ওয়েলডান আব্বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্যাম বেনেগালের নতুন ছবি ওয়েলডান আব্বা দেখেছেন? যাঁরা দেখেননি, তাঁদের জন্য মোদ্দা গল্পটা বলছি। মুম্বাইয়ের এক চালক আরমান আলি হায়দরাবাদে নিজের গ্রামের বাড়িতে এসে শুনলেন, কূপ খননের জন্য সরকার স্বল্পসুদে ঋণের ব্যবস্থা করেছে। চমৎকার সুযোগ। আরমান ঠিক করলেন, তিনি কূপ খনন করবেন। তাতে সুপেয় জল মিলবে, সেচের কাজেও সাহায্য হবে। কিন্তু বরাদ্দ করা টাকা আনতে গিয়ে দেখেন, সবাই বখরা চায়। সরকারি ইঞ্জিনিয়ার থেকে গ্রামের তহশিলদার, সবাইকে যার যার বখরা মেটানোর পর দেখা গেল আরমান আলির হাতে প্রায় কিছুই নেই। এখন কূপ খনন হবে কীভাবে? ইঞ্জিনিয়ার থেকে তহশিলদার, সবাই জানিয়ে দিল ভাবনার কিছু নেই। তারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছে, কূপ যথারীতি খনন হয়েছে। সরেজমিনে পরিদর্শন করে, পুরো মাপজোক নিয়ে, ছবি তুলে, তবেই তারা সার্টিফিকেট দিয়ে দিল। সার্টিফিকেট তো পাওয়া গেল, কিন্তু কূপ কোথায়? আরমান আলি তখন থানায় গেলেন মামলা ঠুকতে। তাঁর অভিযোগ, যে কূপ তিনি খনন করছেন—যার প্রমাণ কাগজে-কলমে তাঁর কাছে রয়েছে, তা চুরি হয়ে গেছে। তাঁর দাবি, হারানো সেই কূপ ফেরত দেওয়া হোক।গল্পটা ভারতের, কিন্তু এমন কাণ্ড বাংলাদেশে সম্ভবত প্রতিদিনই ঘটছে। সম্প্রতি প্রথম আলো টেস্ট রিলিফ ও কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির বিভিন্ন প্রকল্প সরেজমিনে তদন্ত করে জানিয়েছে, কাগজে-কলমে প্রকল্প থাকলে কী হবে, বাস্তবে নেই। টাকা-পয়সা যে যাঁর ঘরে তুলে নিয়েছেন, কাজের কাজ কিছুই হয়নি। তথ্যাভিজ্ঞ মহলের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, বাংলাদেশে সামাজিক নিরাপত্তার খাতে প্রায় ১২ হাজার কোটি টাকার বরাদ্দ রয়েছে, কিন্তু সেই টাকার সিংহ ভাগ কর্তাব্যক্তিরা যে যাঁর মতো হজম করে ফেলেন। ফলে সামাজিক নিরাপত্তা অর্জিত না হলেও কর্তাব্যক্তিদের যাঁর যাঁর নিজস্ব নিরাপত্তা বেশ ভালোভাবেই অর্জিত হচ্ছে, প্রতিবেদন পড়ে সে কথাই মনে হলো।এ খবরে অবশ্য নতুন কিছু নেই, বিস্মিত হওয়ারও কোনো কারণ নেই। অনন্তকাল ধরেই বোধ হয় এই কাণ্ড চলে আসছে। আমাদের দেশে সরকার বদলায়, কিন্তু সরকারি নিয়ম বদলায় না। নেতা বদলায়, কিন্তু নেতাদের ব্যবহার বদলায় না। আমরা কেউ কেউ সেই সব নেতার ছাতার নিচে জায়গা করে নিই, তাঁদের হাত গলিয়ে দু-চার পয়সা আমাদেরও পকেটস্থ হয়। ফলে প্রতিবাদ করার কোনো কারণ দেখি না। যাদের ভাগ্যে কিছুই জোটে না, তারা সাধারণত দেশের সবচেয়ে অভাগা। পকেটে পয়সা নেই, মামার জোর নেই, এমনকি চেঁচিয়ে লোক জড়ো করবে, প্রতিবাদ জানাবে, সে সাহসটুকুও নেই।তার মানে কি এই সমাজে কিছুই বদলায় না, কিছুই বদলাবে না? গাছের আগায় যারা বসে, তারা চিরকাল সেখানে মিষ্টি ফলটি সবার আগে তুলে নিয়ে বাকি সবার জন্য ছোবড়াটুকু ফেলে রাখবে?এই প্রশ্নের একটা জবাব মিলেছে আরব বিশ্ব থেকে। কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্য থেকে উত্তর আফ্রিকা পর্যন্ত আরব দেশগুলোয় পরিবর্তনের গরম হাওয়া বইছে। কেউ একে বলেছেন আরব বসন্ত, কেউবা বলেছেন আরব পুনর্জাগরণ। যে একনায়কেরা ধরে নিয়েছিলেন তাঁদের পারিবারিক রাজত্বে আঁচড়টুকুও লাগবে না, তাঁদের কেউ কেউ এখন জেলে, কেউ বা দেশ ছেড়ে পালিয়েছেন, ধরাধাম ত্যাগে বাধ্য হয়েছেন, এখনো এক-আধজন রয়েছেন। একদম হঠাৎ করে যেন এক দমকা হাওয়া এসে সব লন্ডভন্ড করে দিয়ে গেল! এই পরিবর্তনের অগ্রভাগে রয়েছেন ৩০ হয়নি এমন নারী ও পুরুষ। একসময় বলা হতো নিজের শৃঙ্খলা ছাড়া শ্রমিকের হারানোর কিছু নেই। এইসব যুবক—যুবতী, যাদের সামনে ভবিষ্যত ঘন আঁধারে আবৃত, তাদেরও দুর্ভোগের শৃঙ্খল ছাড়া হারানোর খুব বেশি কিছু নেই। এরা অধিকাংশই শিক্ষিত, অথচ নিজের শিক্ষাকে কাজে লাগাবে, সে সুযোগ নেই। গলা উঁচিয়ে কথা বলবে, দাবি জানাবে, সে ক্ষমতাটুকুও ছিল না। তারাই রাস্তায় নেমে এসেছে, পুলিশের মুখোমুখি হয়েছে, খালি হাতে সরকারি দলের গুণ্ডাদের দাবড়ানি ঠেকিয়েছে। সবাই এক হয়েছিল বলেই এমন আশ্চর্য ঘটনা ঘটতে দেখলাম। অবশ্য যে পরিবর্তন এখন পর্যন্ত হয়েছে, তার ফলে এসব দেশে একেবারে রাতারাতি সব বদলে গেছে, মোটেই তা নয়। এত দিন যাঁরা ক্ষমতা আঁকড়ে ছিলেন, তাঁরা এককথায় জায়গা ছেড়ে দেবেন কেন? মুখে মুখে পরিবর্তন মেনে নিলেও তলে তলে তাঁরা ঠিকই চেষ্টায় আছেন যেভাবে সম্ভব পরিবর্তন ঠেকাতে। দেশি মাতব্বরদের পেছনে ছত্রধারী বিদেশি পান্ডারাও আছেন। এত দিন দূরে বসে সুতোয় টান দিয়ে পুতুল খেলা খেলেছেন, এখন এত সহজে সে খেলা বাদ দেবেন কেন? অতএব লড়াই এখনো চলছে, আরও চলবে। আরব বিশ্বের এই লড়াই, তা থেকে একটা জিনিস আমরা নতুন করে শিখলাম। দেশের মানুষ যদি পুরোনো ব্যবস্থা মানতে রাজি না হয়, আর দেশের রাজা ও তাঁর গোমস্তারা মিলে পুরোনো ব্যবস্থায় দেশ চালাতে ব্যর্থ হন, তাহলে পরিবর্তন আসবেই। কিন্তু সে পরিবর্তন টিকিয়ে রাখতে হলে, তাকে সাধারণ মানুষের স্বার্থরক্ষায় কাজে লাগাতে হলে দেশের মানুষকে জেগে থাকতে হবে। রাস্তার দখল ছাড়লে চলবে না। মিসরে এখন এই রাস্তার দখল নিয়েই লড়াই চলছে।আমাদের দেশেও তো আমরা পরিবর্তন চাই। পরিবর্তনের চেয়ে রাস্তায় আমরাও তো নেমেছি। কিন্তু কই, পরিবর্তন তো আসে না। আগের মতোই তো পুকুরচুরি, কুয়োচুরি চলছে। তাহলে? বস্তুতপক্ষে, বৈপ্লবিক পরিবর্তন বলতে যা বোঝায়, আমাদের দেশে তা কখনোই আসেনি। পাঁচ বছর অন্তর অন্তর আমরা এক সরকারকে কান ধরে ক্ষমতা থেকে নামিয়ে অন্য সরকার নির্বাচন করেছি। নির্বাচনী রাজনীতির খেলায় আমরা সরকার বদল করেছি ঠিকই, কিন্তু চুরি ঠেকাতে পারিনি। কারণ, চোর ধরতে রাত জাগতে হয়, লাঠি-সড়কি হাতে সদা প্রস্তুত থাকতে হয়। সে কাজটি আমরা করিনি। আমরা খুব সহজেই সড়ক থেকে নেমে গেছি, ভরসা করেছি রাজনীতিকদের প্রতিশ্রুতিতে।পরিবর্তনের একটি প্রধান লক্ষ্য সমাজের বৃহত্তর অংশের অর্থনৈতিক অগ্রগতি। আমাদের মতো আধা-সামন্ততান্ত্রিক দেশে চিরকালই অল্প কিছু লোক আরাম কেদারায় বসে বিশ্রাম করেছে, অধিকাংশ মানুষ দেয়ালের বাইরে থেকে তাদের দেখে আক্ষেপ করেছে। একসময় এই আক্ষেপ পরিণত হয় ক্রোধে, সে ক্রোধের বিস্ফোরণ থেকে দেখা দেয় পরিবর্তনের সম্ভাবনা। সমস্যা হলো, এই পরিবর্তনের ফলে অর্থনৈতিক বৈষম্য দূর করে অধিকতর অর্থনৈতিক সমতা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে বলে যাদের ওপর ভরসা করে আমরা ক্ষমতায় বসাই, হালুয়া-রুটির ভাগাভাগিতে সবার আগে ঝাঁপিয়ে পড়েন তাঁরাই। গত ২০-২২ বছরে বাংলাদেশে পোশাকি গণতন্ত্রের প্রতিষ্ঠা হয়েছে বটে, কিন্তু অর্থনৈতিক সমতা বা সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা পায়নি। সম্প্রতি অক্সফাম বিশ্বের বিভিন্ন দেশে মানুষে মানুষে বৈষম্য হ্রাস ও বৃদ্ধির ওপর একটি প্রামাণিক প্রতিবেদন প্রকাশ করেছে। ‘লেফট বিহাইন্ড বাই জি-২০’ নামের এই প্রতিবেদনের মোদ্দা বক্তব্য, পৃথিবীজুড়ে প্রায় সবখানেই অভ্যন্তরীণ বৈষম্য বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের সবচেয়ে ধনী ২০ দেশের ১৪টির মধ্যে গরিবি বেড়েছে, ধনী-দরিদ্রের বৈষম্য বেড়েছে। স্বল্পোন্নত দেশগুলোর অবস্থাও খুব ভিন্ন নয়। ১৯৯০ থেকে ২০১০ এর মধ্যে স্বল্পোন্নত যে সব দেশে বৈষম্য বৃদ্ধি পেয়েছে, বাংলাদেশ এর মধ্যে অন্যতম। এখানে মুদ্রিত তালিকাটি লক্ষ করুন। বৈষম্য সবচেয়ে বেড়েছে এমন দেশের তালিকায় এক নম্বরে নেপাল, তার ঠিক পরেই বাংলাদেশ।সাম্প্রতিক সময়ে শিল্পোন্নত দেশগুলোয় অব্যাহত অর্থনৈতিক বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জোরদার হয়েছে। কোথাও কোথাও এই প্রতিবাদ রীতিমতো সহিংস আকার নিয়েছে। আমেরিকার একটি শহরে পুলিশের লাঠির আঘাতে ও রাবার বুলেটে মারাত্মক আহত হয়েছে বেশ কিছু মানুষ। ইউরোপের কোনো কোনো দেশে, যেমন ইংল্যান্ড ও গ্রিসে ক্ষুব্ধ মানুষের সঙ্গে পুলিশের হাতাহাতি, লড়াই হয়েছে। এখনো স্পষ্ট নয় এই রাজনৈতিক বিক্ষোভ শেষ পর্যন্ত কী আকার নেবে, তবে আগামী নির্বাচনে এর প্রভাব পড়বে, তাতে কোনো সন্দেহ নেই।আমাদের দেশেও নির্বাচনী হাওয়া বইছে। পরিবর্তন চাই, এমন একটা আওয়াজও কানে আসছে। একাধিক স্থানীয় নির্বাচনে সে আওয়াজের ফলও হাতেনাতে পাওয়া গেছে। কিন্তু পরিবর্তন মানে কি শুধু চেয়ারে বসা মানুষগুলো বদলানো? গত ২০-২২ বছরের অভিজ্ঞতা থেকে জেনেছি, নতুন বোতলে পুরোনো মদ ঢাললে আসলে কিছুই বদলায় না। সে জন্য চাই পরিবর্তনের পক্ষে সুনির্দিষ্ট কর্মসূচি এবং সেই কর্মসূচি পালনে বাধ্য করার জন্য নাগরিক সংহতি। এই সংহতি শুধু জাতীয় পর্যায়ে নয়, স্থানীয় পর্যায়েও গড়ে ওঠা দরকার। নাগরিক মোর্চা গঠনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তন আনা সম্ভব, সে কথার প্রমাণ বাংলাদেশের মানুষ রেখেছে। এখন দরকার সেই অভিজ্ঞতার পরিসর বৃদ্ধি, তাকে একটি রাজনৈতিক আন্দোলনে রূপান্তর। ১ ফেব্রুয়ারি ২০১২, নিউইয়র্কহাসান ফেরদৌস: প্রাবন্ধিক ও কলাম লেখক।