এসব প্রশ্নের জবাব কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর মেয়র লোকমান হোসেনের মৃত্যুসংবাদ আমি পাই ঘটনার রাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক এম এ কাউসার তাঁর মোবাইলের এসএমএস পড়ে প্রায় আর্তচিৎকার করে এই সংবাদ জানান। অনাকাঙ্ক্ষিত এবং নিষ্ঠুর মৃত্যু আমাদের খুব বিচলিত করে না আর। কিন্তু কাউসার নরসিংদীর অধিবাসী, তিনি কিছুতেই মেনে নিতে পারেন না এই মৃত্যু। কাউসার আমাদের জানান মেয়র লোকমানের অসামান্য সব কীর্তির কথা। তাঁর ভাষ্যমতে, নরসিংদীর উন্নয়ন আর মানুষের সমস্যা সমাধানের জন্য লোকমান যা করেছেন, অন্য কেউ কখনো তা করেননি। লোকমান এতই জনপ্রিয় ছিলেন যে তাঁকে হারিয়ে অন্য কেউ ভবিষ্যতে মেয়র হতে পারবেন, তা ভাবা যেত না।লোকমান শুধু জনপ্রিয় ছিলেন না, তিনি ছিলেন সারা বাংলাদেশে শ্রেষ্ঠ মেয়র হিসেবে দুবার পুরস্কারপ্রাপ্ত। এই অপার সম্ভাবনাময় জনপ্রতিনিধিকে কারা হত্যা করল এমন নৃশংসভাবে? তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদের প্রত্যাশী ছিলেন। তাঁর সঙ্গে স্থানীয় কিছু আওয়ামী লীগের নেতা, বিশেষ করে ডাক ও তারমন্ত্রী রাজিউদ্দিন রাজুর অনুসারীদের বিরোধ ছিল। লোকমানের সমর্থক স্থানীয় ছাত্রলীগের নেতারা কিছুদিন আগে রাজুকে অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন এলাকায়। লোকমান কি মন্ত্রীর ক্রোধের শিকার হলেন? বাংলাদেশের রাজনীতিতে নিজ দলের উদীয়মান প্রতিদ্বন্দ্বীকে হত্যা করার ঘটনা নতুন নয়। নরসিংদীতে কি তা-ই ঘটল? নরসিংদী আওয়ামী লীগ ও ছাত্রলীগের বড় একটি অংশ এ হত্যাকাণ্ডে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়, সেখানে কিছু সরকারি ভবন তাৎক্ষণিকভাবে ভাঙচুর করা হয়। পরদিন স্থানীয় ছাত্রলীগের ডাকা হরতালে এগারসিন্দুর এক্সপ্রেস নামের ট্রেন পুড়িয়ে দেওয়া হয় আগুন দিয়ে। হত্যাকাণ্ডের রাতে পত্রিকাগুলোর ওয়েব পাতা পড়ে আর টেলিভিশন দেখে বোঝা যায়, লোকমানের পরিবারের সদস্য আর তাঁর ঘনিষ্ঠজনদের সন্দেহ, লোকমানকে হত্যা করা হয়েছে মন্ত্রী রাজিউদ্দিন রাজুর ভাই সালাউদ্দিন আহমেদের নির্দেশে।এই যখন অবস্থা, তখন আমাদের হতবাক করে দিয়ে সরকার লোকমান হত্যাকাণ্ডের জন্য গ্রেপ্তার করে বিএনপির নেতা খায়রুল কবির খোকনকে। হত্যাকাণ্ডের সময় খোকন ঢাকায় ছিলেন। লোকমানের পরিবারের পক্ষ থেকে খোকন এর সঙ্গে জড়িত থাকতে পারেন—এমন কোনো আভাস দেওয়া হয়নি। সবচেয়ে যা লক্ষণীয়, হত্যাকাণ্ডের জন্য সন্দেহের তীর যাঁর দিকে, সেই সালাউদ্দিন নিজেই বললেন—খোকনকে কেন গ্রেপ্তার করা হয়েছে, তা তিনি বুঝতে পারছেন না। খোকনের বিষয়ে তিনি নিজে কাউকে অভিযোগ জানাননি।খোকনকে তাহলে গ্রেপ্তার করা হলো কেন? পরে স্বয়ং আদালত তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার পরই অবিশ্বাস্য আরও দুটো অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হলো কেন? কেন পুলিশ হত্যাকাণ্ডের নয় দিন পর এখনো গ্রেপ্তার করতে পারল না প্রকৃত আসামিদের? এসব প্রশ্ন নিয়ে ভাবলে এ সরকারের আমলে আইনের শাসনের যে অধঃপতন লক্ষণীয় হয়ে ওঠে, তা ভয়াবহ এবং শোচনীয়। ২. খোকনকে গ্রেপ্তার করা হয় ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায়। বাংলাদেশে আদালতের কাছে সবচেয়ে নিন্দিত দুটো গ্রেপ্তার-প্রক্রিয়ার একটি হচ্ছে ৫৪ ধারা (অন্যটি বিশেষ ক্ষমতা আইনে নিবারণমূলক আটক)। ৫৪ ধারা পুলিশকে সন্দেহবশত কাউকে গ্রেপ্তার করার ক্ষমতা দিয়েছে। কিন্তু গত ১০-১২ বছরে অন্তত এক ডজন মামলায় আদালত পুলিশের এই ক্ষমতা সীমাবদ্ধ বলে সিদ্ধান্ত দিয়েছেন। যেমন—কালান্দিয়ার কবীর বনাম বাংলাদেশ মামলায় আদালত বলেছেন, শুধু কোনো অপরাধের সঙ্গে কারও জড়িত থাকার বিশ্বাসযোগ্য তথ্য (ক্রেডিবল ইনফরমেশন) থাকলে পুলিশ ৫৪ ধারায় গ্রেপ্তার করতে পারবে (৫৪ ডিএলআর ২৫৮)। আর পুলিশ যদি সন্দেহের ভিত্তিতে কাউকে গ্রেপ্তার করে, সেই সন্দেহ যুক্তিসংগত হতে হবে এবং পুলিশকে অবশ্যই সেই যুক্তিগুলো জানাতে হবে (ব্লাস্ট বনাম বাংলাদেশ, ৫৫ ডিএলআর ৩৬৩)। আদালতের বিভিন্ন রায়ে এটি পরিষ্কার, কোনো বিশ্বাসযোগ্য তথ্য বা যুক্তিসংগত সন্দেহ ছাড়া পুলিশ কাউকে ৫৪ ধারায় গ্রেপ্তার করতে পারে না। খায়রুল কবির খোকন লোকমান হত্যাকাণ্ডে জড়িত—এটি লোকমানের পরিবার, এমনকি স্থানীয় আওয়ামী লীগের নেতারা বলেননি। লোকমানের সঙ্গে তাঁর কোনো ব্যবসায়িক, রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধের খবর কোথাও প্রকাশিত হয়নি। খোকনকে পুলিশ গ্রেপ্তার করেছিল হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যে। কাজেই কোনো ফরেনসিক রিপোর্টও পুলিশ ততক্ষণে পায়নি। তাহলে তাঁকে কিসের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছিল? কেন গ্রেপ্তার করা হয়েছিল? এটি কি করা হয়েছিল লোকমান হত্যাকাণ্ডের প্রকৃত আসামিদের বাঁচানোর জন্য? বিএনপিকে রাজনৈতিকভাবে হেনস্তা করার জন্য? রাজনৈতিকভাবে এত স্পর্শকাতর সিদ্ধান্ত কোনো নিম্নপদস্থ পুলিশ কর্মকর্তা নিজে নিজে নিতে পারেন না। বাংলাদেশের ইতিহাস বলে, এমন সিদ্ধান্ত আসে সরকারের কোনো প্রবল ক্ষমতাধর মহল থেকে। তা-ই যদি হয়, তাহলে এটি কি আইনের শাসন? নিজ দলের জনপ্রিয় একজন মেয়রের হত্যাকাণ্ড ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা যদি সরকার করে থাকে, তাহলে মানুষের নিরাপত্তাবোধের আর বাকি থাকে কি? ৩. খোকন অবশেষে হত্যা মামলা থেকে রেহাই পেয়েছেন বাদীর করা এজাহারে তাঁর নাম ছিল না বলে। এজাহারে যাতে তাঁর নাম ঢোকানো হয়, সে জন্য আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা লোকমানের পরিবারকে নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে সংবাদ প্রকাশিত হয়েছে। লোকমানের পরিবার এই অন্যায় চাপের কাছে নতি স্বীকার করেনি বলে আদালতের পক্ষে খোকনকে লোকমান হত্যাকাণ্ড থেকে অব্যাহতি দেওয়া ছাড়া কোনো গত্যন্তর ছিল না। কিন্তু আমরা সবিস্ময়ে লক্ষ করি, এরই মধ্যে আরও দুটি দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে পুনরায় আদালত থেকে জেলে পাঠানো হয়। এর একটি মামলা হত্যাকাণ্ডের দিন নরসিংদীর সার্কিট হাউস ভাঙচুরের, অন্যটি রেলস্টেশনে ভাঙচুরের। প্রথম আলোর কিছু পাঠক তাই ওয়েব সংস্করণে প্রশ্ন তুলেছেন: খোকন কি জিন-ভূত? না হলে ঢাকায় অবস্থান করে তিনি নরসিংদীতে এসব নাশকতামূলক কাজ কীভাবে করলেন? আমাদের আশঙ্কা করার কারণ রয়েছে যে প্রথমটির মতো পরের দুটি মামলায়ও খোকনকে গ্রেপ্তার করা হয়েছে অসৎ রাজনৈতিক উদ্দেশ্যে। দ্বিতীয় মামলায় খোকন জামিন পেয়েছেন বৃহস্পতিবার, তৃতীয় মামলায়ও তিনি জামিন পেতে পারেন। অভিযোগগুলো যে অত্যন্ত অন্যায়ভাবে করা, তা-ও একসময় হয়তো প্রমাণিত হবে। কিন্তু এই অন্যায়ের শাস্তি কি পাবে কেউ?মাহ্ফুজ আনাম একটি সাম্প্রতিক লেখায় প্রশ্ন তুলেছেন, রাজনীতিবিদেরা জনগণকে নির্বোধ (ইডিয়ট) ভাবেন কি না? আমার আরও একটি প্রশ্ন করতে ইচ্ছে করছে এখন। বিক্ষুব্ধ বিএনপির নেতারা খোকনকে গ্রেপ্তারের জন্য সরকারের সমালোচনা করেছিলেন। জবাবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই সমালোচনা করা হচ্ছে অন্যায়ভাবে! তাঁর এ মন্তব্য পড়ে কাকে নির্বোধ ভাবা উচিত? ৪. এরশাদবিরোধী আন্দোলনের সময় অনেক ছাত্রনেতাই অস্ত্রের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। সে সময় একজন সক্রিয় সাংবাদিক হিসেবে দেখেছি, খোকন ছিলেন তার সুস্পষ্ট ব্যতিক্রম। সে সময়কার ছাত্রনেতাদের কেউ কেউ পরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়েছেন—এমন অভিযোগও শুনি আমরা। খোকন সেখানেও ছিলেন উজ্জ্বল ব্যতিক্রম। একটি অভিন্ন ঘটনার ধারাক্রমে একজন জনদরদি মেয়রকে (লোকমান) হত্যা এবং আরেকজন সুস্থধারার রাজনীতিককে (খোকন) কালিমালিপ্ত করার রাজনীতিই কি এখন শাসন করছে বাংলাদেশকে? হতাশ ও বিষাদগ্রস্ত হওয়ার আসল কারণ এ প্রশ্নের মধ্যে, অন্য কিছুতে নয়।লোকমান হত্যাকাণ্ডের মূল আসামি একজন মন্ত্রীর ভাই। অন্য আসামিরা সেই মন্ত্রীর ঘনিষ্ঠজন। আমরা কবে তাঁদের সবাইকে গ্রেপ্তার হতে দেখব? পুলিশ কবে তাঁদের খুঁজে পাবে? আদৌ কি কোনো দিন বিচার হবে এঁদের? এই সরকারের আমলে আওয়ামী লীগের সাংসদ শাওনের গাড়িতে তাঁরই পিস্তলের গুলিতে একজন নিহত হওয়ার পর এবং সেই লাশ নিয়ে তাঁর লোকজন ওই গাড়িতে নানা স্থানে ছোটাছুটি করার পরও তাঁকে গ্রেপ্তার হতে হয়নি। এ ধরনের ঘটনা কি লোকমানের হত্যাকারীদের উৎসাহিত করেনি? হত্যাকারী সরকারি দলের লোক হলে, তাঁদের পেছনে সরকারের শক্তিশালী কেউ থাকলে গ্রেপ্তার বা বিচারের ভয় নেই, এমন ধারণা কি দেশে তৈরি হয়নি? ৫. আমার প্রশ্ন এখনো শেষ হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আরও দুটি প্রশ্ন রয়েছে। বিরোধী দল হরতাল ডাকলে ভ্রাম্যমাণ আদালত নামানো হয়; ছাত্রলীগের হরতালের সময় নরসিংদীতে তা করা হলো না কেন? সিরাজগঞ্জে বিক্ষুব্ধ মানুষ ট্রেনে আগুন দেওয়ার পর বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছিল। একই কাজ নরসিংদীতে ছাত্রলীগের হরতালের সময় হওয়ার পর কেন তাদের কর্মীরা গণগ্রেপ্তারের শিকার হলেন না? আপনি দিনবদলের সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। এসব কেমন দিনবদল?বিএনপির নেতাদের কাছে একটিই প্রশ্ন, আপনাদের আমলে প্রায় একই রকমভাবে একটি বোমাবাজি মামলায় আওয়ামী লীগের নেতা সাবের হোসেন চৌধুরীকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছিল। এখন সে কথা মনে করে একটুও লজ্জিত হন কি?এসব প্রশ্নের উত্তর কোথায় পাব আমরা? l আসিফ নজরুল: অধ্যাপক, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।