ওয়াসার পানির মূল্যবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাম বাড়ানোর যুক্তি হিসেবে ওয়াসার পক্ষ থেকে বলা হয়েছে, পানির উৎপাদন খরচ ও পরিচালনা ব্যয় বেড়ে যাওয়াতেই পানির দাম বাড়ানো হয়েছে। এ বিষয়ে ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমানের বক্তব্য মনোযোগ দাবি করে। তিনি বলেছেন, ওয়াসার অব্যবস্থাপনা ও দুর্নীতি কমানো গেলে পানির দাম বাড়ানোর প্রয়োজন হয় না। তাই ওয়াসা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা ও দুর্নীতি দূর করার দিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি হয়ে পড়েছে। সেই সঙ্গে ওয়াসা কর্তৃপক্ষকে লক্ষ করতে হবে যে দফায় দফায় দাম বাড়িয়ে গ্রাহকের ঘরে যে পানি সরবরাহ করা হচ্ছে তার গুণমান কী? কী মানের পানির বিনিময়ে ওয়াসা গ্রাহকের কাছ থেকে বাড়তি হারে টাকা নিচ্ছে?

ঢাকা ওয়াসার পানি বিপজ্জনক মাত্রায় দূষণযুক্ত, যা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ফুটিয়ে বা অন্য উপায়ে বিশুদ্ধ না করলে এই পানি পানযোগ্য হয় না। ওয়াসার পানিতে কাদা-ময়লা, শেওলা তো থাকেই, মাঝে মাঝে কীট-কেঁচোরও দেখা মেলে। সুতরাং পানির দাম বাড়ানোর আগে ওয়াসা কর্তৃপক্ষের উচিত নিজেকে প্রশ্ন করা: কী মানের পানি আমরা গ্রাহককে দিচ্ছি।

ওয়াসা পানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় একতরফাভাবে। এ ক্ষেত্রে গ্রাহকদের কোনো মতামত নেওয়া হয় না। অথচ ভোক্তা অধিকার আইন অনুসারে, পানির দাম বাড়াতে হলে ওয়াসার অবশ্যই ভোক্তাদের মতামত নেওয়া উচিত। গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর আগে গণশুনানির ব্যবস্থা আছে, কিন্তু ওয়াসার তেমন কোনো ব্যবস্থা রাখা হয়নি। ওয়াসার পরিচালনা বোর্ড তাদের ক্ষমতা ব্যবহার করে পানির দাম বাড়ায়। অবশ্যই ওয়াসার পানির দাম বাড়ানোর আগে গণশুনানির ব্যবস্থা করা উচিত। এভাবে পানির দাম বাড়ানো মেনে নেওয়া যায় না। এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক।