আধিপত্য বিস্তার নিয়ে সিলেট এমসি কলেজে ছাত্রলীগের অভ্যন্তরীণ ‘যুদ্ধটা’ নতুন নয়। নতুন নয় এর কুশীলবেরাও। গত সোমবারের সংঘর্ষ যাঁরা ঘটিয়েছেন, তাঁদেরই কেউ কেউ ২০১৩ সালেও অস্ত্রের মহড়া দিয়েছেন। কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে।
ক্ষমতাসীন দলের সহযোগী এই ছাত্রসংগঠনটির কর্মীরা ভুলে গেছে যে শিক্ষাঙ্গন গোলাগুলি করার জায়গা নয়; বিদ্যা অর্জনের স্থান। প্রায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগের একাধিক গ্রুপ সক্রিয় আছে। এমসি কলেজেও দুটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন যথাক্রমে সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতির অনুসারীরা। এবং নিজেদের কর্তৃত্ব হারানোর ভয় থেকেই এক পক্ষ অপর পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়তে দ্বিধা করে না। সোমবারের সংঘর্ষে দুজন গুলিবিদ্ধসহ সাতজন আহত হন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর হলে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
উল্লেখ্য, গত কয়েক বছরে বিরোধীপক্ষহীন বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রলীগের কর্মীদের অভ্যন্তরীণ কোন্দলে বেশ কটি সম্ভাবনাময় জীবন হারিয়ে গেছে। অনেকের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। ২০১২ সালে এই কলেজের ছাত্র সংঘর্ষের জের ধরে দুটি ছাত্রাবাস পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা। তখন সরকারের একাধিক মন্ত্রী সেই অগ্নিদগ্ধ ক্যাম্পাসে গিয়ে শিক্ষাঙ্গনে দুর্বৃত্তপনা চিরতরে বন্ধের ওয়াদা করেছিলেন। কিন্তু বাস্তবে সেটি হয়নি। এমসি কলেজ ছাত্রাবাস থেকে শিবির উচ্ছেদ হলেও সন্ত্রাস উচ্ছেদ হয়নি।
আরও উদ্বেগের বিষয় ২০১৩ সালে যারা এমসি কলেজে অস্ত্রের মহড়া দিয়েছে, এবারও তাদের সংঘাতে লিপ্ত হতে দেখা গেছে। এ ব্যাপারে কলেজ কর্তৃপক্ষও দায় এড়াতে পারে না। ক্যাম্পাসে একের পর এক দুষ্কর্ম ঘটে চললেও প্রশাসন নীরব থেকেছে। এটি দুর্ভাগ্যজনক।
শিক্ষাপ্রতিষ্ঠান বা কলেজ ক্যাম্পাসে অস্ত্রের মহড়া, সংঘাত–সংঘর্ষ আর নয়। এমসি কলেজে সোমবারের সংঘর্ষের সঙ্গে জড়িত সবাইকে অবিলম্বে গ্রেপ্তার ও বিচার করা হোক। কতিপয় দুর্বৃত্তের জন্য হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন ধ্বংস হতে দেওয়া যায় না।