ঐতিহাসিক সমঝোতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমঝোতায় আসতে হলে যে উভয় পক্ষকে ছাড় দিতে হয়, সেটাই দেখাল মধ্যপ্রাচ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ইরান এবং ছয় বিশ্বশক্তি (নিরাপত্তা পরিষদের পাঁচ সদস্য ও জার্মানি)। সুইজারল্যান্ডের লুজান শহরে আট দিনের আলোচনা শেষে তাদের মধ্যে এই সমঝোতা হয় যে ইরান সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুত কমিয়ে আনবে, সেন্ট্রিফিউজের সংখ্যা ১৯ হাজার থেকে নামিয়ে ছয় হাজারে নিয়ে আসবে। এর বিনিময়ে ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য ধাপে ধাপে নিষেধাজ্ঞা তুলে নেবে। অন্যদিকে অান্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের ইরানের সংশ্লিষ্ট অবকাঠামোগুলো নিয়মিত পরিদর্শনের সুযোগ দিতেও রাজি হয়েছে দেশটি। এটি প্রাথমিক সমঝোতা। আগামী ৩০ জুনের মধ্যে চূড়ান্ত চুক্তি হওয়ার কথা।
ইরান ছাড় দেবে, পশ্চিমারা তুলে নেবে অবরোধএই সমঝোতা এমন সময়ে হলো, যখন ইরাক, সিরিয়া, লিবিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আইএস জঙ্গিদের তৎপরতা বেড়েছে। কট্টর সুন্নি মতাবলম্বী এই জঙ্গিগোষ্ঠী যেমন ইরানের জন্য হুমকি, তেমনি বিপজ্জনক পশ্চিমা শক্তিগুলোরও জন্যও। এ ছাড়া দীর্ঘস্থায়ী অবরোধের কালে ইরানের অর্থনীতি দুর্বল হয়ে পড়ছিল। তাই আরও অধিক সময় পশ্চিমের সঙ্গে বিরোধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। পশ্চিমা শক্তিকে তেহরান সম্ভবত বোঝাতে পেরেছে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এই সমঝোতাকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনসহ বিশ্বনেতারা সমঝোতাকে স্বাগত জানালেও ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু দেখেছেন বাঁকা চোখে। এর মাধ্যমে তিনি প্রমাণ করলেন, মধ্যপ্রাচ্যের যেকোনো শান্তিপ্রক্রিয়ায় ওই রাষ্ট্রটিই প্রধান বাধা।
এই সমঝোতার ফলে মধ্যপ্রাচ্যে যে শান্তির সম্ভাবনা দেখা দিয়েছে, সেটি কাজে লাগাতে হলে সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্কোন্নয়নের পাশাপাশি ইসরায়েলকেও আগ্রাসী নীতি থেকে সরে আসতে হবে। চূড়ান্ত চুক্তির পর যত দ্রুত সম্ভব ইরানের ওপর থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও প্রত্যাশিত। চুক্তির শর্ত পূরণের দায়িত্ব কেবল এক পক্ষের নয়।