এর নাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর খবর অনুযায়ী, ২০০৭ সালে এই স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। এতে ৩১ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে আছেন মাত্র চারজন। ফলে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় অনেক রোগীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সটির নতুন ভবনে ফাটল দেখা দিয়েছে। পুরোনো ভবনের অবস্থাও জরাজীর্ণ হয়ে পড়েছে। ছাদের পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলে ছাদ চুইয়ে পানি পড়ে। এসব সমস্যার কথা জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার চিঠি দিয়েছেন কিন্তু কোনো প্রতিকার মেলেনি। এই অঞ্চলের দরিদ্র মানুষেরা চিকিৎসার জন্য কোথায় যাবে?

তবে শুধু মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নয়, দেশের প্রায় প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে একই ধরনের চিত্র দেখতে পাওয়া যায়। প্রায় সবখানেই রয়েছে চিকিৎসক সংকট। এর মূল কারণ হচ্ছে চিকিৎসকেরা কেউ গ্রামে থাকতে চান না। এর পেছনেও কারণ রয়েছে। উপজেলাগুলোতে চিকিৎসকদের জন্য আবাসনের ব্যবস্থা সেভাবে নেই। রয়েছে নিরাপত্তার অভাব। বিশেষ করে, নারী চিকিৎসকদের এগুলো খুব প্রয়োজন। এ কারণে চিকিৎসকেরা আগ্রহ খুঁজে পান না গ্রামে থেকে চিকিৎসাসেবা দিতে। ফলে বদলি হওয়ার জন্য চেষ্টা-তদবির শুরু করেন। অনেক চিকিৎসক মন্ত্রণালয় থেকে অর্ডার এনে উচ্চশিক্ষার নামে বা ডেপুটেশনে শহরের মেডিকেল কলেজ হাসপাতালে বদলি হচ্ছেন। অনেকে উচ্চতর কোর্স করতে বিদেশে চলে যাচ্ছেন। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা নড়বড়েই থেকে যায় সব সময়।

সরকারকে এখন এসব দিকে নজর দিতে হবে। এমন পরিকল্পনা নিতে হবে, যাতে চিকিৎসকেরা গ্রামের হাসপাতালে গিয়ে চিকিৎসাসেবা দিতে আগ্রহী হন। প্রয়োজনে কঠোর পদক্ষেপ নিন।