জীর্ণ-পুরাতন সবকিছু পিছে ফেলে নতুন আশা ও আনন্দের বার্তা নিয়ে বাংলার ঘরে ঘরে আবার এল পয়লা বৈশাখ। ১৪২৬ বঙ্গাব্দের এই প্রথম প্রভাতে আমরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
নববর্ষ এক আনন্দোৎসব। কেননা, তা আসে নতুন আশা নিয়ে, নতুন স্বপ্ন নিয়ে, নতুন প্রত্যয় নিয়ে। ফেলে আসা দিনগুলোর ব্যর্থতা ও হতাশার বিপরীতে সাফল্য অর্জনের নতুন প্রেরণা ও সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন অধ্যায় শুরু হয়।
পয়লা বৈশাখের উৎসবের প্রধান বৈশিষ্ট্য এর সর্বজনীনতা, এটি সব বাঙালির প্রাণের উৎসব। পৃথিবীতে প্রচলিত অধিকাংশ বর্ষপঞ্জির উৎপত্তি কোনো না কোনো ধর্মের সঙ্গে সম্পর্কিত, কিন্তু বাংলা নববর্ষের কোনো ধর্মীয় অনুষঙ্গ নেই, এই উৎসব একান্তই সাংস্কৃতিক ও বৈষয়িক। কৃষিকাজ ও খাজনা সংগ্রহের ব্যবস্থাকে কেন্দ্র করে এই উৎসবের সূচনা ঘটে। পরে ব্যবসা-বাণিজ্যের দেনা-পাওনার হিসাব মেটানোর বিষয়টি এর সঙ্গে যুক্ত হয়, হালখাতা খোলা হয় পয়লা বৈশাখেই। আদিতে এটি ছিল গ্রামীণ উৎসব, তখন গ্রামে গ্রামে মেলা বসত, নানা রকমের খেলাধুলার আয়োজন হতো। কোনো কোনো মেলা পয়লা বৈশাখের দিন শুরু হয়ে পরবর্তী সপ্তাহ দুয়েক ধরে চলত। এমন মেলা এখনো দেশের বিভিন্ন অঞ্চলে আয়োজিত হয়।
এই উৎসব শুধু গ্রামাঞ্চলেই সীমাবদ্ধ থাকেনি, দিনে দিনে শহরাঞ্চলেও বিস্তৃত হয়েছে। এখন শহুরে মধ্যবিত্তের সবচেয়ে বড় সাংস্কৃতিক উৎসব পয়লা বৈশাখ। গ্রাম-শহর মিলিয়ে পয়লা বৈশাখ এখন সব বাঙালির সর্বজনীন সাংস্কৃতিক আনন্দ-উৎসব। ধর্ম-সম্প্রদায়নির্বিশেষে বাংলা ভূখণ্ডের সব মানুষের প্রাণের উৎসব। এর মধ্য দিয়ে পরিস্ফুট হয় বাঙালির স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয়। পাকিস্তানি পরাধীনতার কালে এই সাংস্কৃতিক স্বাতন্ত্র্য আমাদের রাজনৈতিক চেতনাকে শাণিত করেছিল। সে কারণেই পাকিস্তানি শাসকগোষ্ঠী এ উৎসব আয়োজনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করত। সেই সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয়েছে। সেই সংগ্রামের একটা অংশ ছিল ১৯৬০–এর দশকে ঢাকায় রমনা উদ্যানের বটমূলে সূচিত হয় ছায়ানটের বর্ষবরণ উৎসব। সেই উৎসব আমাদের আত্মপরিচয় প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামকে বেগবান করেছে।
রমনা বটমূলের সেই বর্ষবরণ উৎসব আজও অব্যাহত আছে। শুধু তা–ই নয়, এ অনুষ্ঠানের আদলে রাজধানীর বিভিন্ন মহল্লায় এবং সারা দেশের বিভিন্ন শহরে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন চলে। পয়লা বৈশাখে সারা বাংলাদেশ উৎসবে মেতে ওঠে, সর্বত্র জেগে ওঠে প্রাণের উচ্ছ্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রায় বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে যোগ দেন বিভিন্ন শ্রেণি ও পেশার অজস্র মানুষ।
সাম্প্রতিক অতীতে পয়লা বৈশাখের উৎসব অনুষ্ঠানে সন্ত্রাসী হামলা ও নারী নিগ্রহের দুঃখজনক অভিজ্ঞতা আমাদের হয়েছে। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীগুলো এ উৎসবের বিরুদ্ধে যুক্তিহীন অপপ্রচারও চালিয়ে যাচ্ছে। গত তিন বছর আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষ জননিরাপত্তা নিশ্চিত করার প্রয়াসে রাজধানী ঢাকাসহ সারা দেশে উৎসব পালনের সময়সীমা সংকুচিত করেছে। একই ধরনের পদক্ষেপ এ বছরও ঘোষণা করা হয়েছে। জননিরাপত্তা অবশ্যই গুরুত্বপূর্ণ বিষয়, তবে অতিরিক্ত কঠোরতা উৎসবের স্বতঃস্ফূর্ততা ক্ষুণ্ন করতে পারে। জননিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা জোরালো করা উচিত, যে নিরাপত্তাহীনতার সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে আগেই তথ্য পাওয়া যায় এবং সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া যায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের দায়িত্ব মানুষের স্বাভাবিক চলাচল ও উৎসব পালনের সুযোগ খর্ব না করেই তাদের নিরাপত্তা নিশ্চিত করা। বাধানিষেধের তালিকা যথাসম্ভব ছোট হওয়াই ভালো।
আসুন, আমরা নির্বিঘ্ন-নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করি। নতুন বছর সবার জন্য কল্যাণ বয়ে আনুক। প্রীতি-ভালোবাসায় আনন্দ-উৎসবে দূর হয়ে যাক সব অশান্তি। পৃথিবী শান্তিময় হোক।