এসএনসি-লাভালিন ও তার সহযোগী ১০০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিশ্বব্যাংকের ১০ বছরের নিষেধাজ্ঞা ঘোষণা এবং এসএনসি-লাভালিনের সেই নিষেধাজ্ঞা মেনে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণিত হলো, বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির যোগসাজশ হয়েছিল। ১৭ এপ্রিল বিশ্বব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, কানাডার প্রকৌশল ও নির্মাণপ্রতিষ্ঠান এসএনসি-লাভালিন ইনকরপোরেটেড ও তার সহযোগী ১০০টি প্রতিষ্ঠান আগামী ১০ বছর বিশ্বব্যাংকের অর্থায়নপুষ্ট কোনো প্রকল্পের দরপত্র-প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, কোনো কার্যাদেশ পাবে না। বিশ্বব্যাংক এই সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পের ব্যাপারে কানাডীয় প্রতিষ্ঠানটির ‘মিসকন্ডাক্ট’ বা অসদাচরণের পরিপ্রেক্ষিতে। বিশ্বব্যাংক এর আগে কখনো কোনো প্রতিষ্ঠানের ওপর এত দীর্ঘকালীন নিষেধাজ্ঞা জারি করেনি।এসএনসি-লাভালিন গ্রুপও একই দিনে এক বিবৃতিতে জানিয়েছে, পূর্বঘোষিত এক তদন্তের ব্যাপারে এসএনসি-লাভালিন বিশ্বব্যাংকের সঙ্গে এক সমঝোতায় পৌঁছেছে। সেই সমঝোতার শর্তগুলো গোপনীয়, তবে সেগুলোর মধ্যে রয়েছে, ১০ বছরের জন্য বিশ্বব্যাংকের অর্থায়িত প্রকল্পের দরপত্র প্রদান ও কার্যাদেশ পাওয়ায় এসএনসি-লাভালিন ইনকরপোরেটেড ও তার সহযোগী ১০০টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা থাকবে।বিশ্বব্যাংকের বিবৃতি অনুযায়ী এসএনসি-লাভালিনের মিসকন্ডাক্ট বলতে বোঝানো হয়েছে, পদ্মা সেতু প্রকল্পের তদারক কাজে পরামর্শক হিসেবে কার্যাদেশ পেতে ওই প্রতিষ্ঠান ও বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের মধ্যে ঘুষ লেনদেনের ষড়যন্ত্র। এ রকমের ষড়যন্ত্রের অভিযোগ বিশ্বব্যাংক তদন্ত করার পরেই এসএনসি-লাভালিনের সঙ্গে তাদের ওই সমঝোতা হয়েছে, যাতে প্রতিষ্ঠানটির ওপর ১০ বছরের নিষেধাজ্ঞা আরোপিত হলো।পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের কথা বিশ্বব্যাংক উত্থাপন করলে বাংলাদেশের সরকার প্রথমে তা সম্পূর্ণভাবে নাকচ করে দেয়। তারপর সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে দফায় দফায় আলোচনা চলে, কিন্তু শেষ পর্যন্ত দুই পক্ষের মধ্যে চূড়ান্ত বোঝাপড়া হয় না, বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন থেকে সরে দাঁড়ায়। সরকার ঘোষণা করে, বিকল্প অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হবে। পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগকে কেন্দ্র করে বিশ্বব্যাংকের অর্থায়ন প্রত্যাহারের ফলে বাংলাদেশের যে বিরাট ক্ষতি হয়েছে, তার জন্য দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কাদের কত শতাংশ উৎকোচ দেওয়ার প্রস্তাব করেছিল এসএনসি-লাভালিন, তা-ও এখন আর গোপন নেই। কিন্তু এর দায়ে কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে দুদক মামলা করলেও ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। দুদক থেকে বলা হয়েছিল, এসএনসি-লাভালিনের কাগজপত্র পেলেই তারা অভিযুক্ত সবার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। সন্দেহের অবকাশ নেই যে সাবেক যোগাযোগমন্ত্রীসহ আরও অনেক রাঘব-বোয়ালই এই অপতৎপরতার সঙ্গে জড়িত ছিলেন।দুদকের চেয়ারম্যান বিশ্বব্যাংকের এসএনসি-লাভালিনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এই বলে যে প্রতিষ্ঠানটি দুষ্কর্ম করেছে। তাহলে যাঁদের সঙ্গে তারা দুষ্কর্ম করেছে, তাঁদের বিরুদ্ধে দুদক কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার বিষয়। লোক দেখানো মামলা নয়, পদ্মা সেতু কেলেঙ্কারির সঙ্গে জড়িত সবাইকে বিচারে আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।