এত মিল তারপরও পানি সমস্যার সমাধান কেন নয়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূ-আঞ্চলিক রাজনীতিতে পাকিস্তানের প্রায় ‘একঘরে’ হয়ে যাওয়া এবং বাংলাদেশে চীনের সম্ভাব্য কৌশলগত প্রভাব বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে দিল্লির দরবারে যে বাড়তি আগ্রহ ছিল, তা বলার অপেক্ষা রাখে না। সে ক্ষেত্রে আমাদের প্রত্যাশা ছিল তাঁর এই সফরটি অমীমাংসিত সমস্যাগুলোর সুরাহা করে বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ভারতের নিজস্ব প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানবন্দরে আসা, অতিথিকে রাষ্ট্রপতি ভবনে আতিথেয়তার বিশেষ সম্মান দেওয়া, বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধে জীবনদানকারী ভারতীয় সেনাদের সম্মান জানানোসহ বিভিন্ন আনুষ্ঠানিকতায় যতটা উচ্ছ্বাস ও আবেগ পরিলক্ষিত হয়েছে, দুই দেশের আনুষ্ঠানিক বৈঠকে তার প্রতিফলন ততটা ঘটেনি বলেই বিশ্লেষকেরা মনে করেন। বিশেষ করে দীর্ঘদিনের বকেয়া সমস্যা তিস্তার পানিবণ্টন নিয়ে এবারের বৈঠকেও কোনো সমাধান সূত্র বেরিয়ে না আসা হতাশাজনক।
অর্থনৈতিক সহযোগিতা, প্রতিরক্ষা সহযোগিতা, পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার, মহাকাশ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি, গণমাধ্যম প্রভৃতি বিষয়ে দুই দেশের মধ্যে যেসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, সেগুলো নিঃসন্দেহ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রকে প্রসারিত করবে। তবে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে যতটুকু তথ্য প্রকাশিত হয়েছে, তা থেকে এর ব্যাপ্তি বা প্রয়োজনীয়তার বিতর্ক নিরসন হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। এ ক্ষেত্রে কোনো একটি দিকে হেলে না পড়ে ‘ভারসাম্য’ রেখে চলাই প্রত্যাশিত।
তিস্তার বিষয়ে এবার দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাত বছর আগে ঢাকায় তাঁর পূর্বসূরি মনমোহন সিংয়ের প্রত্যয়েরই পুনরুক্তি করলেন। তিনি বলেছেন, ‘তাঁর এবং শেখ হাসিনার সরকার শিগগির তিস্তার পানিবণ্টনের সমাধান করবে।’ অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার ব্যাপারে তাঁর আগের অবস্থানে অনড় থেকে বিকল্প হিসেবে বাংলাদেশকে অন্যান্য নদী থেকে পানি পাওয়ার পরামর্শ দিয়েছেন। তাঁর পরামর্শ মূল সমস্যা থেকে দৃষ্টি সরানোর কৌশল বলেই সন্দেহ হয়। কেননা, অন্য যেসব নদীর কথা তিনি বলেছেন, সেগুলোর পানিপ্রবাহ অভিন্ন নদীগুলোর সামগ্রিক পানি ব্যবস্থাপনাবিষয়ক আলোচনার অংশ। ওই নদীগুলো এমন নয়, যেখান থেকে বাংলাদেশ নতুন করে পানি পাবে এবং তিস্তার ঘাটতি মেটাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি সফরের প্রাক্কালে ‘বন্ধুত্ব বহতা নদীর মতো’ শিরোনামে একটি নিবন্ধ লিখেছিলেন। ওই নিবন্ধের সঙ্গে সুর মিলিয়ে আমাদেরও প্রশ্ন, যেই দুই নিকট প্রতিবেশী দেশের মধ্যে ভাষা-সংস্কৃতি ও মানুষের জীবনধারায় এত মিল, তারা কেন পানি সমস্যার সমাধান করতে পারবে না?