ঐতিহাসিক আমতলা সংরক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহান একুশের ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আমতলার স্মৃতি মুছে ফেলা কিংবা জায়গাটি সংরক্ষণ না করা দেশ ও জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কলাভবনের সামনে যেখানে আমগাছটি ছিল, সেটিই গেল শতকের পঞ্চাশ ও ষাটের দশকে পরিণত হয় প্রায় সব আন্দোলন-সংগ্রামের কেন্দ্রস্থলে। বায়ান্নর একুশে ফেব্রুয়ারি যে ছাত্ররা ১৪৪ ধারা ভঙ্গ করে মিছিল বের করেছিলেন, তারও সূচনা হয়েছিল এখান থেকে।
তখন বর্তমান মেডিকেল কলেজ হাসপাতালের একাংশ ব্যবহৃত হতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন হিসেবে। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, আমতলার গেটটি পুরোটা ঢাকা পড়েছে নানা রকম বাণিজ্যিক ও রাজনৈতিক পোস্টারে। গেটের ওপরে টানানো ‘ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত আমতলার ঐতিহাসিক প্রাঙ্গণ থেকে’ শিরোনামে দুই ফুট দৈর্ঘ্য ফলকটি এখন জীর্ণ। যেকোনো সময় খসে পড়তে পারে। দেখে বোঝার উপায় নেই যে এটিই ছিল আমতলা প্রাঙ্গণ।
প্রাকৃতিক নিয়মে আন্দোলনের প্রতীক আমগাছটিকে বাঁচাতে না পারলেও জায়গাটি সংরক্ষণ করার ক্ষেত্রে সংশ্লিষ্টরা যে অবহেলা ও উপেক্ষা দেখিয়েছে, তা অমার্জনীয়। যে ভাষা আন্দোলন আমাদের জাতীয় মুক্তি ও স্বাধীনতার সূতিকাগার হিসেবে কাজ করেছে, সেই আন্দোলনের স্মৃতিধন্য জায়গাটির সংরক্ষণ অবশ্যকর্তব্য হলেও এর দায় কেউ নিতে চাইছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এটি করার দায়িত্ব মেডিকেল কলেজের। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বলছে, সরকারকে উদ্যোগ নিতে হবে। দক্ষিণ সিটি করপোরেশন নানা রকম উচ্ছেদ ও পরিচ্ছন্নতা অভিযান চালালেও নগর ভবনের কাছের নিকটবর্তী আমতলার প্রতি কোনো নজরই দিচ্ছে না।
সব মিলিয়ে ভাষা আন্দোলন ও শহীদদের স্মৃতিবিজড়িত জায়গাটি চরম অবহেলার শিকার। ভাষাসৈনিক ও লেখক আহমদ রফিক ক্ষোভের সঙ্গে বলেছেন, তিনি এ নিয়ে অনেক লেখালেখি করলেও কাজ হয়নি। আশার কথা, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ঢাকা মেডিকেল কলেজ না করলে সংস্কৃতি মন্ত্রণালয়ই ঐতিহাসিক আমতলা সংরক্ষণের দায়িত্ব নেবে। মন্ত্রীর আশ্বাস যে শুধু কথার কথা নয়, সেটি কাজ দিয়েই প্রমাণ করতে হবে।