জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেসকো) ১৯৮৩ সালে বাগেরহাট শহরকে ঐতিহ্যের শহর হিসেবে ঘোষণা করে। এই শহরে ৬০০ বছরের পুরোনো একটি সড়ক রয়েছে, যেটি ঐতিহাসিক ‘গ্র্যান্ড ট্রাংক রোড’ থেকেও দেড় শ বছরের পুরোনো। বিস্ময়ের বিষয় হচ্ছে, সড়কটি এখনো চলাচলের জন্য ব্যবহৃত হচ্ছে। হজরত খানজাহান আলী (রহ.)–এর নির্মিত এই সড়কসহ শতাধিক ঐতিহাসিক স্থাপনা রয়েছে শহরটিতে। কিন্তু সংরক্ষণের তেমন উদ্যোগ না থাকায় অমূল্য এই প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিনষ্ট হচ্ছে।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য তালিকায় থাকা পুরোনো সেই সড়ক, চুনখোলা মসজিদ বা হজরত খানজাহান আলী (রহ.)–এর স্মৃতিবিজড়িত স্থাপনাগুলোতে নেই সীমানাপ্রাচীর, নিরাপত্তা বা নিয়মিত পরিচ্ছন্নতার লোক। কেবল ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ছাড়া বাগেরহাটের অন্য সব প্রত্নতাত্ত্বিক স্থাপনার একই অবস্থা। সোনাতলায় অবস্থিত অনবদ্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন বড় আদিনা মসজিদ। ধ্বংসপ্রাপ্ত এই মসজিদের ঢিবি থেকে চুরি হয়ে গেছে ইট ও পাথর। সেখানে গড়ে উঠেছে বসতবাড়িও।
ষাটগম্বুজ মসজিদসহ পুরো বাগেরহাট শহরকেই ১৯৮৩ সালে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেসকো। কিন্তু ৩৯ বছরেও সেখানকার ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে কার্যকর কোনো ভূমিকা নেয়নি প্রত্নতত্ত্ব অধিদপ্তর। শুধু বাগেরহাটের ঐতিহাসিক স্থাপনা নয়, সারা দেশের অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শনের ক্ষেত্রে একই অভিযোগ পাওয়া যায়।
কোনো জাতির ক্ষেত্রে ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার গুরুত্ব অপরিসীম। জাতির ভবিষ্যৎ বিনির্মাণের জন্যই ইতিহাসকে জানাবোঝা জরুরি। অথচ রাষ্ট্রীয় থেকে ব্যক্তি—সব পর্যায়েই এগুলো সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণে অনীহা দেখা যায়। অযত্ন, অবহেলা কিংবা যথেচ্ছ ব্যবহারে সেগুলো নষ্ট হয়। ঐতিহাসিক এসব নিদর্শন হারিয়ে যাওয়া মানে ইতিহাসের একটা সময়কাল চিরতরে হারিয়ে যাওয়া।
সম্প্রতি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বাগেরহাটের প্রাচীন স্থাপনাগুলো নিয়ে বলেছেন, ‘কিছুতেই এসব ঐতিহাসিক স্থাপনা নষ্ট করতে দেওয়া যাবে না। এ বিষয়ে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’ আমরাও মনে করি, বাগেরহাটসহ বাংলাদেশের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে এ প্রতিশ্রুতি সরকার রক্ষা করবে। কিন্তু ইউনেসকো বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা দেওয়ার পর এতগুলো বছর পেরিয়ে গেলেও সেগুলো সংরক্ষণে যখন কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান হয় না, তখন এ বিষয়ে নীতিনির্ধারকেরা কতটা গুরুত্ব দিচ্ছেন, সে প্রশ্নটি সামনে চলে আসে।
জলবায়ু পরিবর্তন ও লবণাক্ততা বৃদ্ধির কারণে বাগেরহাটের ঐতিহাসিক স্থাপনাগুলো বিজ্ঞানসম্মত উপায়ে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। আমরা আশা করব, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর অমূল্য এসব নিদর্শন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে উদ্যোগী হবে।