বুধবার সকালে কম্পিউটার খুলে ই-মেইল দেখতে গিয়ে প্রথমে নজরে পড়ল ওবামা নামে একজনের পাঠানো একটি বার্তা। বুঝতে কষ্ট হয়নি, এই ওবামা হলেন প্রেসিডেন্ট ওবামা। সম্ভাব্য সমর্থকদের যে তালিকা ওবামার নির্বাচনী টিম প্রস্তুত করে, তাতে রয়েছে এক কোটি ৩০ লাখ মানুষের নামধাম ও ই-মেইল ঠিকানা। এদের কেউ ডেমোক্র্যাট হিসেবে নিজেদের নাম নিবন্ধন করেছেন, কেউ বা ওবামার তহবিলে দুই-দশ ডলার চাঁদা দিয়েছেন, কেউ বা উদারনৈতিক বলে কোনো না কোনোভাবে পরিচিত। অজ্ঞাত কারণে আমিও সে তালিকায় আছি, ফলে ওবামার কাছ থেকে সেই সংক্ষিপ্ত বার্তা। তিনি লিখেছেন:‘বন্ধু,‘শিকাগোতে অপেক্ষারত মানুষের সামনে আমি অল্পক্ষণের মধ্যে ভাষণ দেব। কিন্তু তার আগে আমি তোমাদের ধন্যবাদ জানাতে চাই। আমার (২০১২-এর নির্বাচনে বিজয়) অদৃষ্ট-নির্ধারিত কোনো বিষয় নয়। এটা কোনো দুর্ঘটনাও নয়। এই বিজয় সম্ভব হয়েছে তোমাদের জন্য। তোমরা পাড়ায় পাড়ায় নিজেদের সংগঠিত করেছ। (আমার) নির্বাচনী প্রচারণার ওপর নিজেদের স্বত্ব প্রতিষ্ঠিত করেছ হয় পাঁচ বা ১০ ডলার চাঁদা দিয়ে। যখন সামনে অগ্রসর হওয়া অসম্ভব হয়ে ওঠে, তখনো তোমরা দমে যাওনি, সামনে এগিয়ে গেছ। আমার প্রতি তোমাদের সমর্থনকে সম্মান দেখাতে, আমরা যা শুরু করেছিলাম তা শেষ করার চেষ্টায় প্রেসিডেন্ট হিসেবে অবশিষ্ট প্রতিটি মুহূর্ত আমি ব্যয় করব।‘কীভাবে এই অভাবিত সুযোগ আমরা পেলাম, তা ভেবে আমার মতো তোমরাও প্রকৃত গর্ব বোধ করো, আমি তা আশা করি। আজকের এই ঘটনা থেকে স্পষ্টভাবে প্রমাণিত হলো, সব বাধা সত্ত্বেও সাধারণ আমেরিকানদের পক্ষে সম্ভব শক্তিশালী স্বার্থবাদী মহলকে প্রতিহত করা।‘আমাদের কাজ এখনো বাকি। তবে আপাতত ধন্যবাদ।বারাক’সোমবার রাতে আইওয়াতে তাঁর শেষ প্রাক-নির্বাচনী ভাষণে ওবামা নিজে অশ্রুসিক্ত হয়েছিলেন। তাঁর সঙ্গে চোখের জলে ভিজেছিলাম আমরাও। তারপর আশা ও নিরাশার এক আশ্চর্য দোলাচলে সকাল হয়েছে, কিন্তু ভোর কখন হবে, সে কথা জানতাম না। ওবামা জিতবেন এমন বিশ্বাস ছিল কিন্তু নিশ্চিত হওয়া সম্ভব ছিল না। বিভিন্ন জনমত জরিপে ওবামা ও রমনির অবস্থান সমানে সমান, কোনো কোনো জরিপে রমনি এগিয়ে। এর সঙ্গে যুক্ত ছিল ভোট কারচুপির নানা চেষ্টা, রমনির ধনী বন্ধুদের টাকার ভান্ডার খুলে বসা। এসব কারণে রিপাবলিকান পার্টির অনেক নেতাই ভেবেছিলেন, বিজয় তাঁদের হাতের মুঠোয়।যে ‘মিরাকল’ রিপাবলিকান দল আশা করেছিল, তা যে শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি, তার মূল কারণ আমেরিকার জনসংখ্যাগত পরিবর্তন। হিস্পানিকরা এখন এ দেশের মোট ভোটারের ১০ শতাংশ, যার দুই-তৃতীয়াংশ ওবামার পক্ষে। কৃষ্ণাঙ্গ, মহিলা ও যুবক ভোটারদের বৃহদংশও ওবামার পক্ষে। রিপাবলিকানদের একমাত্র নির্ভরযোগ্য সমর্থক হলো শ্বেতাঙ্গ ভোটার, যাদের আনুপাতিক উপস্থিতি ক্রমশ কমে যাচ্ছে। দল হিসেবে নিজেদের তাঁবু বাড়াতে ব্যর্থ হলে এই দলের ভবিষ্যৎ অনিশ্চিত।২০১০ সালের মধ্যবর্তী নির্বাচনে আমরা তথাকথিত টি-পার্টি আন্দোলনের উত্থান দেখেছিলাম। সেই আন্দোলন ছিল মূলত একজন কালো মানুষের রাজনৈতিক বিজয়ের প্রতি শ্বেত আমেরিকার ক্রুদ্ধ প্রতিক্রিয়া। ২০০৮ সালে ওবামার ঐতিহাসিক বিজয়ের মাত্র দুই বছরের মাথায় টি-পার্টির উত্থান আমাদের ভীত করেছিল, আমরা চোখের সামনে দেখতে পাচ্ছিলাম, এক তীব্র দক্ষিণপন্থী ও প্রতিক্রিয়াশীলতার ঢালু পথে আমেরিকা চলা শুরু করেছে। জন্ম নিচ্ছে এক নতুন ধরনের ফ্যাসিবাদ।২০১২-এর নির্বাচনে সেই ফলাফলের পুনরাবৃত্তি হলে জর্জ বুশের আমেরিকা নতুন করে আত্মপ্রকাশ করতে পারে, এ ভয় অনেকের ছিল। বস্তুতপক্ষে অভিবাসন, নারীর অধিকার, সামাজিক কল্যাণ খাত ইত্যাদি সামাজিক প্রশ্নে বুশ রমনি ও তাঁর রিপাবলিকান বান্ধবগণের তুলনায় অনেক বেশি উদারনৈতিক ছিলেন। রমনি ব্যক্তিগতভাবে যত মধ্যপন্থী হোন না কেন, যাঁদের জামার ঝুল-ফিতা হয়ে তিনি নির্বাচনে জয়ী হওয়ার আশা করেছিলেন, তাঁদের প্রভাবে সামাজিক ও নাগরিক অধিকারের প্রশ্নে গত ১০০ বছরে যে অগ্রগতি হয়েছে, তা মুখ থুবড়ে পড়ত। যেমন, সন্তান ধারণের প্রশ্নে নারীর ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছা আইনের খোঁচায় উড়ে যেত। মার্কিন নীতির বিরোধিতা করে এমন দেশের সঙ্গে যুদ্ধ বাধা মোটেই আকস্মিক কোনো ব্যাপার হতো না। সুপ্রিম কোর্টে এমন অতি-রক্ষণশীল বিচারপতির নিয়োগ হতো, যাঁদের সিদ্ধান্তে আমেরিকা একটি অতি-দক্ষিণপন্থী রাষ্ট্রে পরিণত হতে পারত।ওবামার বিজয়ের ফলে সে চেষ্টায় যতি পড়বে।এবারের নির্বাচনে ওবামার বিজয় নিশ্চিতভাবেই একটি উদারনৈতিক রাজনৈতিক বিশ্ববীক্ষার বিজয়। নির্বাচনী ব্যালটে ওবামা-রমনির নাম থাকলেও আসলে আমেরিকার মানুষকে বেছে নিতে হচ্ছিল সরকারের ভূমিকা প্রশ্নে দুটি সম্পূর্ণ বিপরীত দৃষ্টিভঙ্গির একটি। রমনি চান সরকার হবে আকারে ছোট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের মতো নাগরিক কল্যাণমূলক দায়িত্ব থাকতে হবে ব্যক্তিগত খাতে। এমনকি অবসর ভাতা তহবিলটিও থাকবে বাজারব্যবস্থার হাতে। ব্যবসা-বাণিজ্যের ব্যাপারে সরকার কোনো রকম নাক গলাবে না, সেখানে আইনকানুনের অনুশাসন যতটা সম্ভব শিথিল রাখতে হবে। বড় বড় ব্যবসাপ্রতিষ্ঠানের মাধ্যমে কর্ম সৃষ্টি হয় বেশি, ফলে তাদের ওপর করের বোঝা কমাতে হবে।ওবামার দৃষ্টিভঙ্গি আলাদা। তিনি বিশ্বাস করেন, সরকারের আকার যেমনই হোক, তার একটা বড় কাজ হলো নাগরিক কল্যাণমূলক নিরাপত্তা জালের রক্ষক হিসেবে কাজ করা। বড় লোকদের নিয়ে চিন্তা নেই, তারা নিজেদের দেখভাল নিজেরাই করতে পারে। কিন্তু সমাজে যারা ক্ষমতাহীন, যারা দুর্বল ও অভাবী, তাদের প্রতি সরকারের বিশেষ দায়িত্ব আছে। আমেরিকা সব সম্ভবের দেশ। কিন্তু সে জন্য প্রত্যেককে সামনে এগোনোর জন্য সমান সুযোগ দিতে হবে। বাজারের হাতে যদি সব ছেড়ে দেওয়া হয়, তা হলে সামনে এগোবে কেবল তারা, যারা প্রাচুর্যবান, যাদের পকেটে রেস্তর অভাব নেই, যারা সবল ও সক্ষম। অভাবী ও বৃদ্ধদের কথা মাথায় রেখে ওবামা স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা (সোশ্যাল সিকিউরিটি) ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে রাখার পক্ষপাতী। ব্যক্তিগত খাতের গুরুত্ব নিয়ে তাঁর কোনো দ্বিমত নেই, কিন্তু ব্যাংক বা বিমা সংস্থাগুলো যাতে রক্ষক থেকে ভক্ষক না হয়ে বসে, সে জন্য তিনি চান সুনির্দিষ্ট নীতিমালা।ওবামার বিজয়ের অর্থ এই উদারনৈতিক রাজনৈতিক দর্শনের বিজয়। শুধু ওবামা নন, এবারের নির্বাচনে এমন অনেকেই জিতেছেন, যাঁদের সর্বস্বীকৃত পরিচয় উদারপন্থী বা ‘লিবার্যাল’ হিসেবে। যেমন ম্যাসাচুসেটসের এলিজাবেথ ওয়ারেন। হার্ভার্ডের আইনের এই নামজাদা অধ্যাপক ওয়াল স্ট্রিটের ওপর কড়া নজরদারি ব্যবস্থার সমর্থক। তাঁরই প্রস্তাবে ভোক্তাদের স্বার্থরক্ষায় একটি নতুন ফেডারেল দপ্তর খোলা হয়েছে। নিজের উদারনৈতিক বিশ্বাস নিয়ে তাঁর কোনো রাখঢাক নেই, নিজেকে লিবার্যাল বলতেও তিনি ইতস্তত করেন না। সিনেটর হিসেবে বিজয়ের পর নিজের দর্শনকে সোজাসাপটা ভাষায় বুঝিয়ে বলেছেন এলিজাবেথ।‘এবারের নির্বাচনে আমরা নিজেদের রাজনৈতিক মূল্যবোধ আঁকড়ে ছিলাম। বলেছিলাম সামাজিক নিরাপত্তা (সোশ্যাল সিকিউরিটি), দরিদ্রদের জন্য স্বাস্থ্য বিমা (মেডিকেইড) ও মেডিকেয়ার (বৃদ্ধদের জন্য স্বাস্থ্যব্যবস্থা) বাজারের মর্জিতে ছেড়ে দেওয়া যাবে না। মিলিয়নিয়ার ও বিলিয়নিয়াররা যাতে ন্যায্য হারে কর দেয়, তা নিশ্চিত করতে হবে। দেশের মানুষের সঙ্গে সরকারের যে সামাজিক চুক্তি, তা রক্ষা করতে হবে।’এই এজেন্ডার বাস্তবায়ন হবে বারাক ওবামার দ্বিতীয় দফার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। খুব সহজ হবে না ব্যাপারটা। মোট ভোটের হিসাবে ওবামা মাত্র ১ শতাংশ ভোটের ব্যবধানে জিতেছেন। আমেরিকা এখনো আগের মতো দ্বিধাবিভক্ত একটি দেশ। ওবামা বিরোধী পক্ষের সঙ্গে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন, কিন্তু বিরোধী রিপাবলিকানরা সে কাজে হাত বাড়াবে, এমন ভাবার কোনো কারণ নেই। নির্বাচনে ভরাডুবির পর তারা কোনো শিক্ষা নেওয়ার বদলে তাদের আগের তুলনায় অধিক রক্ষণশীল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। রিপাবলিকান দলে এমন লোকের অভাব নেই, যাঁরা বলছেন রমনির পরাজয়ের প্রধান কারণ, তিনি যথেষ্ট রক্ষণশীল নন। এই রক্ষণশীল রাজনীতিকেরা ওবামার এজেন্ডা বাস্তবায়নের বিরোধিতায় হয়তো আগের মতোই একগুঁয়ে হয়ে থাকবেন। আমরা জানি, রিপাবলিকান প্রতিপক্ষ নির্বাচনী ঝড়ে আহত হয়েছে, কিন্তু নুয়ে পড়েনি। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ এখনো তাদের নিয়ন্ত্রণে। সিনেটে ডেমোক্র্যাটরা তাদের নিয়ন্ত্রণ বজায় রেখেছে বটে, কিন্তু সেখানে ৬০টি ভোট তাদের নেই, যার ফলে মৌল যেকোনো বিষয়ে আইন পাস তাদের পক্ষে সম্ভব হবে না।অন্য কথায়, সামনে এগোনোর পথ এখনো বন্ধুর। কিন্তু সে কথা বিচার-বিশ্লেষণের জন্য সামনে দিন পড়ে আছে। আপাতত আসুন, ওবামা ও তাঁর উদারনৈতিক এজেন্ডার সমর্থনে ঠান্ডা শরবতের গ্লাস তুলে ধরি। বলি, জয় হোক।৭ নভেম্বর ২০১২, নিউইয়র্কহাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।