এভাবে আর কত দিন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সপ্তাহ ধরে দেশব্যাপী টানা অবরোধের চাপে দেশবাসীর এখন দমবন্ধ দশা। এর মধ্যেই আবার মড়ার উপর খাঁড়ার ঘায়ের মতো ৩৬ ঘণ্টার টানা হরতাল পালিত হয়েছে। একদিকে সরকারের তরফে সংকট অবসানে কোনো উদ্যোগ নেই, অন্যদিকে বিএনপি বলছে অবরোধ কর্মসূচি চলবে। কিন্তু এভাবে আর কত দিন? অবরোধ যত দীর্ঘ হচ্ছে, মানুষের মৃত্যুর মিছিলও বড় হচ্ছে। বাড়ছে অগ্নিদগ্ধ মানুষের সংখ্যাও। সোমবারও বেশ কয়েকটি গাড়িতে বোমা হামলা হয়েছে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে যেভাবে তাঁর অফিসে অবরুদ্ধ করে রাখা হয়েছিল, তা কোনো গণতান্ত্রিক সরকারের আচরণ হতে পারে না। কিন্তু এর প্রতিবাদে পুরো দেশকে অবরুদ্ধ করে জনগণকে চরম কষ্টে ফেলা ও মানুষ পুড়িয়ে মারার কী কোনো যুক্তি থাকতে পারে? বিএনপি এ জন্য সরকারকে দায়ী করলেও এসব বর্বরতার দায় কর্মসূচি আহ্বানকারী হিসেবে মূলত তাদেরই নিতে হবে। গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে কর্মসূচি ঘোষণা ও সাধারণ মানুষকে এর শিকারে পরিণত করা আন্দোলনের কৌশল হতে পারে না। সরকারের অগণতান্ত্রিক আচরণের প্রতিবাদ করতে হবে জনগণকে সঙ্গে নিয়েই।
এদিকে যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২০ দলের অনেক কেন্দ্রীয় নেতাকে হুকুমের আসামি করেছে সরকার। ওই জঘন্য ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে সরকার দৃষ্টান্তমূলক শাস্তি দিক, তা সবারই চাওয়া। কিন্তু এভাবে বিরোধী দলের নেতাদের পাইকারি আসামি করা হলে বরং রাজনৈতিক মামলা হিসেবে তা গুরুত্ব হারাবে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পার পেয়ে যেতে পারে।
সমস্যাটি শুধু আইনশৃঙ্খলাজনিত নয়। তাই, সরকারকে রাজনৈতিক সমাধানের ওপরই গুরুত্ব দিতে হবে। আর বিরোধী দলের প্রতি আহ্বান, এখনই অবরোধ উঠিয়ে নিন, আর হরতাল কর্মসূচি নয়। আগামী ২ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে, শিক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার বিষয়টি নিশ্চিত করুন। দমবন্ধ অবস্থা থেকে দেশ ও মানুষকে মুক্তি দিন।