এমডিজি অর্জনে সাফল্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ-ঘোষিত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের বেঁধে দেওয়া সময় শেষ হবে আগামী বছর। এমডিজি অনুযায়ী যে আটটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের চেষ্টায় ২০০০ সাল থেকে কাজ করে আসছে বাংলাদেশ, তার বেশির ভাগই অর্জনের পথে রয়েছে। গত ১৩ বছরের ফলাফল বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আটটি লক্ষ্যের মধ্যে পাঁচটিতে সফলভাবে এগিয়েছে বাংলাদেশ। এতে প্রমাণিত যে নির্দিষ্ট লক্ষ্য ধরে কাজ করলে সাফল্য অর্জনের ক্ষমতা দেশটির রয়েছে।
এমডিজির অগ্রগতি নিয়ে পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ২০১৫ সালে যেখানে দারিদ্র্য হার ২৯ শতাংশে নামিয়ে আনার কথা ছিল, সেখানে ২০১৩ সালেই এই হার ২৬ দশমিক ২ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। শিশুমৃত্যুর হার হ্রাস ও মাতৃস্বাস্থ্যের উন্নয়নের ক্ষেত্রেও ২০১৫ সাল নাগাদ লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জন করা সম্ভব হবে। চরম দারিদ্র্য ও ক্ষুধা নির্মূল, সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন এবং লিঙ্গসমতা অর্জন ও নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে পুরো লক্ষ্য অর্জন করা না গেলেও সফলতা যথেষ্ট।
এমডিজি অনুযায়ী, ২০১৫ সালকে সময়সীমা ধরে এসব ক্ষেত্রে সর্বোচ্চ কতটুকু সাফল্য অর্জন করা যায়, সেদিকে মনোযোগী হওয়াই এখন সবচেয়ে জরুরি। কোন ক্ষেত্রে বাড়তি মনোযোগ দিলে নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য অর্জনের আরও কাছাকাছি যাওয়া যাবে, সেটা চিহ্নিত করা গেলে এ কাজ সহজ হবে।
লক্ষ্য ও সময়সীমা নির্ধারণ করা হয় একটি নির্দিষ্ট সময়ে কিছু কাজ করার জোরালো তাগিদ সৃষ্টির জন্য। ক্ষুধা ও দারিদ্র্য কমাতে জাতিসংঘ নির্ধারিত সময়ে যে লক্ষ্যমাত্রা ঠিক করে দিয়েছিল, তা অনেকটাই অর্জন করাকে আমরা বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করছি। আমরা চাই শতভাগ মানুষের কর্মসংস্থান ও শিক্ষা নিশ্চিত করাসহ অন্য যে ক্ষেত্রগুলোতে বাংলাদেশ এখনো পিছিয়ে আছে, সেদিকে মনোযোগ দেওয়া।