেন পরীক্ষা শুরুর ঠিক আগের দিন থেকে শুরু প্রতিটি পরীক্ষার দিন যাতে হরতাল পড়ে, সেইভাবে হরতাল ডাকা হচ্ছে? এটা কী ধরনের রাজনীতি?
বিএনপিসহ ২০-দলীয় জোটের উদ্দেশে আমরা বলতে চাই, অবরোধ বা হরতালের পক্ষে আর কোনো যুক্তি নেই। জনদুর্ভোগমুক্ত রাজনীতি চাই। আমরা আর কোনো অবরোধ–হরতাল আহ্বান শুনতে চাই না।