ওয়াসার ক্ষতিকর নিষ্ক্রিয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যা হওয়ার কথা ছিল স্বতঃপ্রণোদিত, তা-ই উচ্চ আদালতের নির্দেশনার কারণে এখন করতে হবে ওয়াসাকে। রাজধানীর সায়েদাবাদে ওয়াসার পয়ঃশোধনাগারের বিষাক্ত লেগুনে মাছ চাষ হয় এবং রাজধানীর বাজারে সেই ক্ষতিকর মাছ বিক্রিও হয়। সাত দফা নির্দেশনায় উচ্চ আদালত সেখানে মাছ চাষ নিষিদ্ধ করলেন। অথচ ওয়াসার উচিত ছিল নিজ উদ্যোগেই এটা বন্ধ করা। ওয়াসার মতো জনগণের করের অর্থে পরিচালিত ও জনস্বার্থে নিয়োজিত প্রতিষ্ঠানের এমন ক্ষতিকর নিষ্ক্রিয়তা নিন্দনীয়।

ওয়াসা কর্তৃপক্ষের জানার কথা ছিল শোধনাগারের পানির মাছ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কিন্তু ২০১১ সালে এ বিষয়ে সংবাদ প্রকাশিত হওয়ার পরও তাদের টনক নড়ল না। জনস্বার্থে রিট করায় ওই বছরেই হাইকোর্ট রুল দেন। এখন সেই রুল মঞ্জুর করে রায়ও এল। এই দীর্ঘ প্রক্রিয়ার যেকোনো ধাপেই ওয়াসার হুঁশ ফিরতে পারত! কোন ধরনের প্রশাসনিক ঠুলির কারণে তারা যা স্বাভাবিক ও স্বচ্ছ, তা দেখতে পায় না? কেন সরকারি প্রতিষ্ঠানকে জনস্বার্থের ক্ষতি থেকে বিরত করতে সর্বদাই আন্দোলন অথবা মামলা-মোকদ্দমায় যেতে হয়?
আদালত দুই মাস পরপর গণমাধ্যমসহ সংশ্লিষ্ট আইনের লোকদের সামনে লেগুনের মাছ ধ্বংস করার নির্দেশ দিয়েছেন, পয়ঃশোধনাগারের চারপাশে দেয়াল নির্মাণ করতে বলেছেন। এখন আদালতের সাত দফা নির্দেশ যেন পালিত হয়। পাশাপাশি রাজধানীতে ওয়াসার অধীনে থাকা আরও যেসব অস্বাস্থ্যকর জলাশয়ে মাছ চাষ ও ধরা হয়, সেসবের ব্যাপারেও অনুরূপ পদক্ষেপ নিতে হবে ওয়াসাকে। যে প্রভাবশালীদের সুবিধা দিতে এসব জলাশয়ে বাণিজ্যিক কারবার চলে, তাদেরও বিভাগীয় শাস্তি দিতে হবে। গণমাধ্যম ও পরিবেশ রক্ষা কর্মীদের এ বিষয়ে সজাগ ও সক্রিয় থাকতে হবে।
কসমোপলিটন নগরে জনস্বাস্থ্য কেবল স্বাস্থ্য বিভাগের কাজ নয়। বরং যার যার ক্ষেত্রে পাবলিক প্রতিষ্ঠানের কাজ হলো যাতে এহেন ক্ষতিকর ও গর্হিত কর্মকাণ্ড না হয়, তার নজরদারি ও তদারকি।