জাতীয় জীবনে যত তুফান আসে, তার মধ্যে রাজনৈতিক তুফানই সবচেয়ে স্পর্শকাতর। যে তুফানে সত্যি সত্যিই অনেক মানুষ মারা যায়, ভেসে যায় সহায়-সংসার, সেই তুফানের খোঁজ কজনা রাখে? ভাসানীর মতো কাউকে তাই পাওয়া যায়নি, যিনি ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড এলাকা ঘুরে এসে জাতিকে রিপোর্ট করবেন। সাংবাদিকতার রিপোর্ট না, পেশ করবেন মানবতার রিপোর্ট। জনতার দরবারের মাঝখানে দাঁড়িয়ে আঙুল উঁচিয়ে বলবেন, ‘ওরা কেউ আসেনি।’ ঘূর্ণিঝড় তছনছ করে দিল বিরাট উপকূলীয় এলাকা। মওলানা ভাসানীর সেই আর্তনাদের ৪২ বছর পরও আমাদের এখন বলতে হচ্ছে, ‘ওরা কেউ আসেনি।’ এত বড় ঘূর্ণিঝড়ের সঠিক পূর্বাভাস ছিল না। এ পর্যন্ত ৪০টির মতো লাশ পাওয়া গেছে। খোলা সমুদ্রে জাল-নৌকা আর জানটা নিয়ে ভেসে গেছে কত আদমসন্তান, তার কোনো শুমার নেই। নিখোঁজের সংখ্যা কেউ বলছেন কয়েক শ, কেউ বলছেন হাজারের বেশি। সাড়ে ১৩ হাজার বিধ্বস্ত ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালার ক্ষতি আকাশের পাখিরাও টের পাচ্ছে, কিন্তু সরকার দেখছে না। কৃষকের ফসল গেছে, জেলের জাল ও নৌকা গেছে, পরিবারের পুরুষ সদস্যদের অনেকেই নিখোঁজ অথবা নিহত। বিশুদ্ধ খাওয়ার পানি নেই, খাবার পর্যন্ত নেই, চিকিৎসা ও উদ্ধার তৎপরতা রুটিন পালন মাত্র। জীবিতরা সেখানে নিজেরাই নৌকা নিয়ে লাশ খুঁজে বেড়াচ্ছে, পেলে কেঁদে বুক ফাটাচ্ছে। নোনা অশ্রু আর সমুদ্রের নোনাপানি মিলেমিশে একাকার হচ্ছে। বিপর্যয়ের মাত্রা যতটা, সরকারি-বেসরকারি সাড়া ততটা নয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পরিসংখ্যান দিয়ে আর কী হবে? যে দেশে মানুষের জীবনের মূল্য কানাকড়িও না, সেই দেশে মৃত শুমারিতে ক্ষমতার পাষাণ বিন্দুমাত্রও টলে না। নিজ নিজ নাকের মতোই তা অনড়। কথাসাহিত্যিক আনিসুল হক প্রথম আলোর কলামে রাষ্ট্রকে যন্ত্র বলেছেন। যন্ত্রও তো নড়েচড়ে, এই ডিজিটাল মানুষগুলো তো তা-ও করে না! এই কদিনের সংবাদ দেখেছি টিভিতে, খবরের কাগজে আতিপাতি করে খুঁজেছি। না নেই। আমাদের দুর্গতিনাশিনী নেতা-নেত্রীদেরও এদিকে মনোযোগ নেই। দুর্গত মানুষের জানমালের অগাধ ক্ষতিতে তাঁরা বিচলিত নন। এমনই হয়ে থাকে। ব্যস্ত নয় প্রশাসনও। সংবাদমাধ্যমের প্রতিবেদনেও না আছে দায়িত্ব পালন, না আছে দরদের ছাপ। সবাই জেনে মেনে নিয়েছে, এটা মরার দেশ, মানুষ এখানে বহু বিচিত্র কারণেই মারা যাবে। শয়ে শয়ে মারা গিয়েও থাকে। এবার লাশের দাম হয়েছে এক হাজার টাকা। এই ভিক্ষাসুলভ ত্রাণও যখন মানুষের হাতে পৌঁছায় না, তখন জেলা প্রশাসন দুষছে স্থানীয় চেয়ারম্যানদের। নিশ্চয়ই চেয়ারম্যান সাহেবদের দায়ও অন্য কারও ঘাড়ে চাপবে। এ এমন এক দায় তাঁদের যা পালিত হয় না, কেবলই খালাস হয়। খালাস করতে করতে দায়িত্বপ্রাপ্তরা এখন জাহাজের শূন্য খোলের মতো। প্রতিবাদ করলে প্রতিধ্বনি আসে, উত্তর আসে না। এই দেশ এখন পুরোপুরি পূর্বাভাসহীন। রাজনৈতিক হোক আর অর্থনৈতিক হোক, বা হোক প্রাকৃতিক, আগাম কেউ কিছু জানাবে না, কেউ ঠেকাতে নামবে না। কী হতে যাচ্ছে আর কী করতে হবে, এই হুঁশই মানুষকে মানুষ করেছে। যে যা-ই বলুক, এককথায় পূর্বাভাস আর প্রস্তুতির ক্ষমতাটাই সভ্যতা। এটাই বুনিয়াদ, এটাই চালিকাশক্তি, এটাই আত্মবিশ্বাস। এটাই প্রকৃতিজগতে মানুষের ক্ষমতা; এটাই রাষ্ট্রের দায়িত্ব। আগেকার যুগের মানুষেরা বিপদে-আপদে নিজেদের জ্ঞান-বুদ্ধি প্রয়োগ করত, দশে মিলে একটা কোনো বিহিতের চেষ্টা করত। কবির মতো বলত, ‘শোন মা আমিনা, রেখে দেরে কাজ..., মেঘনায় নামে ঢল’। সরকার-প্রশাসনমুখী হতে হতে, নিজেদের সেই ক্ষমতাও তাঁরা এখন হারিয়ে ফেলছেন। আদি মানবদের মধ্যে আরেকটি গুণও দেখা যেত। কেউ বিপদে পড়লে অন্যরা তাকে পশুপাখিদের মতো ছেড়ে পালাত না। একের বিপদে অন্যে সাড়া দিত। এ জন্যই সবচেয়ে দুর্বল দেহ নিয়েও মানুষ টিকে আছে, কিন্তু পরাক্রমশালী ডাইনোসর উবে গেছে। ভয়ে শরীর হিম হয়ে যায়, গত ঘূর্ণিঝড়টি যদি সিডর বা আইলার মতো হতো! এই বেসামাল অবস্থা নিয়ে আমরা কী করতাম তাহলে? মৃতের সংখ্যা, ক্ষতির ভয়াবহতার সামনে দাঁড়িয়ে তাহলে হয়তো আমরা প্রথম ডিজিটাল পদ্ধতির ফজিলত টের পেতাম। ওই বিপুল সংখ্যাকে কোনোভাবেই অ্যানালগ পদ্ধতিতে নির্ণয় করা যেত না!বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু বিজ্ঞানীরা কম জানেন, এটা বিশ্বাস্য না। দেশে যেখানেই তাঁরা সুযোগ পান, সেখানেই বিশ্বমাপের কীর্তি তাঁদের। বিদেশেও তাঁদের সুনামের কমতি নেই। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের প্রকোপ নিয়ে লক্ষ-কোটি বাইটের ডিজিটাল লেখালেখিও হয়েছে। কোটি কোটি ডলার খরচ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে আমার সামনে রয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ওয়াটার মডিউলিংয়ের একটি দলিল। তাতে বলা হচ্ছে, জলবায়ু পরিবর্তনজনিত ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে বিপদের মুখে রয়েছে মেঘনা নদীর মোহনা। এবারের ঘূর্ণিঝড়ের শিকারও এই এলাকা। কেবল মেঘনা নদীর মোহনাই নয়, যেকোনো বড় দুর্যোগের মুখে আমাদের সমগ্র উপকূলীয় অঞ্চল সম্পূর্ণ অরক্ষিত। সমুদ্র আর জনবসতির মাঝখানে না আছে পাহাড়, না আছে বন। সিডর-আইলায় ক্ষতিগ্রস্ত পোল্ডারগুলো আজও মেরামত হয়নি। উঁচু জোয়ার অথবা জলোচ্ছ্বাসের মুখে লক্ষ-কোটি মানুষ স্রেফ প্রকৃতিকে সহায় জেনে জীবন চালিয়ে যাচ্ছে। দুর্যোগ মোকাবিলায় আমাদের এ অক্ষমতার জন্যই মূলত দুর্যোগ-ঝুঁকির তালিকায় বিশ্বের মধ্যে আমরা পঞ্চম। এই ঝুঁকি উপকূলীয় এলাকাতেই বেশি। সেই এলাকায় মোট জনসংখ্যা সাড়ে তিন কোটি। অস্ট্রেলিয়ার জনসংখ্যার থেকে এক কোটি বেশি। আমাদের হয়েছে উভয় সংকট। প্রযুক্তি ডিজিটাল কিন্তু আবহাওয়া দপ্তর ও প্রশাসন টালমাটাল। যেখানে ৫ নম্বর বিপদসংকেত দেখানোর কথা, সেখানে তারা ৩ নম্বর সংকেত দিয়ে বসে ছিল। এ রকম ক্ষেত্রে ১৫-১৬ ঘণ্টা আগেই পূর্বাভাস দেওয়া সম্ভব এবং সেটাই নিয়ম। স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার মোতাবেক নিম্নচাপ দেখা দেওয়ামাত্রই বন্দর কর্তৃপক্ষ ৩ মাত্রার সতর্কসংকেত দিয়ে থাকে। শেষ মুহূর্তে অবশ্য ৪ নম্বর সংকেত দিয়েছিল, তখন আর কিছুই করার ছিল না। সামুদ্রিক জেলেরা সাধারণত ১২ থেকে ১৫ দিনের জন্য মাছ ধরার জন্য টাকা বিনিয়োগ করেন এবং বড় বিপদ না দেখলে পুঁজি নষ্ট করে ফিরে আসতে চান না। সর্বশেষ, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আগামী তিন মাস প্রতি মাসে ২০ কেজি চাল এবং দুই জেলার জন্য বাড়ি মেরামত বাবদ ২০ লাখ টাকা দেওয়ার কথা বলেছে সরকার। এর অর্থ, দিনে পৌনে এক কেজি চাল এবং বাড়ি নির্মাণের জন্য মাত্র কয়েক শ টাকা জুটবে। দুর্নীতির বিপুলতা ত্রাণকেও খয়রাত বানিয়ে ছেড়েছে!আজকের দিনে প্রাকৃতিক দুর্যোগ নিরাপত্তা হুমকি হিসেবে গণ্য হয়। দক্ষিণ-পূর্বাঞ্চল ঘনবসতিপূর্ণ এবং জাতি ও সম্প্রদায়-বৈচিত্র্যপূর্ণ এলাকা। জলবায়ু ও সামাজিক-রাজনৈতিক কারণে সেখানকার জনজীবন এমনিতেই তটস্থ। অন্যদিকে সরকারের সব রকম অপ্রস্তুতি, ব্যর্থতা আর ভৌগোলিক নিরাপত্তাহীনতা মিলিয়ে আশাবাদী থাকা কঠিন। দুর্নীতি ও দুর্বৃত্তপনায় নাক ডুবলে মানুষ ও মাটিকে নিমজ্জন থেকে কে বাঁচাবে? আশা ও আস্থার সমাধি হওয়া থেকে কীভাবে রক্ষা পাবে বাংলাদেশ?ফারুক ওয়াসিফ: লেখক ও সাংবাদিক।[email protected]