ধর্মীয় সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু সম্প্রদায়ের মধ্যে যারা প্রান্তিক ও ভিন্নমতাবলম্বী, তাদের ওপর একের পর এক সন্ত্রাসী হামলাকে নিছক আইনশৃঙ্খলাজনিত সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এমনকি সব ঘটনায় ঢালাওভাবে অদৃশ্য জঙ্গি সংগঠন কিংবা বিরোধী দলের হাত আবিষ্কারও যে কোনো সুফল দেবে না, তা হলফ করে বলা যায়। তিন মাস আগে দুই বিদেশি নাগরিক হত্যার মধ্য দিয়ে যে পরিকল্পিত সন্ত্রাসী হামলার শুরু হয়, তার সঙ্গে গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গার আকন্দবাড়িয়ায় বাউল উৎসবের আয়োজক জাকারিয়াকে খুন করার যোগসূত্র আছে কি না, খতিয়ে দেখা জরুরি।
সরকার জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করলেও একের পর এক সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে এই কাগুজে ঘোষণায় তারা আদৌ ভীত নয়। জাকারিয়া হত্যার রেশ না কাটতেই কুষ্টিয়ায় হাটকালুগঞ্জে ওরস মাহফিলে ফের হামলা এবং লালমনিরহাটে উড়োচিঠিতে সেখানকার খ্রিষ্টান যাজকদের প্রাণহানির হুমকি দেওয়া হয়েছে। তারও আগে দিনাজপুরে কান্তজির মন্দির প্রাঙ্গণে, ইসকন মন্দিরে ও খ্রিষ্টান যাজকের ওপর হামলা এবং বগুড়ায় শিয়া মসজিদে ও ঢাকায় তাজিয়া মিছিলে হামলা করে মানুষ হত্যার ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এসব কিসের আলামত?
দুর্ভাগ্যজনক যে একের পর এক সন্ত্রাসী হামলা হলেও খুব কম ক্ষেত্রেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের ধরতে বা শনাক্ত করতে পেরেছে। যখনই কোনো অঘটন ঘটে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে। বিরোধী দল সত্যি সত্যি কোনো অপরাধে জড়িত থাকলে অবশ্যই তারা ধরবে। কিন্তু তদন্তের আগেই তদন্তকারী সংস্থা কিংবা ক্ষমতাসীনদের পক্ষ থেকে আগাম ভাষ্য তদন্তকেই ব্যাহত করে না, সত্যকে এবং অপরাধীদেরও আড়াল করে।
কোন অসহিষ্ণু সংস্কৃতি ও দর্শন ভিন্নমতের মানুষ হত্যা কিংবা তাদের উপাসনালয়ে হামলায় উদ্বুদ্ধ করে, তাও খুঁজে বের করা প্রয়োজন।
দেশে আইএস আছে কি নেই, সেই বিতর্কের চেয়েও জরুরি হলো জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। অপরাধী যে-ই হোক, তাকে ধরে বিচারে সোপর্দ করুন।