এরশাদের বিচার হতেই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এরশাদের বিচার হওয়া প্রসঙ্গে উচ্চ আদালতের পূর্ণাঙ্গ ঘোষণা যুগান্তকারী ঘটনা। গত বৃহস্পতিবারের প্রথম আলোয় এ-বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, সংবিধানের সপ্তম সংশোধনী অবৈধ ঘোষণা করে দেওয়া রায়ে হাইকোর্ট বলেছেন, ‘সামরিক শাসন জারির জন্য হুসেইন মুহম্মদ এরশাদ ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ করেছেন। এ জন্য তাঁর বিচার হওয়া উচিত। এ বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ আছে কি না, সরকার তা খতিয়ে দেখতে পারে।’ এই রায়ের পর আন্দোলনে জড়িত ব্যক্তিদের পক্ষ থেকে এমনকি সমগ্র জাতির পক্ষ থেকেই উচ্চ আদালতকে অভিনন্দন। সামরিক শাসন কোনো দেশে কখনো ভালো করেছে, এমন নজির নেই। সেটা লাতিন আমেরিকা হোক, আফ্রিকা বা দক্ষিণ এশিয়ায় হোক। পাকিস্তান যে অনেকটা পতিত রাষ্ট্রে পরিণত হয়েছে, তার কারণ, সেখানে কখনো গণতন্ত্রের চর্চা হয়নি। সেনাবাহিনী বারবার ক্ষমতা দখল করে, সামরিক শাসন দিয়ে জনগণকে অবরুদ্ধ করে রেখেছে।সামরিক আইন বিশেষ বাহিনীর জন্য তৈরি আইন। এর কোনো সর্বজনীন উপযোগিতা নেই। সামরিক আইন রেজিমেন্টেড আইন। যারা রেজিমেন্টেড অবস্থায় সমাজের বাইরে বসবাস করে, তাদের আইন। বাহিনীগুলোর নিজস্ব শৃঙ্খলার জন্যই সেখানে গণতন্ত্র রাখা হয় না। কিন্তু দেশ তো সেভাবে চলতে পারে না। সে জন্য সামরিক শাসন গণতন্ত্র ও জনস্বার্থবিরোধী ব্যাপার। এ ধরনের আইন চাপিয়ে দিয়ে কখনো দেশের মঙ্গল সাধন হয় না। খন্দকার মোশতাক প্রথম ১৯৭৫ সালে সামরিক আইন জারি করেন। মোশতাকের ধারাবাহিকতায় জিয়াউর রহমানও সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এসেছেন। তিনি দুই বছর দেশকে, বিশেষ করে রাজধানী ঢাকাকে সান্ধ্য আইন জারি করে শাসন করেছেন। তাঁর পরে বিচারপতি আব্দুস সাত্তার নির্বাচিত রাষ্ট্রপতি ছিলেন। নির্বাচিত সরকারের অনেক গলদ থাকতে পারে, সেই গলদ সারানোর কায়দা ছিল আরেকটি নির্বাচনের মাধ্যমে নতুন নেতা ও সরকার নির্বাচন করা। এর অর্থ এই নয় যে আরেকজন বন্দুকের জোরে ক্ষমতা দখল করবে। এরশাদ তাঁকে এবং দেশকে সেই সুযোগ দেননি। এরশাদ দাবি করেন, তিনি বাধ্য হয়ে ক্ষমতায় এসেছিলেন। কিন্তু কে তাঁকে বাধ্য করেছিল? সংবিধান মোতাবেক সামরিক বাহিনীর প্রধানের কোনো সুযোগ নেই কোনো নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার। সরকার দেশ চালাতে ব্যর্থ হলে, অজনপ্রিয় হয়ে গেলে, মধ্যবর্তী নির্বাচন দিয়ে আরেকটি সরকার প্রতিষ্ঠার সুযোগ করে দেওয়াই গণতন্ত্রের স্বার্থে দরকারি ছিল। তা হলেও এরশাদ জিয়াউর রহমানের কায়দাতেই, একইভাবে সামরিক শাসন জারির মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন। প্রথমে তিনি সামরিক আইন প্রশাসক হন, তারপর ‘হ্যাঁ-না’ ভোট করে রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমানের মতো করেই তিনিও কিছু সুবিধাবাদী ও দলছুট ব্যক্তিকে নিয়ে দল গঠন করেন। তাঁর জাতীয় পার্টির জন্ম এ ধরনের সুযোগসন্ধানীদের দিয়েই হয়েছে।নব্বই পর্যন্ত তিনি এভাবে স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করেছেন। দেশকে দুর্নীতিতে নিমজ্জিত করেছেন, রাষ্ট্রের চরিত্র বদলে দিয়েছেন, নির্যাতন-নিপীড়ন চালিয়েছেন। এসবের বিরুদ্ধে গোড়া থেকেই তাঁর বিরুদ্ধে আন্দোলন হয়েছে। সবার আগে মাঠে নেমেছিল ছাত্ররা। তাদের বীরত্বব্যঞ্জক লড়াই আমাদের গৌরবজনক গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসের অংশ। এ আন্দোলনে পেশাজীবী ও সংস্কৃতিকর্মীরাও জোরদার ভূমিকা রাখেন। তাঁদের ত্যাগ ছাড়া এরশাদের পতন ঘটানো সম্ভব হতো না। ১৯৮৭ সালের নভেম্বরে জরুরি অবস্থা ঘোষিত হলে সব বিরোধী নেতা-নেত্রী বন্দী হন। তখন পেশাজীবী ও ছাত্ররাই আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন, চিকিৎসক সংগঠনসহ পেশাজীবীরা তখন অগ্রণী ভূমিকা পালন করেন। অনেক ছাত্রকে হত্যা করা হয়, যেমন সেলিম, দেলোয়ার, রাউফুন বসুনিয়া, দিপালী সাহা। এরই ধারাবাহিকতায় নব্বইয়ের গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।বাংলাদেশ গণতন্ত্রকে স্থায়ী করতে চায়। এ জন্য সব সামরিক ক্ষমতা দখলকারী তথা মোশতাক, জিয়া, এরশাদের বিচার হওয়া উচিত। আদালত যেহেতু বলেছেন যে এটা সংসদ ও সরকারের বিষয়, সেহেতু সরকারকেই ন্যায়বিচার ও গণতন্ত্রের স্বার্থেই এখন এ ব্যাপারে উদ্যোগী হতে হবে। এরশাদের বিচার যেমন নব্বইয়ের পরও পরিপূর্ণভাবে হওয়া দরকার ছিল, এখনো তেমনই দরকার। এর সুযোগ এখনো খোলা রয়েছে।১৯৯৬ সালের নির্বাচনের পরে এরশাদকে জেল থেকে বের করে সংসদ ভবনের কাছে আনা হয়। তিনি জেলের ভেতরে থেকেই নির্বাচন করেন। সরকার গঠনের জন্য তাঁর সমর্থনের প্রয়োজন দুই রাজনৈতিক জোটই অনুভব করে। অবশেষে জাতীয় পার্টির সমর্থন নিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যজোটের সরকার গঠন করা হয়। তখন আওয়ামী লীগ নিজের কৌশলগত স্বার্থ দেখলেও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি অনুচিত হয়েছে। বিএনপিও সে সময় তাঁকে ব্যবহার করতে চেয়েছে, কিন্তু পারেনি। পেরেছে আওয়ামী লীগ।এরশাদ এমন ব্যক্তি, যিনি স্বার্থের জন্য যেকোনো কিছু করতে পারেন। রাজনীতিতে এ ধরনের স্বার্থকেন্দ্রিক লোক থাকা মানে রাজনীতির চরিত্রহীনতা। এ ধরনের ব্যক্তিকে আর কোনো সুযোগ দেওয়া উচিত নয়। বর্তমান আওয়ামী লীগ সরকার নিজের শক্তিতেই বলিয়ান। এখন মনে হয় না যে এরশাদের মতো চরিত্রহীন ব্যক্তির সমর্থন তাদের প্রয়োজন আছে। আওয়ামী লীগকে নিজের শক্তি সম্পর্কে আরও ওয়াকিবহাল হতে হবে।আমি নিজে এরশাদবিরোধী আন্দোলনের একজন সাধারণ কর্মী হিসেবে দাবি করছি, সরকার যেন এরশাদের বিচার করে। কেবল ক্ষমতা দখলের জন্যই নয়, যত অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও হত্যাকাণ্ড তিনি করেছেন, এর সবকিছুরই বিচার হওয়া উচিত। অজস্র মানুষ তাঁর ১০ বছরে নির্যাতিত হয়েছেন, বন্দী হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন। শহীদ হয়েছেন অনেক ছাত্র-শিক্ষক-পেশাজীবী। তাঁদের স্বজনেরাও সুবিচার চান।যে রক্তাক্ত মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের জন্ম, আমরা চাই না তার পরিণতি পাকিস্তানের মতো হোক। তা ছাড়া সামরিক শাসনের পথ চিরতরে বন্ধ করার জন্যও ক্ষমতার জবরদখলকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হতেই হবে।আব্দুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।