শিক্ষার্থী ও অভিভাবকদের চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই সোমবার সারা দেশে শুরু হতে যাচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ও সমমানের পরীক্ষা। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হওয়ার পর এটি দেশের সবচেয়ে বড় পাবলিক পরীক্ষা না হলেও গুরুত্বের বিচারে এখনো এসএসসি শীর্ষে। এ ধরনের একটি পরীক্ষা নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হবে, সেটাই সবার প্রত্যাশা। যদিও কয়েক বছর ধরে রাজনৈতিক অস্থিরতার কারণে সেটি হতে পারেনি। এবারও বছরের শুরুতে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ কর্মসূচি লাখ লাখ শিক্ষার্থীকে মহা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে।
এসএসসি পরীক্ষা পেছানো হবে কি না, সিদ্ধান্ত হয়নি: শিক্ষামন্ত্রীশিক্ষা মন্ত্রণালয় ও বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলেছেন, বিরোধী জোটের অবরোধ সত্ত্বেও যথাসময়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি হবে না, তা এখনো অনিশ্চিত। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ছেলেমেয়েদের পরীক্ষায় বিঘ্ন না ঘটানোর জন্য বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। আশা করি, বিরোধী জোট তাঁর এই আহ্বান উপেক্ষা করবে না। রাজনৈতিক কর্মসূচির নামে শিক্ষার্থীদের পরীক্ষায় ব্যাঘাত ঘটানো কোনো দায়িত্বশীল দলের কাজ হতে পারে না।
এসএসসি পরীক্ষার মাত্র এক দিন বাকি। অথচ বিরোধীদলীয় জোট চলমান অবরোধের পাশাপাশি ৭২ ঘণ্টার হরতাল আহ্বান করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। উদ্বিগ্ন শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকেই প্রথম আলোতে ফোন করে বা চিঠি লিখে তাঁদের উদ্বেগের কথা জানাচ্ছেন। কারণ, ২০-দলীয় জোটের কর্মসূচি চলতে থাকলে অভিভাবক ও শিক্ষার্থীদের ঝুঁকি নিয়েই কেন্দ্রে যাওয়া-আসা করতে হবে। বিরোধী জোটের প্রতি আমাদের আহ্বান থাকবে, ইতিমধ্যে শিক্ষার্থীদের অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতির পরিমাণ আর বাড়াবেন না। কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করবেন না।
যে পরীক্ষার সঙ্গে প্রায় ১৫ লাখ শিক্ষার্থীর জীবন ও স্বপ্ন জড়িত, সেই পরীক্ষাকে হরতাল-অবরোধের ঝুঁকিতে ফেলা যাবে না। তাই অবিলম্বে হরতাল–অবরোধ কর্মসূচি প্রত্যাহার করুন।