প্রধান বিরোধী দল, যে দল ইতিপূর্বে তিনবার সরকার পরিচালনার দায়িত্ব পালন করেছে, সেই কি আরেকটা হরতালের অজুহাত সৃষ্টির নেতৃত্ব দিয়েছিল ১৮ দলীয় জোটের সোমবারের সমাবেশটি? তারা আগেই ঘোষণা দিয়েছিল, তাদের বিক্ষোভ সমাবেশে বাধা দিলে হরতাল ডাকা হবে। কিন্তু তাদের সমাবেশ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাধা দেননি, এমনকি জোটের কিছু কর্মীর উচ্ছৃঙ্খল আচরণেও তাঁরা ধৈর্য-সংযম হারাননি। এর পরও তারা দেশের নিরীহ জনগণের ওপর আরও একটি হরতাল চাপিয়ে দিল। এর কোনো যুক্তি নেই, এটা জনগণের ওপর নির্দয় জবরদস্তি। একের পর এক হরতালে জাতীয় অর্থনীতির বিপুল ক্ষয়ক্ষতির পাশাপাশি সংখ্যাগরিষ্ঠ খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনযাপনে সীমাহীন ভোগান্তির সৃষ্টি হচ্ছে।পুলিশ প্রহরাধীন সেই শান্তিপূর্ণ সমাবেশটির শেষ পর্যায়ে কে বা কারা সেখানে ককটেল ফাটাল, আর সঙ্গে সঙ্গে নেতারা ‘হরতাল হরতাল’ বলে আওয়াজ তুললেন। কিন্তু ককটেল ফাটানোর ঘটনার তদন্তের আগেই ১৮ দলীয় জোটের হরতাল আহ্বান এবং বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাগুলোর পেছনে বিএনপির ব্যাখ্যা কী? কীভাবে তারা এসব কর্মকাণ্ডকে জায়েজ করবে? সরকার দমন-পীড়ন চালালে তার প্রতিবাদ করার অধিকার বিরোধী দলের অবশ্যই আছে। কিন্তু সে প্রতিবাদ অবশ্যই হওয়া উচিত শান্তিপূর্ণ ও অহিংস। তা যেন কোনোভাবেই জনসাধারণের জন্য ক্ষতিকর না হয়। বাংলাদেশের প্রত্যেক নাগরিকের নিরাপদে-নির্বিঘ্নে চলাফেরা করা ও জীবিকা নির্বাহের অধিকার আছে। রাজনৈতিক কর্মকাণ্ডের দ্বারা জনগণের সেসব অধিকার খর্ব হলে সেই রাজনীতি হয়ে পড়ে জনস্বার্থবিরোধী। দেখা যাচ্ছে, বিরোধী দলগুলোর হরতালে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ নানা ধরনের সহিংসতা বেড়ে চলেছে। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রাই ব্যাহত হয় না, জননিরাপত্তাও পড়ে হুমকির মুখে। বিরোধী দল থেকে সরকারের বিরুদ্ধে শেষ অস্ত্র হিসেবে হরতাল পালনের কথা বলা হয়। কিন্তু এই অস্ত্রে সরকারের পতন ঘটে না, বরং মানুষের দুর্ভোগ বাড়ে, অর্থনীতির বিরাট ক্ষতি হয়। বিএনপি ইতিপূর্বে একাধিকবার সরকার পরিচালনা করেছে। হরতালের ক্ষয়ক্ষতি যে কত ব্যাপক, তা দলটির নেতারা ভালোভাবেই জানেন বলে আমাদের বিশ্বাস। দুর্ভাগ্যের বিষয় হলো, বিএনপির আমলে আওয়ামী লীগ হরতালের পক্ষে যেসব খোঁড়া যুক্তি দেখাত, আওয়ামী লীগ আমলে বিএনপিও সেই একই যুক্তি দেখাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে কেবল দেশের মানুষ নয়, বিদেশি উন্নয়ন সহযোগীরাও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ অবস্থায় সরকারি দলকে যেমন দমন-পীড়নের পথ পরিহার করে যুক্তির পথে হাঁটতে হবে, তেমনি বিরোধী দলকেও ধ্বংসাত্মক পন্থা পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচি নিতে হবে।