এলাকাভিত্তিক লকডাউন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে প্রথম কোভিড–১৯ রোগী শনাক্ত হওয়ার তিন মাসের মাথায় দেখা যাচ্ছে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সারা দেশে এবং এখনো রাজধানী ঢাকাসহ দেশের প্রায় সব এলাকায় সংক্রমণ দ্রুতগতিতে বাড়ছে। সোমবার পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৬৮ হাজার পেরিয়েছে, মারা গেছেন ৯৩০ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে—মারা গেছেন ৪২ জন। উদ্বেগের বিষয়, এখন প্রতিদিন শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। অর্থাৎ, সারা বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি অব্যাহত আছে এবং বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সামনের দিনগুলোতে সংক্রমণ আরও বাড়বে। 

কিন্তু মহামারি বিস্তারের এই বেগবান সময়ে অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্য ইত্যাদি সবকিছুই চালু হয়ে গেছে। জীবন-জীবিকার অনিবার্য প্রয়োজনে এটা করতে হয়েছে—এটা স্বীকার করে নিয়েই সংক্রমণের এই ঊর্ধ্বমুখী গতিধারা রোধ করার সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। কিন্তু কীভাবে তা করা যাবে?

প্রথমত, সরকার তথা জনপ্রশাসনকে এখন আরও বেশি দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। কারণ, সাধারণ ছুটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চলাচল বৃদ্ধি পাওয়ায় সামাজিক ও শারীরিক দূরত্বের নীতি বাস্তবায়ন আরও কঠিন হয়ে উঠেছে। সাধারণ মানুষের চলাফেরার ধরন থেকে প্রতীয়মান হচ্ছে সংক্রমণের বাড়তি ঝুঁকির বিপদ অনুধাবনে বেশ ঘাটতি রয়েছে। এ অবস্থায় সরকারি কর্তৃপক্ষ যেন মানসিকভাবে এমন অবস্থান গ্রহণ না করে যে যার যার সুরক্ষা তার তার হাতেই, অন্য কারও কিছু করার নেই। বরং সরকারকে আরও দক্ষতা ও বিচক্ষণতার সঙ্গে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে।

তা করার জন্য এলাকাভিত্তিক লকডাউন অত্যন্ত কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত অতি-সংক্রমিত এলাকাগুলোকে কঠোর লকডাউনের মাধ্যমে অন্যান্য এলাকা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করতে হবে। আর যেহেতু সব এলাকাতেই সংক্রমণ বেড়ে চলেছে, সেহেতু সামনের দিনগুলোতে রেড জোনের তালিকায় নতুন নতুন এলাকা যুক্ত হওয়ার আশঙ্কাই বেশি। যত দ্রুত সম্ভব সেই সব এলাকা চিহ্নিত করা যাবে, তত দ্রুতই সেগুলোকে কঠোর লকডাউনের আওতায় আনা সম্ভব হবে। সে জন্য শুধু ঢাকায় নয়, সারা দেশেই শনাক্তকরণ পরীক্ষার সংখ্যা অবিলম্বে আরও অনেক বাড়ানো জরুরি।

এ মুহূর্তে এবং সামনের দিনগুলোতে জোনাল বা এলাকাভিত্তিক লকডাউন কার্যকরভাবে বাস্তবায়ন করার ওপরেই সবচেয়ে জোর দেওয়া প্রয়োজন। পৃথিবীর বিভিন্ন দেশে এলাকাভিত্তিক লকডাউনের বেশ ভালো ফল পাওয়া গেছে। কিন্তু শুধু লকডাউনের ঘোষণা দিয়েই মহামারির বিস্তার রোধ করা সম্ভব হবে না, সে জন্য নিশ্চিত করতে হবে সত্যিকারের লকডাউন বাস্তবায়ন। এ ক্ষেত্রে আমরা ধারাবাহিক ব্যর্থতা লক্ষ করে এসেছি; সামনের দিনগুলোতে এই ব্যর্থতার পুনরাবৃত্তি কোনোভাবেই ঘটতে দেওয়া চলবে না।

এলাকাভিত্তিক লকডাউন কঠোরভাবে বাস্তবায়নের ক্ষেত্রে আরও কিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। এলাকা লকডাউন মানে যেমন অন্যান্য এলাকা থেকে ওই এলাকার বিচ্ছিন্নতা; তেমনি ওই এলাকার ভেতরের বাসিন্দাদেরও পরস্পর থেকে শারীরিক দূরত্ব। দরিদ্র জনগোষ্ঠীকে এভাবে পরস্পর থেকে বিচ্ছিন্ন ও অবরুদ্ধ করে রাখতে গেলে তাদের খাবারসহ নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য সরবরাহের দায়িত্ব সরকারকে নিতে হবে। দৈনিক আয়ের ওপর নির্ভরশীল পরিবারগুলোর জীবনধারণের জন্য প্রয়োজনীয় ত্রাণ-সহযোগিতা নিশ্চিত করা প্রয়োজন।

রেড জোনগুলোর লকডাউন কার্যকরভাবে বাস্তবায়নের জন্য একটি সুবিবেচিত ও বিশদ দিকনির্দেশনা থাকা উচিত। সবাই যেন সেটি যথাযথভাবে মেনে চলে, তা নিশ্চিত করতে কঠোর তদারকিরও প্রয়োজন হবে।