বারো হাত কাঁকুড়ের যেমন তেরো হাত বিচি, ওয়াসার কর্মচারীদের বেতনের চেয়ে ওভারটাইমের মজুরি তেমনই বেশি। সোমবারে প্রকাশিত প্রথম আলোর অনুসন্ধানে দেখা গেছে, গত অর্থবছরে ঢাকা ওয়াসার কর্মচারীদের মূল বেতন ছিল প্রায় ২৭ কোটি টাকা। আর তাঁরা এ সময়ে ওভারটাইমই নিয়েছেন প্রায় ৫৬ কোটি টাকা! গত অর্থবছরজুড়ে এই অনিয়মই চালিয়ে যাওয়া হয়েছে। অথচ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ-সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল না থেকেই প্রতিষ্ঠান পরিচালনা করে যাচ্ছেন!
ঢাকা ওয়াসার সেবা নিয়ে অভিযোগের শেষ নেই। এখন দেখা যাচ্ছে, সেবার অদক্ষতার সঙ্গী হয়েছে আর্থিক অনিয়ম। ঢাকা ওয়াসায় শুধু কর্মচারীরাই ওভারটাইম পান, কর্মকর্তারা এ হিসাবের বাইরে। ২০১৫ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ওয়াসার প্রায় সাড়ে তিন হাজার কর্মচারীর ২৭ কোটি টাকা বেতনের বিপরীতে ওভারটাইমের পারিশ্রমিক দেখানো হয় প্রায় ৫৬ কোটি টাকা। ঘটনাটা গর্হিত। কারণ ওভারটাইম কখনো মূল বেতনের বেশি হতে পারবে না; এটাই নিয়ম। কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমোদন ছাড়া কীভাবে এটা সম্ভব হলো?
সরকারি সেবা প্রতিষ্ঠানের কর্মচারীদের নামে শক্তিশালী ইউনিয়ন বা সমিতি সক্রিয় থাকে। সাধারণত এসব ইউনিয়ন ও সমিতির নেতারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের মদদ পেয়ে বিপুল ক্ষমতাধর হয়ে ওঠেন। তাঁদের চাপ-তাপ উপেক্ষা করা প্রতিষ্ঠানের পরিচালকদের পক্ষেও কঠিন হয়। প্রতিষ্ঠান পরিচালনায় কর্মচারী ইউনিয়নের অসাধু প্রভাব দূর করে অভ্যন্তরীণ সুশাসন প্রতিষ্ঠা করা না গেলে এসব অনিয়ম বিভিন্ন উপায়ে চলতেই থাকবে।
বোঝা যায়, ওভারটাইমের কর্মঘণ্টা বাড়িয়ে এই বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে। দুর্নীতি বা সুবিধাভোগী গোষ্ঠীর সঙ্গে কর্তৃপক্ষের যোগসাজশ ছাড়া তা কী করে হয়? ওভারটাইম নামক সুবিধা আদায়ের পথ বন্ধ করতে দ্রুত পদক্ষেপ দরকার। আমরা আশা করব, ওয়াসার মতো সরকারি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দুর্নীতির বিষয়ে দুদক নিরপেক্ষ তদন্ত পরিচালনা করবে।