জনপ্রশাসনে চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োগের সংখ্যা বৃদ্ধি নেতিবাচক লক্ষণ। চুক্তিভিত্তিক নিয়োগ যে প্রজাতন্ত্রের সত্যিকার প্রয়োজনে এবং পেশাদারির ভিত্তিতে দেওয়া হয়, এমন নয়। ক্ষমতাসীন দলের লোকজনকে রাজনৈতিক আনুগত্যের পুরস্কার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়—এমন অভিযোগ রয়েছে। প্রেষণে নিয়োগের ক্ষেত্রে যোগ্য কর্মকর্তার অভাবের কথা বলা হলেও সব সময় তা সত্য নয়। সামরিক বাহিনীর কর্মকর্তাদের বেসামরিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রেষণে নিয়োগের পেছনের কারণগুলো পরিষ্কার নয়। একটি ধারণা প্রচলিত আছে যে সরকার সামরিক বাহিনীকে সন্তুষ্ট রাখতে এটি করে।বর্তমান সরকারের বিভিন্ন দপ্তরে এখন চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কর্মকর্তার সংখ্যা ২৭০। বেসামরিক বিভিন্ন পদে প্রেষণে নিয়োজিত সামরিক কর্মকর্তা আছেন শতাধিক। এ নিয়ে জনপ্রশাসনের নিয়মিত কর্মকর্তাদের মধ্যে ক্ষোভ ও বঞ্চনাবোধ রয়েছে। জনপ্রশাসনের ভেতরে যোগ্য ও দক্ষ কর্মকর্তা থাকা অবস্থায় বাইরে থেকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া শুধু যে নিয়মিত কর্মকর্তাদের ক্ষোভ ও বঞ্চনাবোধের কারণ ঘটায় তা নয়, এতে রাষ্ট্রের ক্ষতিও হয়। ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাদের’ আসলে কোনো দায়িত্ব থাকে না, অথচ তাঁরা নিয়মিত বেতন-ভাতা পান, আবার চুক্তির ভিত্তিতে নিয়োগ দেওয়া কর্মকর্তাদেরও বেতন-ভাতার খরচ রাষ্ট্রকে বহন করতে হয়। এই অপচয়ের বোঝা টানতে হয় করদাতা জনগণকে। চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োগ এবং ওএসডি করাসহ জনপ্রশাসনে পদায়ন-পদোন্নতি-বদলির ক্ষেত্রে দলীয় রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ক্ষমতাধর-প্রভাবশালীদের আর্থিক স্বার্থে অনৈতিক চর্চা ও বিশুদ্ধ দুর্নীতির বিষয়গুলো বহুল আলোচিত বিষয়। প্রতিটি সরকারের আমলেই ওএসডি আর চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে সমালোচনা হয়। নিয়োগ-পদায়ন-পদোন্নতি নিয়ে বাণিজ্যের অভিযোগ ওঠে। রাজনৈতিক দলগুলো ক্ষমতার বাইরে থাকতে এসবের বিরোধিতা করে, প্রতিশ্রুতি দেয় যে তারা ক্ষমতায় গেলে চুক্তিভিত্তিক নিয়োগের সংখ্যা কমাবে, রাজনৈতিক কারণে কর্মকর্তাদের ওএসডি করবে না। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা এই কাজগুলোরই পুনরাবৃত্তি করে।বর্তমান সরকারের আমলে চুক্তিভিত্তিক ও প্রেষণে নিয়োগের সংখ্যা বেড়েছে; বেড়েছে ওএসডির সংখ্যাও। এসবের মূল কারণ প্রশাসনের দলীয়করণ। বিগত জোট সরকারের আমলে এসবের বিরুদ্ধে অনেক কথা বলেছে তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগ। নির্বাচনী ইশতেহারে দলটি প্রতিশ্রুতি দিয়েছিল: ‘দলীয়করণমুক্ত অরাজনৈতিক গণমুখী প্রশাসন প্রতিষ্ঠা করা হবে। যোগ্যতা, জ্যেষ্ঠতা ও মেধার ভিত্তিতে সব নিয়োগ ও পদোন্নতি নিশ্চিত করা হবে।’ কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, জনপ্রশাসনের সার্বিক অবস্থার আরও অবনতি ঘটেছে; অর্থাৎ জনগণের বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় এসে আওয়ামী লীগ তার নির্বাচনী প্রতিশ্রুতির বিপরীতমুখী পদক্ষেপ নিয়েছে। যতই দিন যাচ্ছে, জনপ্রশাসন ততই দুর্বল, অদক্ষ, অপচয়মূলক হয়ে পড়ছে। এভাবে গণতন্ত্র ও সুশাসনের বিকাশ ঘটা কঠিন।কর্মকর্তাদের ওএসডি করার বিধানটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। দলীয় রাজনৈতিক স্বার্থে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার চর্চা বন্ধ করতে হবে। মনে রাখা দরকার: জনপ্রশাসন সরকারি দলের শাসনযন্ত্র নয়, জনগণের টাকায় পরিচালিত সেবাব্যবস্থা।