এবার শুধিবো মাটির ঋণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪২ বছর বয়সী বাংলাদেশের জীবনে এসেছে বড় আনন্দের সময়, ভালোবাসার সময়, প্রতিবাদের সময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আওয়াজ তোলার সময়। যেকোনো দেশের জন্যই এ ধরনের সময় দুর্লভ, তবে এই ভালোবাসা কাঙ্ক্ষিত, বড় একটি কাল অতিক্রম করে পাওয়া একটি সময়। ৪২ বছর পর এ ধরনের একটি গুরুত্বপূর্ণ সময় তৈরি করেছে এই প্রজন্ম। শাহবাগের এই তারুণ্য অনেক চেতনার প্রতীক। এ যেন এক নতুন বাংলাদেশ, এই রকম একটা সময় বাংলাদেশের জীবনে দরকার ছিল খুব।১৯৭১ সালে কাদের মোল্লাসহ মানবতাবিরোধী সব অপরাধীর ফাঁসির দাবি এবং তা বাস্তবায়নের দাবিতে আজ ফেটে পড়ছে সবাই। ঝাঁজালো কণ্ঠের এই যেন আরেক একাত্তর, এ যেন আরেক যুদ্ধের দামামা। এই আগুন ছড়িয়ে পড়েছে সবখানে; আলাপ-আলোচনায় বিষয় এক, কণ্ঠে সবার জাগরণের গান, ঘরে ঘরে সবাই যেন কী এক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। এ যেন এক অন্য রকম বাংলাদেশ! এতটা কষ্ট বুকে নিয়ে এত দিন কী করে বেঁচে ছিল এই দেশের মানুষ! এমন বাংলাদেশ আগে কেউ কখনো দেখেনি।ঢাকা শহরের শাহবাগ নামের জায়গাটি অতি অল্প দিনে পরিচিত হয়ে উঠেছে ‘প্রজন্ম চত্বর’ হিসেবে। এই প্রজন্ম সেই প্রজন্ম, যারা মুক্তিযুদ্ধ দেখেনি, কিন্তু মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে আঁকড়ে ধরে আছে, যেন কিছুতেই এটি ছাড়বে না। এই প্রজন্ম সেই প্রজন্ম, যারা এক দাবির ভেতরে অনেক বিষয় নিয়ে এসেছে, এই চত্বর অনেক চেতনাকে একসঙ্গে ধারণ করছে। ১১ দিন ধরে হাজার হাজার মানুষ দিনরাত ২৪ ঘণ্টা আন্দোলন চালিয়ে যাচ্ছে শাহবাগে। স্লোগানে স্লোগানে, গানে গানে, প্রদীপের শিখায় একটা দাবিই সবার কণ্ঠে—মানবতাবিরোধীদের ফাঁসি। ‘জয় বাংলা’ স্লোগানটির মালিকানা আবার ফিরে এসেছে জনগণের কাছে। সবাই ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে জয় বাংলা স্লোগান নিয়ে। গায়ে গায়ে মানুষ, পায়ে পায়ে মানুষ, অচেনা মানুষের হাত ধরে এগিয়ে যাচ্ছে সামনে। কিন্তু কারও সঙ্গে কারও ঝগড়াঝাঁটি নেই, ভুল বোঝাবুঝি নেই। এই শাহবাগে মানুষ দেখতে পেয়েছে একঝাঁক বিপ্লবী নারীকে। শুধু মূল মঞ্চ থেকেই নয়, শুধু লাকী আক্তারই নন, স্কুল-কলেজের বেশির ভাগ মিছিলেরই স্লোগান দিয়েছে মেয়েরা। এই শাহবাগ আমাদের অনেক কিছু দিয়েছে। এই আন্দোলনে নেই নারীর প্রতি কোনো ধরনের অশোভন আচরণ, নেই নারীর গায়ে হাত দেওয়ার সংস্কৃতি, নেই কোনো ধরনের পোশাককেন্দ্রিক বাজে মন্তব্য ছুড়ে দেওয়ার চল। এই আন্দোলনই যেন হয়ে উঠেছে সব সামাজিক ও রাষ্ট্রীয় নির্যাতনের বিরুদ্ধে এক শক্তি। এই তারুণ্য দেখিয়েছে অনেক কিছু, বাংলাদেশ পারে, বাংলাদেশ পারবে। এত দিনের অনিরাপদ বাংলাদেশ হঠাৎ যেন নিরাপদ হয়ে উঠছে সবার কাছে। এই তারুণ্যই পারবে নারী নির্যাতনবিরোধী বাংলাদেশ তৈরি করতে; সামাজিক ও রাষ্ট্রীয় সব নির্যাতনের প্রতিরোধ করতে। এই মঞ্চ যেন এরই প্রথম ধাপ। জয় তারুণ্য, জয় এই প্রজন্ম।কারও যেন কোনো ভয় নেই। শাহবাগের ঘুম নেই, দিনরাতের পার্থক্য নেই, এই প্রজন্মই দিচ্ছে স্লোগান, ‘মুক্তিযুদ্ধের চেতনা: মালিকানা ছাড়ব না, মুক্তিযুদ্ধের চেতনা: ধর্ষকদের ছাড়ব না, লুটেরাদের ছাড়ব না’। মুক্তিযুদ্ধের চেতনার এই নতুন শামিয়ানা টানিয়েছে সাধারণ মানুষ। এ এক নতুন ইতিহাস, একাত্তর আবার ফিরে পাওয়ার ইতিহাস। এই প্রথম বাংলাদেশের কোনো আন্দোলনে এত স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের স্কুলড্রেস পরে একত্র হয়েছে, ষাটের দশকের পর এই প্রথম বাংলাদেশ দেখল বাংলাদেশের এত তরুণ নারীর তীব্র সাহসে উদ্দীপ্ত স্লোগান।১১ দিনে এই আন্দোলনে অর্জন অনেক। বিশ্ব দেখেছে, এ দেশের তারুণ্যের শক্তি। রত্নগর্ভা এ দেশ মুগ্ধ হয়ে দেখছে তার এই তরুণ সন্তানদের, যারা এগিয়ে নেবে বাংলাদেশকে। শহীদ কবি মেহেরুন্নেসার হত্যাকারী কাদের মোল্লার বিচারের রায়ের প্রতিবাদে আজ শাহবাগে তৈরি হয়েছে হাজারো মেহেরুন্নেসা। ৫ ফেব্রুয়ারি শাহবাগে যে জনজোয়ার তৈরি হয়েছে, সেটি চলছে এ দেশের প্রতিটি ঘরে ঘরে, প্রত্যেক মানুষের হূদয়ে। শ্রমজীবী থেকে শুরু করে সব শ্রেণী-পেশার মানুষের মিলনক্ষেত্র। এলাকায় এলাকায়, ঘরে ঘরে যেন তৈরি হচ্ছে দুর্গ। পুরো বাংলাদেশ যেন পরিণত হচ্ছে এক দুর্বিনীত যোদ্ধার ভূমিকায়। এ আন্দোলন থামার নয়, থামানোর নয়।এই আন্দোলনের রূপ একটু ভিন্ন। এই আন্দোলনের প্রথাগত রাজনৈতিক ব্যানার নেই। নেই কোনো ক্ষমতার রাজনীতির বাহাস। ক্ষমতার বাইরে নিয়ে নিতে পেরেছে একাত্তরকে। একাত্তর কোনো দলের নয়, এটা এ দেশের মানুষের অর্জন, এটার রায় বিষয়ে জনগণের মতামতকে প্রাধান্য দিতে হবে। এই আন্দোলন থেকেই ঘোষণা করা হয়েছে, সবচেয়ে বড় চেতনা ‘মুক্তিযুদ্ধ দলীয় রাজনীতির বিষয় নেই’, এটি একটি দেশের সবচেয়ে বড় সম্বল। জনতা আরও ঘোষণা দিয়েছে, এই মঞ্চে রাজনীতিবিদেরা আসতে পারবেন না, কিংবা একে কেন্দ্র করে কোনো ধরনের রাজনীতি করা যাবে না। এই শক্তি ধারণ করতে পারে তারাই, যারা নির্লোভভাবে দেখতে পারে মুক্তিযুদ্ধের চেতনাকে। জনগণের মুক্তিযুদ্ধ আবারও ফিরে এসেছে তাদের কাছে।সবচেয়ে আশা-ভালোবাসার জায়গা হলো, এই আন্দোলনের মূল শক্তিতে আছেন মুক্তিযুদ্ধ-পরবর্তী প্রজন্ম, যে প্রজন্মই ধরে রাখবে সেই একাত্তরকে। আজ নতুনভাবে শত্রু-মিত্র চেনার দিন। নতুন করে জেগে ওঠার দিন। শাহবাগ থেকে আগুন ছড়িয়ে পড়েছে সবখানে। জেলায় জেলায় চলছে একই দাবিতে আন্দোলন, বিক্ষোভ—একটাই দাবি, এই দাবি দলীয় রাজনীতির বাইরের দাবি, সব প্রজন্মের দাবি, গ্রাম-শহরের দাবি।ফিরে এসেছে একাত্তর, এই প্রজন্মের হাত ধরে। একাত্তরের মূল চেতনা—ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, নারী-পুরুষের সমতার বাংলাদেশ, ন্যায়ের পক্ষের বাংলাদেশ ও নির্যাতন-নিপীড়নবিরোধী বাংলাদেশ আবারও সামনে এসেছে। ১৯৭১ আর ২০১৩—আজ পাশাপাশি, কাছাকাছি যেন দাঁড়িয়ে। যে প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখেনি, মুক্তিযুদ্ধ নিয়ে ব্যানারভিত্তিক রাজনীতির বাইরে যারা দাঁড়িয়ে আছে, তারাই এই সেই চেতনার পতাকাটি ধরে রাখতে চাইছে শক্ত করে। তারা তৈরি আরেকটি একাত্তরের জন্য। ফয়সালা হবে যেন সামনাসামনিই। এ এক স্পর্ধিত তারুণ্য, এক স্পর্ধিত বাংলাদেশ। তারুণ্যের এই স্পর্ধাই যেন দেখতে চেয়েছে বাংলাদেশ। জন্ম সত্যিই ধন্য আমাদের, বারবার জন্মাতে চাই এই রত্নগর্ভা দেশে।জোবাইদা নাসরীন: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক।zobaidanasreen¦gmail.com