এশিয়ান মহিলা কাপে কেন যাচ্ছে না বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরুষ দলের চেয়ে ফুটবলে বাংলাদেশের মেয়েরা বেশ ভালো অবস্থানে রয়েছে। বিশ্বস্তরে যেখানে পুরুষ দলের অবস্থান ১৯০তম স্থানে, সেখানে মেয়েরা সাত ধাপ উন্নতি করে রয়েছে ১১৮তম অবস্থানে। সম্প্রতি ভারতে অনুষ্ঠিত সাফ টুর্নামেন্টে জাতীয় দল রানার্স আপ হয়েছে। কিন্তু সেই দলটিই জর্ডানে অনুষ্ঠিত এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বেও যেতে
পারল না? তাও আবার কেবলমাত্র নিবন্ধন না করায়! অথচ এই দলটিই নভেম্বরে খেলবে এএফসি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের বাছাইপর্বে। এ জন্যই এশিয়ান কাপের বাছাইপর্বে তাদের খেলার দরকার ছিল। সেখানে তারা যে অভিজ্ঞতা অর্জন করত, তা বিশ্বকাপের বাছাইপর্বে কাজে লাগাতে পারত।

বাংলাদেশের বয়সভিত্তিক নারী ফুটবল দল আলোচনায় উঠে এসেছে মেয়ে খেলোয়াড়দের সংগ্রাম ও নিষ্ঠার জন্য। এশীয় স্তরে বিভিন্ন টুর্নামেন্টেই তারা ভালো করেছে। এটা আশাবাদী হওয়ার মতো ব্যাপার। কিন্তু যখন দেখা যায়, কর্তৃপক্ষীয় গাফিলতির জন্য আন্তর্জাতিক স্তরে খেলার বড় একটি সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন মনে হয় যে গোড়াতেই রয়ে যাচ্ছে গলদ। প্রথম আলোর শনিবারের সংবাদে এ বিষয়ে বাফুফের স্পষ্ট জবাব পাওয়া যায়নি। তারা অর্থের অভাবের কথা বলতে পারে। উল্লেখ্য, এর আগে অর্থের অজুহাতে এএফসির বয়সভিত্তিক টুর্নামেন্টের ছেলেদের বিভাগেও নিবন্ধন করেনি বাফুফে। অথচ বাফুফের নির্বাচনের সময় অঢেল অর্থের ‘খেলা’ চলার অভিযোগ রয়েছে।

ক্রিকেটই হোক আর ফুটবলই হোক, ক্রীড়ার ক্ষেত্রে ব্যবস্থাপনার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে সারা দেশ থেকে প্রতিভা খুঁজে এনে তাদের প্রশিক্ষিত করা ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ধারাবাহিকভাবে মানের উন্নয়ন ঘটানোর সঙ্গে দক্ষতার সম্পর্ক রয়েছে। সঠিক নেতৃত্বের অধীনে গতিশীল ও আন্তরিক ব্যবস্থাপনার অভাব বাফুফেতে দেখা যাওয়া আমাদের ফুটবলের ভবিষ্যতের জন্য হতাশার ও দুঃখের ব্যাপার।