এরপর আর হরতাল-অবরোধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১৫ লাখ এসএসসি পরীক্ষার্থীর উদ্বেগের অবসান ঘটিয়ে শিক্ষামন্ত্রী জানিয়েছেন যে হরতালের দিন পরীক্ষা স্থগিত রাখা হবে। আজকের এসএসসি ও সমমানের পরীক্ষাটি হবে আগামী শুক্রবার। কোমল মনের পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুশ্চিন্তা কেটেছে, কিন্তু হঠাৎ করে পরীক্ষা পিছিয়ে যাওয়ায় পরীক্ষার্থীদের হোঁচট খেতে হবে। এ কারণে হয়তো অনেকের পরীক্ষা খারাপ হবে। রাজনৈতিক অস্থিরতার জন্য তাদের চড়া মূল্য দিতে হচ্ছে। তার পরও এটা অনস্বীকার্য যে হরতালের মধ্যে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়ে সরকার বাস্তববাদিতার পরিচয় দিয়েছে। সহিংসতার মুখে পরীক্ষার্থীদের ঠেলে দেওয়ার কোনো যুক্তি থাকতে পারে না।
একই সঙ্গে বিএনপি ও ২০-দলীয় জোটের আগামী কিছুদিনের কর্মসূচির ধরন পুনর্বিবেচনা করা উচিত। বিশেষভাবে, পরীক্ষার দিনগুলো সহিংস কর্মসূচিমুক্ত রাখা হোক। দেশের মানুষের স্বার্থেই রাজনীতি। আন্দোলনে সমর্থন পাওয়ার জন্য অভিভাবকদের উদ্বেগ-উৎকণ্ঠার নিরসন দরকার। প্রকৃত রাজনীতির এটাই মর্মকথা।

অবরোধ-হরতালের মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়ার যে চ্যালেঞ্জ সরকার ছুড়ে দিয়েছিল, তার বিপরীতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট টানা ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয়। এরপর হরতাল শেষে ৪ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরুর ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী। তার মানে, সরকার এক কদম পিছিয়ে এসেছে। এখন ২০-দলীয় জোটেরও অন্তত এক কদম পিছিয়ে আসা দরকার। বিএনপি যদি পরীক্ষার দিনগুলোতে আর হরতাল-অবরোধ না দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে, তা হবে বছরের একটি বড় সুসংবাদ। পরীক্ষার্থীদের জন্য এ রকম একটি উদ্বেগমুক্ত পরিবেশ একেবারে অসম্ভব নয়। অতীতেও বিভিন্ন সংকটময় মুহূর্তে দেশের প্রধান রাজনৈতিক দলগুলো দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। আজ যেন এর ব্যতিক্রম না হয়।
পেট্রলবোমায় অনেক প্রাণ ঝরেছে। পাল্টা ব্যবস্থায় পুলিশও কম নির্যাতন করেনি। এখন সহিংস রাজনীতি বন্ধ হোক। পরীক্ষার্থী ও অভিভাবকেরা শঙ্কামুক্ত থাকুক। দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে প্রমাণ করতে হবে যে ওরা মানুষের এই সামান্য চাওয়াটুকু পূরণ করতে পারে।