বিএনপিসহ বিরোধী ২০-দলীয় জোটের লাগাতার অবরোধ যদি এভাবেই চলতে থাকে, তাহলে আগামী ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া মাধ্যমিক ও সমমানের পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে পারবে কি না, এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ প্রকাশ পাচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই প্রত্যাশা করা হচ্ছে যে প্রায় ১৫ লাখ পরীক্ষার্থী ও তাদের পরিবারগুলোর এই উদ্বেগ রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করবে।
কিন্তু ইতিমধ্যে সংবাদপত্রে খবর বেরিয়েছে, মাধ্যমিক ও সমমানের পরীক্ষাগুলো চলাকালে অবরোধ প্রত্যাহারের কোনো ভাবনা বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের নেই; বরং চলমান লাগাতার কর্মসূচিকে তারা ওই সময় পর্যন্ত টেনে নিয়ে আরও বেগবান আন্দোলন গড়ে তোলার চেষ্টা করবে। এ খবর সত্য হলে তা হবে অবশ্যই দুর্ভাগ্যজনক। কেননা, ১৫ লাখ পরীক্ষার্থীকে জিম্মি করে আন্দোলন ‘বেগবান’ করার চিন্তা দুষ্ট রাজনৈতিক কৌশল।
শিক্ষা মন্ত্রণালয় এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো পেছানোর চিন্তাভাবনা করছে না। এটা বোধগম্য যে পরীক্ষা পেছানোর চিন্তা করেও কোনো ফল হবে না, যদি বিরোধী জোট তাদের অনির্দিষ্টকালীন অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে থাকে। পরীক্ষার্থীরাও পরীক্ষা পেছানোর পক্ষে নয়, কারণ তারা নির্ধারিত তারিখে পরীক্ষা শুরু ও শেষ করার প্রস্তুতি নিচ্ছে। মোটকথা, পরীক্ষা পেছানো কোনো কাজের কথা নয়। নির্ধারিত দিনগুলোতেই যেন নির্বিঘ্নে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে পারে, সরকারের তরফে সেটা নিশ্চিত করা হবে, এটাই প্রত্যাশিত। স্মরণ করা যেতে পারে, ২০১৩ সালে বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচির কারণে এসএসসি ও সমমানের পরীক্ষাগুলো মোট পাঁচ দিন পেছাতে হয়েছিল, পরীক্ষার্থীদের ওপর যার মানসিক প্রভাব হয়েছিল অত্যন্ত নেতিবাচক।
পরীক্ষা শুরু হতে এখনো এক সপ্তাহের বেশি সময় রয়েছে। বিএনপিসহ ২০-দলীয় জোটের প্রতি আমাদের আহ্বান, ১৫ লাখ পরীক্ষার্থীকে দুশ্চিন্তামুক্ত করা হোক। পরীক্ষাগুলো শুরু হওয়ার আগেই অবরোধ কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হোক।