ঢাকা ওয়াসা চার মাস আগে পানির দাম এক দফা বাড়িয়েছে, এখন আবার বাড়াল। আগেরবার বাড়িয়েছিল আবাসিক ও বাণিজ্যিক উভয় খাতে ৫ শতাংশ, আর এবার বাড়াল আবাসিক খাতে ১৭ শতাংশ, বাণিজ্যিক খাতে ১৩ শতাংশ। কিন্তু বছরে একবারের বেশি এবং একবারে ৫ শতাংশের বেশি দাম বাড়ানোর চল নেই। এতকাল গ্রাহকদের জানা ছিল যে পানির দাম বছরে একবার ৫ শতাংশ বাড়বে; সেটা হিসাবে নিয়েই তাঁরা নিজ নিজ সংসার ও শিল্প-ব্যবসাপ্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা করতেন।
কিন্তু এ বছর চার মাসের মাথাতেই যে পানির দাম আবার বাড়ানো হবে, এবং এবার বাড়ানো হবে আবাসিক খাতে তিন গুণের বেশি আর বাণিজ্যিক খাতে দ্বিগুণের বেশি—ঢাকা ওয়াসার এই জবরদস্তিমূলক সিদ্ধান্তের কোনো পূর্বাভাস গ্রাহকের জানা ছিল না। তাই তাঁদের কাছে এটা এক অপ্রত্যাশিত ও আকস্মিক দুঃসংবাদ।
উচ্চ হারে দাম বাড়ানোর যুক্তি হিসেবে ওয়াসার পক্ষ থেকে বলা হয়েছে, পানির উৎপাদন খরচ বেশি, ওয়াসার লোকসান হচ্ছে; লোকসান কমানোর উদ্দেশ্যেই পানির দাম বাড়ানো হয়েছে। এ বিষয়ে ভোক্তাস্বার্থ সংরক্ষণ সমিতি ক্যাব–এর সভাপতি এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক চেয়ারম্যান গোলাম রহমানের বক্তব্য মনোযোগ দাবি করে: ওয়াসার সিস্টেম লস কমানো গেলে পানির দাম বাড়ানোর প্রয়োজন হয় না। আমরা ওয়াসার বিপুল অপচয়, অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতির অভিযোগের কথাও উল্লেখ করতে চাই। সেই সঙ্গে ওয়াসা কর্তৃপক্ষকে লক্ষ করতে বলি, দফায় দফায় দাম বাড়িয়ে গ্রাহকের ঘরে যে পানি সরবরাহ করা হচ্ছে, তার গুণমান কী। কী মানের পানির বিনিময়ে ওয়াসা গ্রাহকের কাছ থেকে দফায় দফায় বাড়তি হারে টাকা নিচ্ছে?
ঢাকা ওয়াসার পানি মানুষের স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক মাত্রায় দূষণযুক্ত। বিশুদ্ধ না করলে এই পানি পানযোগ্য হয় না। এ পানিতে কাদা-ময়লা, কীট-কেঁচোও খুব দুষ্প্রাপ্য নয়। এমনকি কোনো কোনো এলাকার গ্রাহকেরা এ পানিতে মনুষ্য বর্জ্যও আবিষ্কার করেন। সুতরাং, দফায় দফায় পানির দাম উচ্চ হারে বাড়ানোর আগে ওয়াসা কর্তৃপক্ষের উচিত নিজেকে প্রশ্ন করা: কী মানের পানি আমরা গ্রাহককে দিচ্ছি। ওয়াসা পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় একতরফাভাবে। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর আগে গণশুনানির ব্যবস্থা আছে, কিন্তু ওয়াসার তেমন কোনো ব্যবস্থা রাখা হয়নি। অবশ্যই ওয়াসার পানির দাম বাড়ানোর আগে গণশুনানির ব্যবস্থা করা উচিত।
সর্বশেষ মূল্যবৃদ্ধি অযৌক্তিক ও জবরদস্তিমূলক। এ সিদ্ধান্ত প্রত্যাহার করুন।