ওরা বাঁচত, যদি যত্ন ও জায়গা পেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিরঝিল প্রকল্পআমরা দীর্ঘদিন ধরেই একটি পরিকল্পিত ও বর্ণিল পুষ্পবীথি নির্মাণের কথা ভাবছি। কিন্তু নগরে অপরিকল্পিত বৃক্ষায়নের কারণে এমন স্বপ্ন বাস্তবায়নের তেমন সুযোগ নেই। কিন্তু ইদানীং একটি সুযোগ তৈরি হয়েছে এবং সেই সুযোগটি কাজেও লাগানো যেতে পারে। বর্তমানে হাতিরঝিল প্রকল্পের অধীনে জলাধার ঘেঁষে কয়েকটি নতুন সড়ক তৈরি হচ্ছে। খুব শিগগির এ সড়কগুলোর কাজ শেষ হবে। জানি না, এখানে বৃক্ষায়নের ক্ষেত্রে সঠিক কোনো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে কি না। যদি হয়েও থাকে, কোনো সমস্যা নেই। মূল পরিকল্পনার সঙ্গে অন্তত এক কিলোমিটার পথের ধারে গ্রীষ্মের তিনটি উল্লেখযোগ্য ও নান্দনিক ফুল—জারুল, সোনালু ও কৃষ্ণচূড়া রোপণ করা হলে আমাদের স্বপ্নের অনেকটাই বাস্তবায়িত হবে। এর জন্য বাড়তি কোনো পরিচর্যা বা ব্যয়েরও প্রয়োজন হবে না। তা হলে সেখানে প্রতি গ্রীষ্মে একটি বর্ণবৈভব তৈরি হবে।আপনি একবার কল্পনায় ভেবে দেখুন। আপনার চোখের সামনে দীর্ঘ একটি পথ। পথের ধারে থরে থরে সাজানো জারুল, সোনালু আর কৃষ্ণচূড়া ফুল। বিন্যাসটা এমন যে প্রথমে একটি কৃষ্ণচূড়া, তারপর সোনালু, সোনালুর পর জারুল; এভাবেই তৈরি করা হয়েছে তিনটি উজ্জ্বল রঙের সুসজ্জিত পুষ্পবীথি। জারুলের রং উজ্জ্বল বেগুনি, সোনালুর রং হলুদ-সোনালি আর কৃষ্ণচূড়ার রং টকটকে লাল। তা হলে নান্দনিক শোভার জন্য এর চেয়ে জম্পেশ আয়োজন আর কী হতে পারে। আর সেখানেই যদি হয় আমাদের পরম কাঙ্ক্ষিত পুষ্প উৎসব, তা হলে তো মহা আনন্দের কথা। আমরা এমন একটি পুষ্প উৎসবের স্বপ্ন দেখছি দীর্ঘদিন। খুব সহজেই হাতিরঝিলের কোনো একটি সড়কে এ স্বপ্নের বাস্তবায়ন করা যেতে পারে। বারসিকের আয়োজনকিছুদিন আগে বেসরকারি উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বারসিক দেশের প্রাণবৈচিত্র্য, কৃষি, লোকায়ত জ্ঞান ও উদ্ভিদবৈচিত্র্য নিয়ে ধানমন্ডির দৃক গ্যালারিতে একটি প্রদর্শনীর আয়োজন করে। প্রদর্শনীতে বিভিন্ন প্রজাতির দেশীয় ধান, গ্রামীণ শাকসবজি, লোকায়ত খাবার, ফলফলারি, অচাষকৃত খাদ্য হিসেবে ব্যবহূত উদ্ভিদের হার্বেরিয়াম ও জীবন্ত নমুনা, দানাদার শস্যসহ নানা ধরনের বীজ, সুন্দরবন, চরাঞ্চল ও হাওরাঞ্চলের প্রাণসম্পদসহ বিভিন্ন প্রাচীন কৃষি উপকরণের নমুনাও স্থান পায়। এ প্রদর্শনীর মাধ্যমে সংস্থাটি মূলত আমাদের কিছু বিষয় মনে করিয়ে দিতে চেয়েছে। কারণ, নানা মাত্রিক বিবর্তনের ধারায় আমাদের আশপাশ থেকে অনেক কিছুই হারিয়ে গেছে বা যেতে বসেছে। ধানের কথাই ধরা যাক। যেসব বিচিত্র ধান এখন জাদুঘরে আলমারি বন্দী হয়ে আছে, সে ধানগুলো একসময় আমাদের হাটে-মাঠেই ছিল। কিন্তু সেই সব ধান হটিয়ে দিয়ে উচ্চফলনশীল বলে দাবিদার ধানগুলো আমাদের ধানের বাজার দখল করে নিল। এ প্রক্রিয়ার ফলে আমাদের নিজস্ব ধানগুলো বিলুপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সম্পর্কিত অন্য উপকরণগুলোও বিলুপ্ত হতে থাকল। অথচ আমাদের নিজস্ব ধানগুলো না সরিয়ে সেগুলোকে গবেষণা করে উন্নত জাতে উন্নীত করাই ছিল সঠিক কাজ। কিন্তু আমরা তা করিনি। আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রেই এমন আত্মঘাতী কাজ হয়েছে। এ কারণে শুধু ধানই নয়, চারপাশে প্রাকৃতিকভাবে জন্মানো অনেক শাকসবজিও বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। যেসব শাকসবজি একসময় গ্রাম ও শহরে সবার পুষ্টির অন্যতম জোগানদার ছিল। সেসব এখন অনেকটাই দুর্লভ হয়ে উঠেছে। এখন থানকুনি কিংবা গিমে শাকের জন্য আপনাকে মাইলের পর মাইল পথ পাড়ি দিতে হতে পারে। অথচ এসব শাকসবজি ও লতাপাতা একসময় আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গেও সম্পৃক্ত ছিল। তাই সরকারের সংশ্লিষ্ট বিভাগকে অবশ্যই চাষাবাদের জন্য ব্যবহূত শস্যবীজ ও বৃক্ষায়নের ক্ষেত্রে দেশের নিজস্ব শস্যভান্ডারকে অগ্রাধিকার দিতে হবে। উদ্ভিদ সংরক্ষণাগারসারা দেশে যে পরিমাণ উদ্ভিদ উদ্যান থাকার কথা, তার শতকরা ২০ ভাগও নেই। ঢাকায় মিরপুর জাতীয় উদ্ভিদ উদ্যানের অবস্থাও বেহাল। সেটি না উদ্যান, না বাগান, না বিনোদনকেন্দ্র। তা হলে ভবিষ্যতের জন্য আমাদের উদ্ভিদ প্রজাতি কোথায় সংরক্ষিত থাকবে। এ প্রশ্নটি এখন বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ, সচেতন হওয়ার অনেক আগেই আমাদের বন-পাহাড়ের অনেক গাছপালা ও তৃণগুল্ম হারিয়ে গেছে। অবশিষ্ট যা কিছু আছে, তা-ও সঠিকভাবে সংরক্ষণের কোনো উদ্যোগ নেই। আমরা যখন দুর্লভ কোনো চারা সংগ্রহ করি তখন সেগুলো রোপণের জন্য সংরক্ষিত ও নিরাপদ কোনো স্থান পাই না। যদিও দায়িত্বটি বোটানিক্যাল গার্ডেনের কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রতিষ্ঠানটি মোটেও নির্ভরযোগ্য নয়। আসলে বন বিভাগের খবরদারির বাইরে এমন একটি জায়গা প্রয়োজন, যেখানে বিপন্ন ও বিলুপ্ত গাছগুলো নিরাপদে বেঁচে থাকবে। ঢাকার অদূরে সরকারিভাবে একখণ্ড জায়গা বরাদ্দ দিলে একটি উদ্ভিদ সংরক্ষণাগার তৈরি করা সম্ভব। কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানকে সার্বিক সমন্বয়ের দায়িত্ব দেওয়া যেতে পারে, যাদের মূল কাজ আর্থিক সমন্বয় ও জোগানো। বাস্তবায়ন করার দায়িত্ব বৃক্ষবিদদের। এমন একটি কাজ না করতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনেক গুরুত্বপূর্ণ উদ্ভিদের নমুনাই রেখে যাওয়া সম্ভব হবে না। সরকার কি এমন একটি গুরুদায়িত্ব পালনের জন্য এগিয়ে আসবে? কারণ, এককভাবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষে এ ধরনের কাজ অনেকটাই অসম্ভব। সরকারের সংশ্লিষ্ট বিভাগ অতি দ্রুত উদ্যোগ নিলে অন্তত সারা দেশের শিক্ষার্থীরা সেখানে গিয়ে দেশের উল্লেখযোগ্য উদ্ভিদ প্রজাতি সম্পর্কে জানতে পারবে। কারণ, এই সংরক্ষণাগারের কাজ হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে উদ্ভিদ প্রজাতি সংরক্ষণ, পাশাপাশি শিক্ষা ও গবেষণাসংশ্লিষ্ট ব্যক্তিদের সহায়তা প্রদানও এই প্রতিষ্ঠানের অন্যতম কাজ হবে। বিপন্ন বলধা গার্ডেনবলধা গার্ডেন আজ বিপন্ন। চারপাশের সুউচ্চ দালানকোঠা এ বাগানের দুষ্প্রাপ্য উদ্ভিদগুলোকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। ইতিমধ্যেই অনেক দুর্লভ বৃক্ষ হারিয়ে গেছে। তবে আমরা মনে করি, দেশের কোনো সুবিধাজনক স্থানে এ বাগানের সব উদ্ভিদ প্রজাতি নিয়ে হুবহু আরেকটি বাগান তৈরি করে দেশের শত বছরের ঐতিহ্য এ বাগানটি রক্ষা করা সম্ভব। এ জন্য উপযুক্ত স্থান হতে পারে ঢাকার অদূরে ভাওয়াল জাতীয় উদ্যান বা সংলগ্ন এলাকা। সেখানে বলধা বাগানের সমপরিমাণ জায়গা নিয়ে বিদ্যমান নকশায় সৃজন করা যায় আরেকটি নতুন বলধা গার্ডেন। এর জন্য প্রয়োজন হবে একটি বিশেষ বীজতলা এবং কয়েকজন সুদক্ষ মালী। আর এসব কাজে আমাদের পাশে থাকতে পারে আন্তর্জাতিক সংস্থা ইউনেসকো। এ সংস্থার তত্ত্বাবধানে একসময় মিসরের ঐতিহ্য আবু সিম্বেলও রক্ষা পায়। বলধা গার্ডেনকে বাঁচিয়ে রাখা আমাদের সবার দায়িত্ব। মোকারম হোসেন: প্রকৃতি ও পরিবেশবিষয়ক লেখক, সাধারণ সম্পাদক—তরুপল্লব। taৎ[email protected]