স্রেফ সময়মতো উদ্যোগ না নেওয়ার কারণে ঐতিহ্যবাহী পণ্য জামদানি শাড়ি ও নকশিকাঁথার জিওগ্রাফিক্যাল ইনডেক্স (জিআই) নিবন্ধন পায়নি বাংলাদেশ। এ দুটি পণ্যের জিআই পেয়েছে ভারত। ফলে এ দুটি পণ্য ভারতীয় পণ্য হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাবে। একই সঙ্গে ভারত ফজলি, হিমসাগর ও লক্ষ্মণভোগ আমেরও জিআই নিবন্ধন পেয়েছে। অথচ আমরা সবাই জানি, এগুলো আমাদের দেশের ঐতিহ্যবাহী আমের জাত।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ট্রিপস চুক্তিতে বিশ্বের প্রতিটি দেশকে নিজ দেশে উৎপাদিত পণ্য, বস্তু ও জ্ঞান নিবন্ধন করার এখতিয়ার দেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি দেশ নিজের স্বকীয়তা আন্তর্জাতিক পরিসরে প্রকাশের সুযোগ পায়। করপোরেট প্রতিষ্ঠান যেমন নিজের পণ্যের ব্র্যান্ডিং করে, তেমনি একটি দেশের জাতীয় পণ্য বা বস্তুর ব্র্যান্ডিং নিশ্চিত হবে এই নিবন্ধনের মধ্য দিয়ে। কিন্তু সময়মতো উদ্যোগ না নেওয়ায় বাংলাদেশ নিজের ব্র্যান্ডিংয়ের বেশ কিছু উপাদান হারাল। তবে বিশেষজ্ঞরা বলছেন, নিবন্ধনদাতা আন্তর্জাতিক প্রতিষ্ঠান ওয়াইপিওতে সালিস ডেকে বাংলাদেশ হাতছাড়া হয়ে যাওয়া পণ্যের মালিকানা ফিরে পেতে পারে।
ভারত এই নিবন্ধন প্রক্রিয়া শুরু করেছে সেই ১৯৯০ সালে। আর আমরা কেবল সেই প্রক্রিয়া শুরু করেছি। এই নিবন্ধন প্রক্রিয়া শুরু করার আগে প্রতিটি দেশকে নিজের আইন ও বিধিমালা তৈরি করতে হয়। আমরা আইন করেছি ২০১৩ সালে, আর বিধিমালা করতে করতে ২০১৫ সাল পর্যন্ত সময় লেগেছে।
নিবন্ধন না পাওয়ার কারণে বাংলাদেশ যে ফজলি আম বা নকশিকাঁথা উৎপাদন ও বিশ্ববাজারে বিপণন করতে পারবে না, তা নয়। তবে এই দুটি পণ্য ভারতীয় পণ্য হিসেবে নিবন্ধিত হওয়ায় আন্তর্জাতিক বাজারে তারা বাংলাদেশের চেয়ে বেশি দাম পাবে। অর্থাৎ প্রতিযোগিতায় বাংলাদেশ পিছিয়ে পড়বে। আশার কথা, সরকারের বিভিন্ন দপ্তর শেষ পর্যন্ত দেশের ঐতিহ্যবাহী বস্তু ও পণ্যের তালিকা তৈরি শুরু করেছে। এই কাজটি দ্রুত করতে হবে, এখানে গাফিলতির সুযোগ নেই।