এভাবেই কি চলতে থাকবে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ তথা সরকারি কর্তৃপক্ষ বলে, এ দেশে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর গড়ে ২ থেকে ৩ হাজার মানুষ মারা যায়। বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি নামে একটি বেসরকারি সংগঠন বলে, সংখ্যাটি ৬ থেকে ৭ হাজারের মধ্যে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অ্যাকসিডেন্ট রিসার্চ ইনস্টিটিউট বলে, ১২ থেকে ১৪ হাজার। আর বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে ২০ হাজারের বেশি।

পুলিশের হিসাবে সংখ্যাটা সবচেয়ে কম। যাত্রীকল্যাণ সমিতি দুর্ঘটনা ও হতাহত মানুষের হিসাব করে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে। পুলিশ যদি সংবাদমাধ্যমের দিকে নজর রাখত, তাহলে তাদের হিসাবে সংখ্যাটা প্রায় দ্বিগুণ হতো।

দুর্ঘটনা ও তার ফলে মানুষের হতাহত হওয়ার প্রকৃত তথ্য সংগ্রহ না করা হলে সমস্যাটির গুরুত্ব অনুধাবনে ঘাটতি থেকে যায়। পরিসংখ্যান কমিয়ে দেখানোর প্রবণতা দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতার প্রতিফলন। সড়ক দুর্ঘটনা যে বাংলাদেশের একটা গুরুতর জাতীয় সমস্যায় পরিণত হয়েছে—এই বাস্তব সত্য অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু ট্রাফিক পুলিশ, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, যোগাযোগ মন্ত্রণালয়—এই প্রতিটি সরকারি কর্তৃপক্ষ এ বিষয়ে নির্মম অবহেলা দেখিয়ে চলেছে।  

সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলো বিশেষজ্ঞরা চিহ্নিত করেছেন, সেসব কারণ কীভাবে দূর করা যায়, কী কী পদক্ষেপ নিলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা সম্ভব, তা-ও তাঁরা বারবার বলেছেন। কিন্তু বিশেষজ্ঞদের সুপারিশগুলো বাস্তবায়নের সক্রিয় উদ্যোগ নেই। তাহলে কি এভাবেই দেশের সড়ক-মহাসড়কগুলোতে মানুষের মৃত্যুর বিভীষিকা চলতেই থাকবে?