ব্রিটিশ আমলে খুলনা নগরে পাটকলের ঐতিহ্যকে ঘিরে গড়ে উঠেছিল সত্য নারায়ণ বিদ্যালয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দৌলতপুর এলাকার ১৫ শতক জমি নিয়ে বিদ্যালয়টিকে জাতীয়করণ করা হয়। আশপাশে একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠলেও বিদ্যালয়টি তার জৌলুশ হারিয়ে ফেলে। একপর্যায়ে বন্ধই হয়ে যায়। মূলত সরকারি নথিপত্রে বিদ্যালয়টির অস্তিত্ব থাকলেও, সেখানে কোনো শিক্ষার্থী নেই, নেই কোনো শিক্ষক। ফলে দখল হয়ে গেছে বিদ্যালয়ের আশপাশের সব জমি। পুরোনো ভবনটির জায়গাই এখন বাকি আছে দখল হওয়ার। সেটি কখন ভেঙে পড়বে, তারই অপেক্ষা করছে দখলবাজেরা। তারা এতই প্রভাবশালী যে এ বিষয়ে আশপাশের মানুষও কথা বলতে নারাজ।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ব্রিটিশ আমল থেকেই স্টিমারঘাটের কাছে ভৈরব নদের পাশের এ এলাকা পাট ব্যবসার জন্য জমজমাট ছিল। গুদামগুলোকে ভিত্তি করে কয়েকটি শ্রমিক কলোনি গড়ে ওঠে। ওই কলোনির শিশুরা বিদ্যালয়টিতে পড়ত। ভৈরব নদ পার হয়ে দিঘলিয়া থেকেও অনেক শিশু এ বিদ্যালয়ে আসত। কালের বিবর্তনে পাটের গুদাম ছাড়াও অন্যান্য জনবসতি গড়ে উঠেছে। চাহিদা অনুসারে আরও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। কিন্তু শিক্ষার্থী-শিক্ষকের সংকটের দোহাই দিয়ে ২০০৭ সালে সত্য নারায়ণ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সেখানে কোনোমতে দাঁড়িয়ে আছে পরিত্যক্ত দোতলা বিদ্যালয় ভবনটি। ভবনের দেয়াল ঘেঁষে দুই পাশ দখল করে এমনভাবে স্থাপনা গড়ে উঠেছে, কেউ না বললে এটি যে বিদ্যালয় ভবন, তা আর চেনার সুযোগ নেই।
কেন এভাবে একটি বিদ্যালয়ের ‘অপমৃত্যু’ ঘটল? এ প্রসঙ্গে প্রথম আলোর স্থানীয় প্রতিনিধি জানালেন, জাতীয়করণের পর বিদ্যালয়টি দীর্ঘ সময় সরকারি কোনো বরাদ্দ পায়নি। সেই পুরোনো আসবাবপত্র দিয়েই চলছিল। সম্পদ বলতে ছিল একটি স্টিলের আলমারি। অথচ আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অবকাঠামোগত উন্নয়নসহ নানা আধুনিকায়ন হয়েছে কিন্তু সত্য নারায়ণ বিদ্যালয়ের দিকে কোনো নজরই দেওয়া হয়নি। যুগোপযোগী করে না তোলায় শিক্ষার্থী টানতে পারেনি। ফলে বিদ্যালয়টির এ দশার জন্য শিক্ষা প্রশাসনের দায় আছে।
খুলনা নগরের সদর, সোনাডাঙ্গা ও দৌলতপুর থানা মিলে একটি প্রাথমিক শিক্ষা কার্যালয়। বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করে আলাদা করে দৌলতপুর থানার জন্য শিক্ষা কার্যালয় করার দাবি আছে স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের শিক্ষা কর্মকর্তা বলেন, বর্তমানে ভবন বাদে প্রায় সবই প্রভাবশালীদের দখলে। ওই জমি উদ্ধারের চেষ্টা চলছে। গত অক্টোবরে বিদ্যালয়টির সম্পত্তির সীমানা নির্ধারণ করার জন্য দিঘলিয়া উপজেলা ভূমি কার্যালয়কে চিঠি পাঠানো হয়েছে। আমরা আশা করি, স্থানীয় প্রশাসন বিষয়টির প্রতি জোর দেবে।