যে দেশে যৌতুকের দাবিতে নারীর ওপর নির্যাতন চালানো হয়, এমনকি তালাক দেওয়া ও খুন করার ঘটনাও বিরল নয়, সেই দেশে এরশাদ আলী নামের ২৮ বছরের এক যুবক বিয়ের চার বছর পর তাঁর শাশুড়িকে যৌতুকের টাকা ফেরত দিয়েছেন। এ রকম আনন্দদায়ক ঘটনা অত্যন্ত বিরল। তাই তো এরশাদ আলী প্রথম আলোর সংবাদ শিরোনাম হয়েছেন।
নীলফামারীর জলঢাকা পৌর এলাকার সবুজপাড়া মহল্লার বাসিন্দা এরশাদ আলী গরিব মানুষ। তবু বিয়ের সময় তিনি যৌতুক নিতে চাননি। কিন্তু তাঁর পরিবার যৌতুকের দাবি ছাড়েনি। ফলে রোজিনা বেগম নামের যে মেয়েটিকে তিনি বিয়ে করেন, তাঁর মা রাবেয়া বেগমকে যৌতুকের ৯০ হাজার টাকা সংগ্রহ করতে একটি গাভি বিক্রি করতে হয়েছিল এবং জমি বন্ধক রাখতে হয়েছিল। এটা এরশাদের ভালো লাগেনি। বিয়ের সময়ই তিনি তাঁর স্ত্রীকে বলেছিলেন যৌতুকের টাকা তিনি তাঁর শাশুড়িকে ফেরত দেবেন।
সেই প্রতিশ্রুতি এরশাদ চার বছর পর পূরণ করতে পেরেছেন। তিনি শাশুড়িকে ৪০ হাজার টাকা দামের একটি গাভি এবং নগদ ৯০ হাজার টাকা দিয়েছেন। তাঁর শাশুড়ি প্রথমে নিতে চাননি, তিনি ভেবেছিলেন তাঁর মেয়ের সঙ্গে জামাইয়ের মনোমালিন্য হয়ে থাকবে। কিন্তু এরশাদ শাশুড়ির ভুল ভাঙিয়েছেন। শেষে শাশুড়ি গাভি ও টাকা নিয়েছেন। এই টাকা দিয়ে এখন তিনি তাঁর বন্ধক রাখা জমি ছাড়িয়ে নেবেন। আরও একটা লক্ষণীয় বিষয়, এরশাদের বাবা ও পরিবারের অন্য সদস্যরা এ বিষয়ে আপত্তি করেননি। এটা গুরুত্বপূর্ণ। কারণ, তাঁদের আপত্তি থাকলে ওই সংসারে রোজিনা বেগমের জন্য বিরূপ পরিস্থিতির সৃষ্টি হতে পারত।
ঘটনাটি সব দিক থেকে সুখপ্রদ। এরশাদের প্রতিবেশীরা তাঁর প্রশংসা করছেন। কেউ কেউ বলেছেন, তাঁরাও যৌতুকের টাকা ফেরত দেবেন। সবচেয়ে লক্ষণীয় এরশাদের নিজের বক্তব্য। তিনি প্রথম আলোর প্রতিনিধিকে বলেছেন, ‘এখন আমার খুব ভালো লাগছে। আমি লেখাপড়া জানি না, কিন্তু জানি যৌতুক নেওয়া ও দেওয়া দুটোই অপরাধ।’
আমরা দেশবাসীর পক্ষ থেকে এরশাদ আলীকে আন্তরিকভাবে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। তাঁর দৃষ্টান্তের অনুসরণে সারা দেশে যৌতুকের বিরুদ্ধে ‘না’ উচ্চারিত হোক।