হাওরে ফসল রক্ষার প্রধান নিরাপত্তাদেয়াল হচ্ছে বাঁধ। সেই বাঁধ নির্মাণে নানা অনিয়মের খবর প্রায়ই আমরা দেখতে পাই। এ ছাড়া নানা স্বার্থান্বেষী মহল সেই বাঁধের ক্ষতি করে যাচ্ছে। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জামখলা হাওরের মধ্যে একটি বিলে মাছ ধরতে ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়া হয়েছে। রীতিমতো বাঁধ কেটে বড় নালা বানিয়ে ফেলা হয়েছে। বিলের ইজারাদারেরাই এর সঙ্গে জড়িত বলে অভিযোগ করেছেন স্থানীয় কৃষকেরা। এতে হাওরে থাকা ফসল ঝুঁকির মুখে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, দরগাপাশা ইউনিয়নে অবস্থিত হাওরটির বাছাডুবি বিলের মাছ আহরণ করছেন ইজারাদারের লোকজন। ২০১৮ সালে বিলের পাড়ে গ্রামবাসীর পরামর্শ ও মতামতের ভিত্তিতে স্থায়ী বাঁধ ও রাস্তা নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গত মঙ্গলবার সকালে গ্রামের লোকজন দেখেন বাঁধের কিছু অংশের মাটি কেটে নালা তৈরি করা হয়েছে। গ্রামবাসীর ভাষ্য, এটি স্থায়ী বাঁধ হওয়ায় রাস্তা হিসেবে গ্রামবাসী ব্যবহার করছেন। আবার এটি ফসলও রক্ষা করছে। এটি কেটে দেওয়ায় হাওরের ফসল ঝুঁকির মুখে পড়বে। ইজারাদারেরা প্রভাবশালী হওয়ায় তাঁদের কোনো কিছু বলতে পারছেন না। এতে দুটি অন্যায় করা হয়েছে। একটি হলো ফসল রক্ষা বাঁধ কেটে দেওয়া হয়েছে, অপরটি হলো বিল শুকিয়ে মাছ ধরা হচ্ছে।
কৃষকেরা বিষয়টি পাউবো ও উপজেলা মৎস্য কর্মকর্তাকে জানিয়েছেন। সেই সঙ্গে নীতিমালা অমান্য করে বিল শুকিয়ে মাছ ধরার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। ছয় বছর মেয়াদে বিলটি ইজারা পেয়েছে দরগাপাশা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড নামের একটি সংগঠন। কাগজপত্রে এই সমিতির নাম থাকলেও তাদের কাছ থেকে সাবলিজ নিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করছেন কিছু প্রভাবশালী ব্যক্তি।
উপজেলা মৎস্য কর্মকর্তা বলেন, বিল শুকিয়ে মাছ আহরণের কোনো সুযোগ নেই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি যে পরামর্শ দেবেন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাউবোর কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। উপজেলার দায়িত্বে থাকা পাউবোর উপসহকারী প্রকৌশলীও বলেছেন, বাঁধের কিছু অংশ কেটে দেওয়ার খবর পেয়েছেন। সরেজমিনে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়া হবে। এখন আমরা দেখতে চাই তাঁরা কী ব্যবস্থা নিচ্ছেন।