মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য সবার আগে প্রয়োজন বিশুদ্ধ খাওয়ার পানি। কিন্তু এই বিশুদ্ধ পানি পাচ্ছেন না পুরান ঢাকার বাসিন্দারা। শাঁখারীবাজার, পানিটোলা, রাজার দেউড়িসহ আশপাশের এলাকায় ওয়াসার সরবরাহ করা
ময়লা ও দুর্গন্ধময় পানি আসছে। এমন পানি পান করে এসব এলাকার লোকজন নানা অসুখে ভুগছে। ফলে লোকজন বাধ্য হয়ে ওয়াসার কল থেকে পানি সংগ্রহ করছে। পানি সংগ্রহের জন্য কলসি, গ্যালন, জার হাতে লোকজনকে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। অনেকে আবার পানির সমস্যা মেটাতে চাপকল বসিয়েছে।
সম্প্রতি এসব এলাকার বাসিন্দাদের জন্য রাজার দেউড়িতে নতুন পানির পাম্প বসানো হয়। কিন্তু পানি সরবরাহের পাইপগুলো অনেক পুরোনো। সেই পাইপে আসে বুড়িগঙ্গার শোধন-অনুপযোগী পানি। বুড়িগঙ্গা নদীর পানি এতটাই নোংরা ও দূষিত হয়ে পড়েছে যে চাঁদনীঘাট শোধনাগার তা শোধন করতে পারছে না। ফলে পানিতে ময়লা ও দুর্গন্ধ থেকেই যাচ্ছে। বিশুদ্ধ পানি না পেলেও বাসিন্দাদের ঠিকই পানির বিল পরিশোধ করতে হয়।
ষাটের দশকের পর এ অঞ্চলের পানির পাইপগুলো পরিবর্তন করা হয়নি। একে তো পুরোনো পাইপ অন্যদিকে অবৈধ সংযোগ, ফলে অনেক স্থানেই পাইপ ফেটে গেছে। এতে পাইপে ময়লা ঢুকে পড়ছে। এ সমস্যা সমাধানে তেমন কোনো উদ্যোগও নেই। পুরান ঢাকার পানির এ সমস্যা সমাধানে ওয়াসাকে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। পুরোনো পাইপ বদলে নতুন পাইপ বসাতে হবে।
এ ছাড়া সরকারকে নদীর পানি দূষণ রোধে উদ্যোগ নিতে হবে। বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর তীরে বিভিন্ন ডাইং ও গার্মেন্টস কারখানা গড়ে উঠেছে। এসব কারখানার বর্জ্য দুই নদীতে গিয়ে মিশছে। এ ছাড়া সাধারণ মানুষও বেশির ভাগ ক্ষেত্রে নদীতে ময়লা-আবর্জনা ফেলছে। সরকারকে নদীর তীরে কলকারখানা নির্মাণ বন্ধে এবং লোকজনকে সচেতন করার ব্যাপারে উদ্যোগ নিতে হবে।