বর্জ্যশোধনের বাধ্যবাধকতা মানা হচ্ছে না কেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের হেমায়েতপুরে চামড়াশিল্প নগরী গড়ে তোলা হচ্ছে পরিকল্পিতভাবে। এই পরিকল্পনার এক অবিচ্ছেদ্য অংশ ওই এলাকার প্রাকৃতিক পরিবেশের ওপর চামড়াশিল্পের সম্ভাব্য নেতিবাচক প্রভাব রোধ করা। সে জন্য চামড়া প্রক্রিয়াকরণ থেকে উৎপন্ন বর্জ্য পদার্থ যথাযথ প্রক্রিয়ায় পরিশোধন ও নিষ্কাশনের বাধ্যবাধকতা আছে। প্রতিটি চামড়া প্রক্রিয়াকরণ কারখানার নিজস্ব বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন করা বাধ্যতামূলক। একটি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) সঙ্গে সেগুলো সংযুক্ত থাকার কথা। এভাবে পুরো শিল্পটির সমস্ত বর্জ্য পদার্থ সঠিকভাবে পরিশোধনের পর তার যথাযথ নিষ্কাশনের ব্যবস্থা থাকবে। কিন্তু দেখা যাচ্ছে, এ ক্ষেত্রে অনেক ঘাটতি রয়েছে।

সরকার একটি সিইটিপি স্থাপন করেছে, সেটি নির্মাণ ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে একটি চীনা কোম্পানিকে। কিন্তু সে কোম্পানি ঠিকমতো দায়িত্ব পালন করছে না বলে ধলেশ্বরী নদীর পানি দূষিত হচ্ছে। এ জন্য কোম্পানিটিকে একবার ৫০ লাখ টাকা জরিমানা করা হয়েছে, কিন্তু তারপর নদীর পানিদূষণের মাত্রা আরও বেড়ে গেছে। দূষণের কারণে ধলেশ্বরীর পানিতে একদিকে অক্সিজেনের মাত্রা শূন্যের কোঠায় নেমেছে, অন্যদিকে ক্রোমিয়ামসহ সাত ধরনের জৈব-রাসায়নিক পদার্থের মাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়েছে। মানুষ ও প্রাণিকুলের জন্য ধলেশ্বরীর পানি অত্যন্ত ক্ষতিকর হয়ে উঠছে। গুরুতর বিষয় হচ্ছে চামড়া পরিশোধনের কাজে ব্যবহৃত লবণ পরিশোধনের কোনো ব্যবস্থাই এখন পর্যন্ত নেওয়া হয়নি। ফলে পরিশোধন-প্রক্রিয়ায় অন্যান্য রাসায়নিক পদার্থের সঙ্গে লবণ মিশে যে বিষাক্ত কঠিন বর্জ্য উৎপন্ন হচ্ছে, তা অপরিশোধিত অবস্থায় ধলেশ্বরী নদীসহ আশপাশের এলাকায় ফেলে দেওয়া হচ্ছে।

হাজারীবাগ থেকে এখন পর্যন্ত মাত্র ৪৩টি চামড়া কারখানা হেমায়েতপুরে স্থানান্তর করা হয়েছে, সেখানে মোট ১৫৪টি কারখানার জায়গা আছে। সব কারখানা চালু হওয়ার পর বর্জ্য পরিশোধন ও নিষ্কাশনের পরিস্থিতি কেমন হতে পারে, তা বর্তমান চিত্র থেকে অনুমান করা কঠিন নয়। তাই এ পরিস্থিতি চলতে দেওয়া যাবে না। প্রয়োজনে সিইটিপি পরিচালনার দায়িত্ব থেকে চীনা কোম্পানিটিকে বাদ দিয়ে অন্য কোম্পানিকে নিয়োগ করতে হবে। দূষিত রাসায়নিক পদার্থমিশ্রিত বর্জ্য লবণ পরিশোধনের যন্ত্র জরুরি ভিত্তিতে বসানো দরকার।