এবারের বিজয় দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের বিজয়ের ৪১তম বছর পুরো হলো এই ষোলোই ডিসেম্বরে। উৎসবে উৎসবে সারা দেশে উদ্যাপিত হলো এই বিজয়ের দিনটি। উৎসবের পাশাপাশি একটি বিশেষ প্রত্যয়, প্রত্যাশা ও দাবির মধ্য দিয়েই উদ্যাপিত হয়েছে এবারের বিজয়ের উৎসব; একাত্তরে হত্যা, ধর্ষণ ও ধ্বংসযজ্ঞের সঙ্গে জড়িত মানবতাবিরোধী অপরাধীদের শাস্তি নিশ্চিত করা। আমরা দেখেছি, এবারের বিজয়ের দিনে সারা দেশে মানুষের ঢল নেমেছিল। বিজয়ের উৎসবে শরিক হলেও একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শাস্তি নিশ্চিত করতে না পারার আত্মগ্লানি থেকে দেশবাসী এখনো মুক্ত হতে পারেনি। একাত্তরের পর চার দশক পার হলেও পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার সহযোগী রাজাকার, আলবদরসহ বিভিন্ন বাহিনীর লোকজনের শাস্তি নিশ্চিত করা যায়নি। একাত্তরে দেশের বিজয় অর্জনের জন্য যাঁরা প্রাণ দিয়েছেন, যাঁরা বর্বরতা ও নৃশংসতার শিকার হয়েছেন, তাঁদের ও তাঁদের পরিবারের এসব ক্ষতি কোনো দিনই পূরণ হওয়ার নয়। কিন্তু এসব অপরাধ ও অপকর্ম যারা করেছে, তাদের শাস্তি ও বিচার নিশ্চিত করা গেলে কিছুটা হলেও স্বস্তি পাবেন দীর্ঘদিন ধরে বিচারের আশায় বসে থাকা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের স্বজনেরা। জাতিও গ্লানিমুক্ত হওয়ার সুযোগ পাবে।দীর্ঘদিন পরে হলেও সেই আত্মগ্লানি থেকে কিছুটা মুক্তি পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়া শুরু হওয়ার মধ্য দিয়ে। এরই মধ্যে বিচার-প্রক্রিয়া যথেষ্ট এগিয়ে গেছে। চিহ্নিত অভিযুক্ত ব্যক্তিদের অনেকেই আটক হয়েছেন। একটি ক্ষেত্রে বিচার-প্রক্রিয়া শেষ হয়ে এখন রায়ের জন্য অপেক্ষা করছে দেশবাসী। কিন্তু একই সঙ্গে আমরা এটাও লক্ষ করছি যে এই মানবতাবিরোধী অপরাধের বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত ও প্রশ্নবিদ্ধ করার চক্রান্তও থেমে নেই। এবারের বিজয় দিবসে তাই সবার মুখেই ছিল মানবতাবিরোধী এই অপরাধী চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, বিচার-প্রক্রিয়া সম্পন্ন করার দাবি।আমরা চাই সুষ্ঠুভাবে এই বিচার-প্রক্রিয়া চলুক এবং যারা অপরাধী, তারা শাস্তির মুখোমুখি হোক। যারা এই বিচার-প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চাইছে, তাদের এটা বোঝা উচিত যে মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবি নিয়ে দেশবাসীর মধ্যে কোনো বিভ্রান্তি বা মতভেদ নেই। আর অপরাধীদের বাঁচানোর কোনো ধরনের চেষ্টাও সফল হওয়ার নয়। দীর্ঘদিন বিচার ঠেকিয়ে রাখা গেলেও শেষ পর্যন্ত কিন্তু বিচার-প্রক্রিয়া ঠিকই শুরু হয়েছে। এখন দেশবাসীর চাওয়া হচ্ছে, এই বিচার-প্রক্রিয়ার মধ্য দিয়ে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা।নানা রাজনৈতিক বিবেচনা থেকে যাঁরা মানবতাবিরোধী এই অপরাধের বিচার-প্রক্রিয়ার বিরোধিতা করছেন, তাঁদের এটা বোঝা উচিত যে তাঁদের এই অবস্থান দেশবাসীর আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাচ্ছে। এটা তাঁদের জন্য কোনো রাজনৈতিক ফায়দা দেবে না। বিজয়ের দিনে দেশবাসীর যে ঢল নেমেছিল, তাদের সবার মুখেই ছিল এই মানবতাবিরোধী অপরাধীদের বিচারের দাবি।