এভাবেই চলছে বাংলাদেশ রেলওয়ে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ কিলোমিটার ট্রেন চলল কোনো চালক ছাড়াই; তা-ও আবার উল্টো পথে। বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল, শেষ পর্যন্ত তা ঘটেনি। কিন্তু রাজবাড়ী থেকে ফরিদপুর যাওয়ার ট্রেন ফরিদপুর এক্সপ্রেসে গত রোববার ঘটে যাওয়া এই ঘটনা বাংলাদেশ রেলওয়ে কীভাবে চলছে, সেই দশাকেই তুলে ধরল। বোঝা গেল, কতটা দায়িত্বহীনতা আর অবহেলার মধ্যে চলছে বাংলাদেশ রেলওয়ে।
চালক ছাড়া ও উল্টো পথে এই ট্রেন চলার পেছনে কোনো সামান্য ভুল নয়, বরং যুগপৎ সংশ্লিষ্ট সবার মাত্রাছাড়া দায়িত্বহীনতাই কাজ করেছে। ট্রেনের চালক, সহকারী চালক বা পরিচালক (গার্ড) কেউই সাধারণ যে নিয়মনীতি রয়েছে, তার তোয়াক্কা করেননি। ট্রেন ছাড়ার ৪৫ মিনিট আগে চালক ও সহকারী চালকের ইঞ্জিন রুমে অবস্থান নেওয়ার কথা এবং ইঞ্জিন চালু করার পর তাঁদের রুম ছাড়ার সুযোগ নেই। পরিচালকের ট্রেনে অবস্থান নেওয়ার কথা ছাড়ার ৩০ মিনিট আগে। কিন্তু ইঞ্জিন চালু করে চালক ও সহকারী চালক দুজনই নেমে গেছেন। পরিচালকও ট্রেনে ছিলেন না।
এই অবস্থায় ট্রেন কীভাবে চলতে শুরু করল বা কে ব্যাক গিয়ারে চাপ দিল, সেটা হয়তো তদন্তের মাধ্যমে বের হয়ে আসবে। কিন্তু সংশ্লিষ্ট সবার একসঙ্গে ট্রেনে না থাকার বিষয়টি যেন ‘সমন্বিত’ দায়িত্বহীনতার বিষয়কেই তুলে ধরল। এই ঘটনার পর রেলওয়ে কর্তৃপক্ষ ট্রেনের চালকসহ পাঁচজনকে সাময়িক বরখাস্ত করেছে এবং ঘটনা অনুসন্ধানে একটি তদন্ত কমিটিও কাজ শুরু করে দিয়েছে।
আমরা মনে করি, এই ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া উচিত। ট্রেনের মতো এক গণপরিবহন চলাচলের ক্ষেত্রে যেখানে চরম সতর্কতা প্রয়োজন, সেখানে এ ধরনের দায়িত্বহীনতার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া প্রয়োজন। তদন্ত কমিটি ঘটনার কারণ ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে সক্ষম হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর জন্য করণীয়গুলো সম্পর্কে ধারণা পাওয়া যাবে।