এগিয়ে চলেছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ‘চমৎকার অগ্রগতির’ স্বীকৃতি যখন প্রভাবশালী কোনো আন্তর্জাতিক গণমাধ্যম থেকে পাওয়া যায়, তখন তা উদ্যাপন করার মতোই একটি বিষয়। বাংলাদেশ সত্যিই এগিয়ে যাচ্ছে। সবচেয়ে বড় কথা, এই যে অগ্রগতি, তা দেশটির ‘অকার্যকর’ রাজনীতির বাধাকে উপেক্ষা করেই অর্জিত হয়েছে। আমাদের আফসোস, যদি কার্যকর রাজনীতির আলো-বাতাস দেশটির ভাগ্যে জুটত, তবে এই এগিয়ে চলা আরও কত বেগবান হতো!যুক্তরাজ্যের ইকোনমিস্ট সাময়িকীর ‘বাংলাদেশ অ্যান্ড ডেভেলপমেন্ট, দ্য পাথ থ্রু দ্য ফিল্ডস’ নিবন্ধটির মূল্যায়ন হচ্ছে, আর্থসামাজিক ক্ষেত্রে গত ২০ বছরে বাংলাদেশ বেশ কিছু ‘বড় অর্জন’ করেছে। ইকোনমিস্ট-এর প্রতিবেদন বলছে, বাংলাদেশের মানুষ বন্যা ও ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করছে, দেশটিতে খনিজ ও প্রাকৃতিক সম্পদের তেমন মজুদও নেই। যে দেশটির ভবিষ্যৎ নিয়ে শুরুতে সংশয় ছিল, সেই দেশটিই নানা ক্ষেত্রে বড় অর্জন করেছে। বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন ভারতের চেয়ে বেশি, শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি উল্লেখ করার মতো। নারীর ক্ষমতায়ন, গ্রামীণ জনগোষ্ঠীর আয় কমতে না দিয়ে ধরে রাখা, ধান উৎপাদন একাত্তর সালের তুলনায় তিন গুণ বৃদ্ধি, অপুষ্টির হার আগের তুলনায় উল্লেখযোগ্য হারে কমা—এসবই দেশটির সফলতার কারণ। একটি অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতেও এই অগ্রগতি অর্জন সত্যিই উৎসাহব্যঞ্জক। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এই অগ্রগতিতেই সন্তুষ্ট থাকব, নাকি একটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টির মাধ্যমে দেশটির উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যাব?অকার্যকর রাজনৈতিক পরিবেশে দেশটির এই যে অগ্রগতি, এর কৃতিত্ব মূলত দেশটির কষ্টসহিষ্ণু ও পরিশ্রমী জনগোষ্ঠীর প্রাপ্য। তবে গত ২০ বছরে কৃষি ও আর্থসামাজিক ক্ষেত্রে সরকারগুলোর অনেক কার্যকর নীতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় অর্থ ব্যয়ে বাংলাদেশ যে বর্তমানে অধিকাংশ নিম্ন আয়ের দেশের চেয়ে এগিয়ে, এই কৃতিত্ব সরকারকেই দিতে হবে। ইকোনমিস্ট-এর প্রতিবেদনে এই অগ্রগতির পেছনে ব্র্যাক ও গ্রামীণসহ বেসরকারি সংস্থাগুলোর ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। আমাদের দেশের রাজনৈতিক নেতৃত্ব ও সরকারগুলো দেশের সুশীল সমাজের ভূমিকা নিয়ে যতই নিন্দা-মন্দ করুক, ইকোনমিস্ট বলছে, গত ২০ বছরের গণতান্ত্রিক শাসনের ‘কলুষিত হানাহানিকর’ পরিস্থিতিতে সামাজিক কর্মসূচির পক্ষে একটি মতৈক্য রক্ষা করে চলেছে এই গোষ্ঠী।ইকোনমিস্ট-এর এই উৎসাহব্যঞ্জক প্রতিবেদন দেশবাসীকে উজ্জীবিত করুক, সেটাই আমাদের প্রত্যাশা। দেশটির সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে বিদ্যমান অকার্যকর রাজনৈতিক পরিস্থিতিকে কার্যকর করা। দেশটির রাজনৈতিক নেতৃত্বের শুভবুদ্ধি ও শুভবোধের উদয়ই এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে পারে। বাংলাদেশের মানুষ এখন এরই প্রতীক্ষা করছে।