হাতে লেখা পাসপোর্টের যুগ শেষ হচ্ছে মাত্র তিন দিন পর। অথচ এখনো ১১ লাখ প্রবাসীর হাতে সেই পুরোনো পাসপোর্ট! তথ্যটি দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (আইসিএও) ১৬ বছর আগে বাংলাদেশকে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (মেশিন রিডেবল পাসপোর্ট, এমআরপি) চালুর নির্দেশনা দিলেও অনিয়ম-অদক্ষতায় সে কাজ সম্পন্ন হয়নি।
চিরাচরিতভাবে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গাফিলতি ও ভুল সিদ্ধান্তের খেসারত দিতে যাচ্ছেন মধ্যপ্রাচ্যের লাখো প্রবাসী কর্মজীবী। ২৪ নভেম্বরের পর পৃথিবীর কোথাও পুরোনো পাসপোর্ট চলবে না। কী অবস্থায় পড়তে যাচ্ছেন দেশের উন্নতির কারিগরেরা, তা ভাবা যায়!
১১ লাখের বেশি প্রবাসী এমআর পাসপোর্ট পাননি: পররাষ্ট্রমন্ত্রীসমস্যাটা জানা ছিল, কিন্তু সমাধান করা হয়নি। মুখ্যত এ গাফিলতির দায় পাসপোর্ট অধিদপ্তরের। পাসপোর্ট অধিদপ্তর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। পাসপোর্টের জন্য তাদের ওপর নির্ভরশীল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। এমআরপির কাজটি দেওয়া হয়েছিল মালয়েশীয় প্রতিষ্ঠান আইরিস করপোরেশনকে। আইরিসের কাজের ধীরগতি, নিজেদের দায়িত্ব আউটসোর্সিংয়ের নামে অন্য বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর ইত্যাদি কারণে সময়মতো যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বরাদ্দ করা যায়নি।
প্রবাসী বাংলাদেশি, বিশেষত মধ্যপ্রাচ্যে কর্মরত কর্মজীবী বাংলাদেশিদের কাছে ২৪ নভেম্বরের মধ্যে নতুন পাসপোর্ট পৌঁছানো না গেলে তাঁরা কেবল আইনগত অসুবিধায়ই পড়বেন না, তাঁদের স্বদেশে আগমন ও বিদেশ গমন ‘অবৈধ’ হয়ে যাবে। এঁদের ভোগান্তির জন্য অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহি করতে হবে। এবং সরকারের উচিত, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট না পাওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থার অনুমোদন করিয়ে নেওয়া। যেই প্রতিষ্ঠানের গাফিলতির কারণে এই লাখ লাখ প্রবাসী নাগরিক ভোগান্তিতে পড়েছেন, তাদের কাছ থেকে উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করাও সরকারের দায়িত্ব।