এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) তার এশিয়ান ডেভেলপমেন্ট আউট লুক ২০১৪-এ বাংলাদেশের অর্থনীতির গতিবিধি বিশ্লেষণ করে যে চিত্র তুলে ধরেছে, তা প্রায় সব দিক দিয়েই ইতিবাচক। দেশের অর্থনৈতিক সূচকগুলো ভালো অবস্থায় আছে উল্লেখ করে ব্যাংকটি বলেছে, কৃষি, শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধি বাড়বে। মূল্যস্ফীতি সাড়ে ৬ শতাংশে নেমে যাওয়ার আভাস রয়েছে এতে।
বার্ষিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৪ শতাংশ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে এডিবি, যা ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের সম্ভাব্য প্রবৃদ্ধির চেয়ে বেশি। এর কারণ হিসেবে আমদানি ও রপ্তানি, প্রবাসী–আয় বৃদ্ধি ও তৈরি পোশাকশিল্প খাতের পরিবেশ উন্নত হওয়ার কথা বলা হয়েছে। তবে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে এডিবি যেসব বিষয়ের ওপর জোর দিয়েছে, সেগুলো হলো শিল্পকারখানায় ঠিকমতো গ্যাস-বিদ্যুতের জোগান, বন্দরসুবিধা বাড়ানো ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সমীক্ষায় দেখা গেছে, গ্যাস-বিদ্যুতের অভাবে শিল্পকারখানাগুলো সক্ষমতা অনুযায়ী পণ্য উৎপাদন করতে পারছে না। কিন্তু শিগগির এই সমস্যার সমাধান হবে বলে মনে হচ্ছে না।
এডিবির প্রতিবেদনে সবচেয়ে বড় যে ঝুঁকির কথা বলা হয়েছে, সেটি হলো রাজনৈতিক অস্থিরতা। জানুয়ারির নির্বাচনের পর একধরনের স্থিতি লক্ষ করা গেলেও এটি কত দিন থাকবে, সে বিষয়ে সব মহলেই সংশয় রয়েছে। ইতিমধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোট কঠোর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে। এ অবস্থায় ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ রক্ষায় সরকারকেই এগিয়ে আসতে হবে। সরকারের দমন-পীড়ন কিংবা বিরোধী দলের রাস্তায় জ্বালাও-পোড়াও সমস্যার সমাধান দেবে না। বরং রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক ঝুঁকি বাড়বে। সরকার যে প্রবৃদ্ধি আশা করছে, তা দিবাস্বপ্নই থেকে যাবে।
তাই অর্থনৈতিক অগ্রগতির সম্ভাবনাগুলো পুরোপুরি কাজে লাগাতে সরকারের উচিত হবে আলোচনার মাধ্যমেই রাজনৈতিক সমস্যার সমাধান করা। দুই পক্ষকেই বুঝতে হবে সবার ওপরে দেশ ও দেশের মানুষ। ক্ষুদ্র দলীয় স্বার্থে কোনোভাবেই জাতীয় স্বার্থকে বিসর্জন দেওয়া যাবে না।