এসব মৃত্যু যেন বৃথা না যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) গুলশান হত্যাযজ্ঞে নিহত ব্যক্তিদের স্মরণে বুধবার সন্ধ্যায় ঢাকার র্যাডিসন হোটেলে যে অনুষ্ঠানের আয়োজন করেছিল, তা ছিল অশুভকে মোকাবিলার প্রত্যয় ঘোষণার একটি দৃষ্টান্ত। নিঃসন্দেহে পরিবেশটি ছিল বেদনাবিধুর। অনুষ্ঠানের মঞ্চে যাঁরা কথা বলেছেন, তাঁরা নিজেরা কেঁদেছেন, কাঁদিয়েছেন অন্যদেরও। কিন্তু শোকময় নীরবতা পালন ও অশ্রুসজল বক্তব্য ছাপিয়ে যা প্রবল হয়ে উঠেছে, তা এক দৃঢ় প্রত্যয়: জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে।
গত ১ জুলাই ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় ১৭ জন বিদেশি নাগরিকসহ ২২ জন মানুষের মর্মান্তিক মৃত্যুর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতির স্তম্ভিত শোকবিহ্বলতার সঙ্গে প্রতিবাদ; ছিল সহিংসতার বিরুদ্ধে প্রবল ঘৃণা। ধর্মের নামে যারা মানুষ হত্যায় মেতে উঠেছে, তাদের বিরুদ্ধে দেশজুড়ে মানুষ তীব্র ধিক্কার জানিয়েছে। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গিবাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ব্যবসায়ী সম্প্রদায়ও তার বাইরে থাকেনি।
সেই ধারাবাহিকতায় বুধবার এমসিসিআইর আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী, ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিক এবং নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কণ্ঠে উচ্চারিত হয়েছে জঙ্গিবাদকে প্রতিহত করার সংকল্প। তাঁরা বলেছেন, জঙ্গিদের হাতে যাঁরা প্রাণ দিয়েছেন, তাঁদের মৃত্যু যেন বৃথা না যায়। অর্থাৎ মানবতার বিরুদ্ধে এই বর্বরতার অবসান আমাদের ঘটাতেই হবে। রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ, শ্রেণি–পেশানির্বিশেষে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে জঙ্গিবাদকে। এই অশুভ শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের জানিয়ে দিতে হবে, বাংলাদেশের মাটিতে জঙ্গিদের কোনো স্থান হবে না।
এই লক্ষ্য অর্জনের জন্য সামাজিক সচেতনতা অত্যন্ত প্রয়োজন। প্রতিটি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে উদারতা, সহনশীলতা, পরমত-পরধর্মসহিষ্ণুতার নীতি অনুসরণ ও অনুশীলন করা। পাশাপাশি প্রয়োজন প্রতিটি জনপদে, পাড়া-মহল্লায় সবার সতর্ক দৃষ্টি।
সরকারের ভূমিকাও বিরাট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে জঙ্গিবাদ দমনের কাজে দক্ষ ও দায়িত্বশীল করে তোলার বিকল্প নেই। সরকার দেশজুড়ে যে জঙ্গিবিরোধী তৎপরতা শুরু করেছে, তা অব্যাহত রাখতে হবে। আর কোনো মানুষ জঙ্গিদের হাতে প্রাণ হারাবে না—এই নিশ্চয়তা সৃষ্টি করার দায়িত্ব সরকারের।