এডিপি কাটছাঁট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পত্রিকান্তরে আগামী অর্থবছরে (২০১৬-১৭) বাজেটের আকার সাড়ে তিন লাখ কোটি টাকায় উন্নীত হবে বলে যে খবর ছাপা হয়েছে, তাতে আশান্বিত হওয়া যেত, যদি সেটি যথাযথভাবে বাস্তবায়িত হওয়ার নিশ্চয়তা থাকত। প্রতিবছর উচ্চাভিলাষী বাজেট প্রণয়ন করা হলেও তার বাস্তবায়ন প্রক্রিয়া আশাব্যঞ্জক নয়। এ ক্ষেত্রে সাধ ও সাধ্যের ঘাটতি কতটা আর সংশ্লিষ্টদের দায়িত্বহীনতা কতটা কাজ করেছে, তা পর্যালোচনার দাবি রাখে।
চলতি অর্থবছরে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেটে এডিপির বরাদ্দ ৯৭ হাজার কোটি টাকা। অনেকের মতে, এটি অতি উচ্চাভিলাষী হলেও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বাস্তবায়ন সম্ভব। কিন্তু অর্থবছরের ছয় মাস পার হতে চললেও বার্ষিক উন্নয়ন পরিকল্পনার (এডিপি) বাস্তবায়নের হার খুবই মন্থর। কোনো কোনো মন্ত্রণালয়ের বরাদ্দের ১০ শতাংশও ব্যয় করতে না পারা দুর্ভাগ্যজনক।
অন্যদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) চলতি অর্থবছরে ৮২টি প্রকল্প বাছাই করেছে, যার মধ্যে ৬৪টি প্রকল্পের বাস্তবায়ন ৫ শতাংশের কম এবং ২৮টি প্রকল্পে এখনো কোনো টাকা খরচ হয়নি। আইএমইডি যে ১৮টি প্রকল্প স্থবির হিসেবে চিহ্নিত করেছে, তার মধ্যে ১০ বছর আগে নেওয়া প্রকল্পও আছে। মংলা বন্দর কর্তৃপক্ষ ২০০৬ সালে পশুর নদের চ্যানেলের আউটবারে ড্রেজিং প্রকল্প নিলেও এখন পর্যন্ত এক টাকাও খরচ হয়নি। ২০১০ সালে নেওয়া কুমিল্লা শিল্পনগর প্রকল্পের পরিণতিও অভিন্ন।
একটি উন্নয়ন প্রকল্প হাতে নেওয়ার পর ১০ বছরেও বাস্তবায়ন প্রক্রিয়া শুরু না হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কেন এবং কাদের কারণে এসব হচ্ছে, তার অনুসন্ধান জরুরি। অনেক ক্ষেত্রেই ব্যয় বরাদ্দ বাড়ানোর উদ্দেশ্যে বাস্তবায়ন প্রক্রিয়া বিলম্বিত করা হয়। এক বছরের মধ্যে কোনো উন্নয়ন প্রকল্পের প্রাথমিক কাজ অর্থাৎ দরপত্র আহ্বান করতে না পারলে সেটি বাজেটে রাখার কোনো যুক্তি নেই। প্রকল্পের সংখ্যা না বাড়িয়ে গৃহীত প্রকল্পগুলো বাস্তবায়নের দিকেই সরকারকে মনোযোগী হতে হবে।