কাদের মোল্লার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাঁর বিরুদ্ধে পাঁচটি অভিযোগ প্রমাণিত হয়েছে বলে আদালত সিদ্ধান্তে পৌঁছেছেন। একটি অভিযোগ প্রমাণিত হয়নি।কাদের মোল্লার বিরুদ্ধে যে অভিযোগগুলো প্রমাণিত হয়েছে, তার নৃশংসতার কথা চিন্তা করলে চল্লিশ বছর পরও গা শিউরে ওঠে।যেকোনো যুদ্ধে দুই পক্ষ থাকে। উভয় পক্ষের সেনা, গোলাবারুদ থাকে, সহায়ক বাহিনীও থাকে। মূল সেনাবাহিনীর মতো তাদের ট্যাংক-কামান না থাকলেও বন্দুক থাকে, কিছু প্রশিক্ষণও থাকে। যুদ্ধ হয় এবং বহু শতাব্দী ধরে এভাবেই হয়ে আসছে। অর্থাৎ এক পক্ষের সেনাসদস্যরা অন্য পক্ষের সেনাসদস্যকে তাক করে গুলি ছোড়ে।ইদানীংকালে দুই-চারবার আমাদের বিডিআর/বিজিবির সঙ্গে গোলাগুলি হয়েছে ভারতীয় বিএসএফের। কিন্তু আমরা ক্রুদ্ধ হই, প্রতিবাদ করি, অভিযোগ জানাই যখন বিএসএফের গুলিতে আমাদের নিরস্ত্র নিরীহ নাগরিক মারা যায়।যুদ্ধের সময় নিরীহ নাগরিককে অকাতরে নির্বিচারে খুন করার নৃশংসতার শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির সেনাবাহিনীর হাতে। জার্মানির নাৎসি বাহিনী হত্যাযজ্ঞ চালিয়েছিল ইউরোপজুড়ে। কাদের মোল্লারা তাদের উত্তরসূরি। যুদ্ধের মাঠে মুক্তিযোদ্ধাদের মেরে ফেলার জন্য কারও বিচার হচ্ছে না। যুদ্ধের সময় অপর পক্ষের সশস্ত্র যোদ্ধাকে গুলি বা কামান দেগে মেরে ফেলা অপরাধ নয় হিসেবে বিবেচিত নয়। নিরস্ত্র, নিরপরাধ মানুষকে তার রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাসের কারণে নির্বিচারে হত্যা করা যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ। বিচার চলছে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের জন্য। কাদের মোল্লা সেই অপরাধে দোষী। কাদের মোল্লারা নির্বিচারে অকাতরে খুন করেছে নিরীহ মানুষকে, বাবা-স্বামী, মা-স্ত্রী, এমনকি দুই বছরের শিশুকেও। এটা হলো মানবসভ্যতার জঘন্যতম অপরাধ। শত্রুপক্ষের আহত যোদ্ধা আত্মসমর্পণ করলে তাকে আর মারা যায় না। তাকে মারলে সেটা হবে যুদ্ধাপরাধ। বরং আইন তাকে চিকিৎসাসেবা করে সারিয়ে তুলতে নির্দেশ দেয়।২কাদের মোল্লারা হাজার হাজার নিরীহ নিরপরাধ মানুষ মেরেছে। যাদের মেরেছে তাদের দোষ ছিল যে তারা আর পাকিস্তানের নাগরিক হিসেবে নিজেদের পরিচয় দিতে চায়নি। তারা স্বাধীনতা চেয়েছিল। স্বাধীন বাংলাদেশের নাগরিক হতে চেয়েছিল। হয়তো ১৯৭০-এর নির্বাচনে পাকিস্তানপন্থী রাজনৈতিক দলের পক্ষে ভোট না দিয়ে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখে এমন দলের পক্ষে ভোট দিয়েছিল। হয়তো তাদের অনেকের অপরাধ ছিল যে তারা ছিল হিন্দু ধর্মাবলম্বী। এসব দোষ বা ‘অপরাধের’ জন্য তাদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে দা-ছুরি দিয়ে জবাই করে বাবা-স্বামী-ভাইবোনের সামনে পরিবারের নারীকে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে বা সারিবদ্ধভাবে গুলি করে মেরেছে।পাকিস্তানের পক্ষ নিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধে লিপ্ত সেই সব লোক যখন মুক্তিবাহিনীর যোদ্ধাদের সামনে পড়েছে তখন ভোঁ-দৌড়ে পালিয়েছে। কিন্তু খুঁজে খুঁজে নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করতে তাদের সাহসের কোনো কমতি হয়নি।এ ধরনের নৃশংস ও জঘন্যতম অপরাধীদের জন্য মৃত্যুদণ্ডটা সহজ শাস্তি। যাবজ্জীবন কারাদণ্ডই উপযুক্ত শাস্তি।যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অপরাধীরা যে কত নৃশংস ও বীভৎস ছিল, তা ১৯৭১-এর ৪১ বছর পরও তাদের দোসররা অর্থাৎ জামায়াত-শিবির এখনো আমাদের মনে করিয়ে দিচ্ছে তাদের ইদানীংকালের তাণ্ডবলীলা দিয়ে।কাদের মোল্লারা ১৯৭১ সালে শত শত নিরীহ মানুষ মেরেছিল। জামায়াত-শিবির আপাতত শত শত বাস-গাড়ি মালিকের সম্পত্তি ভাঙচুর করছে। আগুন লাগাচ্ছে, রাষ্ট্রের ওপর হামলা করছে। জোর করে বেআইনি শক্তি প্রয়োগ আর নিরীহ জনগণের ওপর সহিংসতা চালিয়ে আমাদের বিশ্বাস করতে বাধ্য করতে চাইছে যে একাত্তরে নাকি কাদের মোল্লা নিরপরাধ ছিল, ছিল নির্দোষ, যেন ফুলের মতো পবিত্র।আমাদের এই দেশটা তো জল্লাদদের নয়। আমাদের দুর্ভাগ্য যে এ দেশে নবাব সিরাজুদৌল্লাকে খুন করা মীরনের মতো জল্লাদ জন্মেছিল। জন্মেছিল কাদের মোল্লা। আর এখন দেখছি কাদের মোল্লার মতো লোকের পক্ষ নেওয়া জামায়াত-শিবিরের বিভ্রান্ত কর্মীদের সহিংসতা। এদের সবাইকেই বুঝতে হবে যে এই সোনার বাংলা সাধারণ মানুষের বাংলা।নরপশু, নৃশংস ও বীভৎসদের দেশ এটা নয়। এ দেশে আজ হোক, কাল হোক, নরপশুদের শাস্তি হচ্ছে, হবে।ড. শাহদীন মালিক: অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট।