পবিত্র রমজান আসে ধর্মীয় ভাবগাম্ভীর্য নিয়ে, সংযম সাধনাই এ মাসের মূল চেতনা। রোজাদার সবারই প্রয়াস থাকে সংযম সাধনের মধ্য দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের। সারা পৃথিবীর সব মুসলমানের ক্ষেত্রেই এ কথা বলা যায়। তবে পৃথিবীর সব অঞ্চলে মুসলমান সম্প্রদায়ের রোজা পালনের রীতি-আচারগুলো একই রকমের নয়। স্থানীয় সংস্কৃতিভেদে এর তারতম্য লক্ষ করা যায়। উৎসবপ্রিয় বাঙালি মুসলমানের ইফতার দিনে দিনে বৈচিত্র্যময় হয়ে উঠেছে। বিশেষত শহরাঞ্চলে ইফতার গ্রহণ করা হয় বেশ ঘটা করে; ইফতার আয়োজনে আড়ম্বর থাকে। ইফতারসামগ্রীর চাহিদা বেশ বেড়ে যায়। মূল্যবৃদ্ধি নিয়ে জনগণের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ করা গেলেও ইফতার গ্রহণ শেষ পর্যন্ত একধরনের আনন্দময় প্রথাই হয়ে উঠেছে।
ইফতারের মুহূর্ত এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ঘরে ঘরে, অফিস-আদালতে, বিপণিবিতানে ব্যস্ততা শুরু হয়। সাড়া পড়ে যায় ইফতারির বাজারে, কর্মব্যস্ত মানুষ ঘরের পথে ছোটেন, রাস্তায় ভিড় জমে ওঠে, কোথাও কোথাও বেঁধে যায় যানজট। ইফতারের উপাদানগুলোও বছরের অন্য সময় থেকে ভিন্ন। অধিকাংশই মুখরোচক খাবার, স্বাস্থ্যসচেতনতার চেয়ে রসনাতৃপ্তি আর উৎসবের আমেজই এ ক্ষেত্রে বেশি কাজ করে। আর একটা বিষয় বেশ সুখকর: অফিস-আদালতে, বিপণিবিতানে, এমনকি রাস্তার পাশেও রোজাদার মানুষ ইফতারের সময় একত্র হন। প্রতিবেশীদের মধ্যে ইফতারি বিনিময় হয়। ইফতার আয়োজনে জাতীয় অর্থনৈতিক উন্নয়নেরও প্রতিফলন ঘটে।
অবশ্য এই চিত্র শহরাঞ্চলের। গ্রামাঞ্চলের ইফতার এতটা বৈচিত্র্যপূর্ণ নয়। তবে সেখানেও ইফতার গ্রহণকে কেন্দ্র করে আর্থিক অবস্থাভেদে নানা আয়োজন চলে। কি শহরে, কি গ্রামে ইফতার বাঙালি মুসলমানের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে। ইফতারের খাবার সম্পর্কে সচেতনতা সৃষ্টির প্রয়োজনীয়তাও ইদানীং বলা হচ্ছে। পত্রপত্রিকায় ও সম্প্রচারমাধ্যমে ভাজাপোড়া, অতিমাত্রায় তেলযুক্ত খাবার এড়িয়ে স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। এটাও গুরুত্বপূর্ণ বিষয়। কেননা, এর সঙ্গে জাতীয় স্বাস্থ্য জড়িত।